কেক কেটে হাসিমুখেই বিদায় দিলেন কোচকে। সেই হাসির আড়ালে হয়তো লুকিয়ে ছিল হারানোর বেদনা। অধিনায়ক হিসেবে কোচের সঙ্গে যে যোগাযোগটা অনেক বেশি ছিল তাঁর! তবে এই স্থবির সময়টাকে অাঁকড়ে না থেকে সামনে তাকাতে চান মুশফিকুর রহিম

l শেন জার্গেনসেন চলে যাচ্ছেন। নিশ্চয়ই খুব খারাপ লাগছে?
মুশফিকুর রহিম: তা তো অবশ্যই। খুব ভালো মানুষ উনি। অন্য বিদেশি কোচদের সঙ্গেও আমি কাজ করেছি। কিন্তু এত কাছ থেকে কাজ করার সুযোগ হয়নি কারও সঙ্গে। অধিনায়ক থাকায় জার্গেনসেনের সঙ্গে আমার যোগাযোগটা অনেক বেশি ছিল। অসাধারণ একটা মানুষ...অনেক মিস করব তাঁকে।
l কোচ হিসেবে কেমন ছিলেন জার্গেনসেন?
মুশফিক: আমার মনে হয় বাংলাদেশ দলের জন্য এ রকমই একজন মানুষ দরকার যিনি সবাইকে এক কাতারে দেখবেন এবং এক কাতারে বিচার করবেন। হয়তো বা আরও ভালো কোনো ভবিষ্যতের জন্যই উনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্য শুভকামনা।
l আপনি কি বাংলাদেশে থেকে যাওয়ার জন্য তাঁকে ব্যক্তিগতভাবে কোনো অনুরোধ করেছিলেন?
মুশফিক: অবশ্যই। কোচ ঢাকায় ফেরার পর পরই আমি কথা বলেছিলাম। তারপর উনিও আমাকে অনুরোধ করেছেন যে এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সিদ্ধান্তটা তাঁর পরিবারের পক্ষ থেকে এসেছে। এরপর তো আসলে আমার আর বলার কিছু থাকে না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখানেও হয়তো কোনো ভালো লেখা আছে। সেটা সময়ই বলে দেবে।
l ২০১৫ বিশ্বকাপ নিয়ে জার্গেনসেনের অনেক পরিকল্পনা ছিল। হুট করে কোচ চলে যাওয়ায় কোনো নেতিবাচক প্রভাব কি পড়তে পারে দলের ওপর?
মুশফিক: মনে হয় না সে রকম কিছু হবে। পরিকল্পনা তো অনেক কিছুই থাকে। আমাদেরও পরিকল্পনা ছিল। তবে জীবন কারও জন্যই থেমে থাকে না। যতটুকুই পরিকল্পনা আছে চেষ্টা করব সেগুলো নিয়ে এগোতে। নতুন যিনি আসবেন তাঁর সঙ্গে বসে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু গুছিয়ে নিতে হবে। আর আশা করছি আমরা যে জায়গায় আছি, সেটা যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে উঠতে পারব। জার্গেনসেনের হাত ধরে যতটুকু সাফল্য পেয়েছি সেটা যেন ধরে রাখতে পারি।
l নতুন কোচ কেমন হলে ভালো হয়?
মুশফিক: প্রত্যাশা থাকবে অবশ্যই যেন সব দিক দিয়ে ভালো হয়। কেমন কোচ এলেন সেটা অবশ্য আমাদের পরবর্তী পারফরম্যান্স দেখেই জানা যাবে। এমন কাউকে নতুন কোচ হিসেবে আনা দরকার যিনি আমাদের সংস্কৃতির সঙ্গে খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিতে পারবেন এবং আমাদের খেলোয়াড়দের তাড়াতাড়ি চিনতে পারেন। আমার মনে হয়, এটাই বেশি জরুরি।
l খুব হাইপ্রোফাইল কোচ কি চান?
মুশফিক: আমাদের দলের জন্য অনেক বেশি জরুরি একজন ভালো ‘মেন্টর’, যিনি কিনা দলকে ভালোভাবে উজ্জীবিত করতে পারবেন। কোচের ব্যক্তিত্ব সে রকম হলে ভালো হয়। আমার মনে হয়, এই পর্যায়ে এসে স্কিলের চেয়ে মানসিক শক্তিটাই বেশি জরুরি।