‘অনৈতিক কাজের পরিণাম শুভ নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর লর্ডস টেস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিন পাকিস্তানি ক্রিকেটার—সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের অকালমৃত্যু তো ঘটেছেই, এখন জুয়াড়িদের কাছ থেকে অবৈধভাবে টাকা গ্রহণের দায়ে হয়তো জেলও খাটতে হবে এ তিন ক্রিকেটারকে। প্রতিভাবান তিন খেলোয়াড়ের এ ধরনের পরিণতিতে দুঃখ প্রকাশ করেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। ক্রিকেট অঙ্গনকে দুর্নীতি ও এ ধরনের অবৈধ কার্যকলাপ থেকে পুরোপুরি মুক্ত রাখার আহ্বানও জানিয়েছেন তাঁরা।কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড এই স্পট ফিক্সিং কেলেঙ্কারির প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এ ধরনের দিন আমাকে দেখতে হবে, আমি কখনো ভাবিনি। ক্রিকেটে এ ধরনের ঘটনা ঘটছে, এটা আমার চিন্তারও বাইরে। ম্যাচ পাতানো বা স্পট ফিক্সিং ক্যানসারের মতো গোটা ক্রিকেট অঙ্গনকেই কুরে কুরে খাচ্ছে।’ সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন বলেছেন, ‘ক্রিকেটের জন্য এটা খুবই দুঃখজনক একটা দিন। তবে লন্ডন আদালতের এ রায়টা জরুরিও ছিল। আমার মনে হয়, এটা সব ক্রিকেটারই একটা সতর্কবার্তা হিসেবেই গ্রহণ করবে, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার পরিণাম ভালো হয় না।’বাটদের এ ঘটনাটাকে অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছে আইসিসিও। গতকাল এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থাটি বলেছে, ‘আমরা সব সময়ই বলেছি যে ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে সম্ভাব্য সব পদক্ষেপই নেওয়া হবে। এ ক্ষেত্রেও আমরা তাই করেছিলাম।’ গত বছরই স্পট ফিক্সিংয়ে অভিযুক্ত হওয়ার পরপরই তাদের ওপর বিভিন্ন মেয়াদের নিষেধাজ্ঞা আরোপ করেছিল আইসিসি। বিবিসি অনলাইন।