‘অন্ধ অনুকরণ’ না করতে পিসিবিকে পরামর্শ
ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘অন্ধ অনুকরণ’ না করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শ দিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সাবেক প্রধান এহসান মানি।এহসান মানি পাকিস্তানি। এ কারণেই তিনি চান ভারতীয় বোর্ডের সামনে নিজেদের দৃঢ় অবস্থান তুলে ধরুক পিসিবি। মুখ বুজে ভারতীয়দের সিদ্ধান্ত মেনে নেওয়ার বদলে জোরালো যুক্তিতর্ক দিক।‘এটা দেখতে খারাপ লাগে যে ভারতীয় বোর্ড একক সিদ্ধান্ত নেয়। ওদের কার্যনির্বাহী কমিটি আলোচনা করে এবং বোর্ড পিসিবির সঙ্গে আলোচনা ছাড়াই যেকোনো সিদ্ধান্ত নেয়। পিসিবি সেই সিদ্ধান্ত অন্ধভাবে অনুকরণ করে। ‘হ্যা’-সূচক কথাবার্তা বলে নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন পিসিবির কর্মকর্তারা।’ পাকিস্তানি দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে বলেছেন মানি। মানির এই বক্তব্যের কারণ ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার সময় পিসিবির দুর্বল অবস্থান। পিসিবির কর্মকর্তাদের কথায় মনে হচ্ছে, ভারতের সঙ্গে খেলতে পারাটাই যেন অনেক বড় পাওয়া তাঁদের।২০০৭ সালে সর্বশেষ ভারত সফর করে পাকিস্তান। পরের বছর পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে ওই সফর বাতিল করে ভারত। এর পর থেকে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় সিরিজে অংশ নেয়নি ভারতীয় দল। পাকিস্তান অবশ্য সব সময়ই সিরিজে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে এসেছে, তবে পাকিস্তানিদের সঙ্গে খেলতে আপত্তি ছিল ভারতের। এ মাসে নিজেদের অবস্থান পাল্টায় ভারতীয় বোর্ড। ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে আমন্ত্রণ জানায় পাকিস্তানকে। সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছে পিসিবি। কিন্তু পিসিবির শত অনুরোধের পরও ভারতীয় বোর্ড আগের অবস্থানেই অনড়, পাকিস্তান সফর করবে না তারা।মানির আপত্তির কারণ এটি। অবশ্য আরেকটা কারণ আছে। দ্বিপক্ষীয় সিরিজ ফিরে আসা অবশ্যই দুই দেশের ক্রিকেটের জন্য সুখবর। কিন্তু এ সিরিজ থেকে কোনো অর্থই পাবে না পিসিবি! অথচ ভারতীয় বোর্ড সংক্ষিপ্ত এই সিরিজ থেকে আয় করবে লাখ লাখ ডলার। অবশ্য পিসিবি অর্থ পাবে কীভাবে, লভ্যাংশের দাবিটাই যে জোরালোভাবে তুলতে পারেননি পিসিবির কর্মকর্তারা! সূত্র: জি নিউজ।