‘অনেক ম্যাচেই বলেছে, গেট রেডি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিম ইকবাল ঢাকায় পৌঁছেছেন গত পরশু। বিতর্কটাও সেদিন থেকেই। খোদ পুনে ওয়ারিয়র্সের মালিক সুব্রত রায় বললেন, ছুটি নিয়ে চলে না গেলে নাকি আইপিএলে দলের শেষ চার ম্যাচে খেলার সুযোগ পেতেন বাংলাদেশি ওপেনার! তামিম তাহলে কেন নিলেন না সুযোগটা? কাল সকালে হোটেলে গিয়ে সুব্রত রায়ের সঙ্গে দেখা করেছেন, তারপর দুপুরে মিরপুর স্টেডিয়ামে এসে সংবাদিকদের কাছে ব্যাখ্যা করেছেন নিজের অবস্থান পুনে ওয়ারিয়র্স থেকে ছুটি নেওয়া এবং এটা নিয়ে বিতর্ক—তামিম ইকবাল: একটা পত্রিকায় দেখলাম, আমার নাকি টুইটার অ্যাকাউন্ট আছে। অথচ আমার টুইটার-ফেসবুক কোনো অ্যাকাউন্টই নেই। গত ১২ মে আমি ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসি। আসার আগে ফ্র্যাঞ্চাইজির মালিক সুশান্ত রায়, মানে সুব্রত রায়ের ছেলের সঙ্গে আলোচনা করে তাদের অনুমতি নিয়েছি। দেশে এসে ক্রিকেট বোর্ডে ছুটির দরখাস্ত দিয়ে দেশের বাইরে যাই। পুনে ওয়ারিয়র্সের মালিক সুব্রত রায় বলেছেন, ছুটি না নিলে শেষ চারটি ম্যাচে খেলার সম্ভাবনা ছিল—তামিম: আমি আসলে দলের সঙ্গে ছিলাম না শুধু শেষ দুই ম্যাচে। সুব্রত রায় দলের সঙ্গে খুব বেশি সম্পৃক্ত নন। ওনার ছেলে সব দেখেন। সে কারণেই ভুল বোঝাবুঝিটা হয়ে থাকবে। তবে অনেক ম্যাচেই দল ঘোষণার আগে আমাকে বলা হয়েছে, ‘গেট রেডি।’ শেষ দুটি ম্যাচের আগেও বলেছে, খেলার সম্ভাবনা আছে। এরপর আমি আমার সমস্যার কথা বললে ওনারা বলেছেন, ‘এটাই বেশি গুরুত্বপূর্ণ। তুমি আগে এটার সমাধান করে নাও।’ ক্ষমা চাওয়া প্রসঙ্গে—তামিম: ছুটি নেওয়ার জন্য ক্ষমা চাইব কেন? আমি তো কোনো অপরাধ করিনি। আইপিএলে সুযোগ পেতে চার বছর অপেক্ষা করেছি। কিন্তু টিম কম্বিনেশন বা যেকোনো কারণেই হোক খেলিনি। শেষ দিকে ব্যক্তিগত কারণে চলে এলেও স্যরি কেন বলব! আমি শতভাগ নিশ্চিত উনিও (সুব্রত রায়) ঠিক এভাবে বোঝাতে চাননি। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক—তামিম: অনেকে আমার শৃঙ্খলা নিয়েও কথা বলছে। এটা একদমই বাজে কথা। সাহারা বা ফ্র্যাঞ্চাইজি থেকে কখনোই ও রকম কিছু বলা হয়নি। আমাদের সম্পর্ক খুবই ভালো। এসব কথা কোন জায়গা থেকে আসে কে জানে...আমি খুবই হতাশ। কেন সব সময় আমাকে বিতর্কের সঙ্গে জুড়ে দেওয়া হয়, বুঝি না। ঢাকায় সুব্রত রায়ের সঙ্গে সাক্ষাৎ—তামিম: আমি দেশে আসার পর ওনারা ফোন করে খোঁজ নিয়েছেন। দেখা করতে বলেছেন। আমি আজ (গতকাল) সকালে হোটেলে গিয়ে ওনার (সুব্রত রায়) সঙ্গে দেখা করেছি। তবে আমাদের মধ্যে এসব ব্যাপারে কোনো কথাই হয়নি। উনি জানতে চেয়েছেন, সবকিছু ঠিকঠাক আছে কি না। বলেছেন, প্রস্তুত হও। সামনে খেলতে হবে। স্বপ্নের আইপিএলে একটি ম্যাচও না খেলতে পারার হতাশা—তামিম: খুব ভালো ফর্ম নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো শুরু থেকে খেলব। কিন্তু সবচেয়ে বড় হলো দল। আমি খেলিনি, তার মানে এই না যে ওটা আমার দল নয়। দল যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আইপিএল থেকে প্রাপ্তি—তামিম: সবচেয়ে ভালো লেগেছে টিম মিটিংয়ে কথা বলতে পারা। বড় জায়গায় গিয়ে এভাবে কথা বলতে পারলে নেতৃত্বগুণটা আসবে। সাকিব করছে, আমি করেছি। ভবিষ্যতে অন্যরাও যাবে। ওরাও আমাদের ক্রিকেটকে এখন অন্যভাবে দেখে। সবাই সাকিবকে বলেছে, আমাকে খেলানো উচিত ছিল। ক্লার্কের সঙ্গে ভালো সময় কেটেছে। ওর মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের এই দলটার ভালো সুযোগ আছে। ক্লার্কের মতো খেলোয়াড় যদি এ কথা বলে, বুঝে নিতে হবে বাংলাদেশের ক্রিকেটে ভালো কিছু হচ্ছে। দলের সঙ্গে না ঘুরে হোটেলে বসে থাকা—তামিম: প্রথমবার দলের সঙ্গে না গেলে এরপর প্রতিবারই গেছি। হ্যাঁ, দলের অন্যরা বলত, ‘তোমার তো অভ্যাস নেই। কেমন লাগছে?’ কী বলব বলেন! আমি গেছি ব্যক্তি হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে। আমাকে দলের একজন হতে হবে। যদি বলি, আমাকে খেলাতে পারত, সেটা স্বার্থপরের মতো হবে। মাইকেল ক্লার্ক যখন বলত, ‘তোমার অবশ্যই খেলা উচিত’, তখন আর খারাপ লাগত না। সাকিব খেলছে কিন্তু নিজে খেলতে পারলেন না—তামিম: সাকিব সবগুলো ম্যাচ না খেলাতেই বরং আমার বেশি মন খারাপ হয়েছে। আমি খেলিনি, ও খেলছে সেটার জন্য না। যেভাবে সে খেলেছে, তার প্রতিটি ম্যাচেই খেলা উচিত ছিল। মজার ঘটনা—তামিম: শেষ দিন সবাই যার যার জার্সিতে অটোগ্রাফ নিচ্ছিল। আমি বললাম, আমি বরং প্র্যাকটিসের বিপেই অটোগ্রাফ নিয়ে নিই। এটা পরেই তো বেশির ভাগ সময় কাটালাম (হাসি)! আমার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল খেলতে পারলে ভালো অনুশীলন হতো কি না—তামিম: আমি অনেক ভাগ্যবান। ম্যাচ খেলতে না পারলেও যথেষ্ট প্র্যাকটিসের সুযোগ পেয়েছি। সামনে আমাদের যে খেলা আছে, বিশ্বকাপের প্রস্তুতির জন্য সেটা যথেষ্ট। জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড সবাই ভালো দল। কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন কবে?তামিম: ৩০ মে পর্যন্ত ছুটি আছে। দু-তিন দিনের জন্য বাসায় যাব। এরপর প্রিমিয়ার লিগ খেলব।