আইন তাঁকে অন্ধই বলবে। লিগ্যালি ব্লাইন্ড। কিন্তু দেখার জন্য শুধু চোখ নয়, মনও লাগে। মনের চোখ দিয়েই তো আসলে মানুষ দেখে স্বপ্ন। ক্ষীণ দৃষ্টির অধিকারী ইম ডং-হিউনের মনের দৃষ্টি খুব প্রখর। সেই চোখে বড় স্বপ্ন দেখেন বলেই বড় কিছু করে দেখানোর সাহস আছে দক্ষিণ কোরিয়ার এই তিরন্দাজের। কাল আর্চারির বাছাই পর্বেই ব্যক্তিগত ইভেন্টে প্রথমে বিশ্ব রেকর্ড গড়েছেন ইম। এবারের লন্ডন অলিম্পিকে এটাই প্রথম বিশ্ব রেকর্ড। আর সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে পরে দলগত ইভেন্টেও ভেঙেছেন বিশ্ব রেকর্ড!২৬ বছর বয়সী এই তরুণের বাঁ চোখের দৃষ্টিশক্তি ২০/২০০। এর মানে স্বাভাবিক দৃষ্টিশক্তির (২০/২০) অধিকারীরা যেটা দেখে, সেই একই জিনিস দেখতে তাঁকে দশ গুণ কাছের দূরত্বে দাঁড়াতে হয়। তাঁর ডান চোখের অবস্থাও ভালো নয়। দৃষ্টিশক্তি ২০/১০০। চশমা বা কনট্যাক্ট লেন্স কিছুই ব্যবহার না করেই তিনি অব্যর্থ নিশানা ভেদ করেন। দৃষ্টি-বাধা তাঁর কাছে কোনো বাধাই নয়। তা যে নয়, সেটি বলে দিচ্ছে তাঁর রেকর্ড। এই ইভেন্টে আগের বিশ্ব রেকর্ডটিও ছিল তাঁরই। গত মে মাসে গড়া ৬৯৬ পয়েন্টের সেই রেকর্ড ভেঙে কাল তিনি পেয়েছেন ৬৯৯ পয়েন্ট।৭০ মিটার দূর থেকে তির ছুড়তে হয় তিরন্দাজদের। মোট ৭২টি তির। টার্গেটের গোল বোর্ডটার একেবারে কেন্দ্রে সোনালি বৃত্তটিতে লাগাতে পারলে ১০ পয়েন্ট। এর মানে একজন তিরন্দাজের পক্ষে সর্বোচ্চ ৭২০ পয়েন্ট পাওয়া সম্ভব। সেখানে ইমের পয়েন্ট এক কম সাত শ। সত্যিই অবিশ্বাস্য! দলগত ইভেন্টেও ২ হাজার ৮৭ পয়েন্ট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন তাঁরা। আর্চারিতে দক্ষিণ কোরিয়া দলগত ইভেন্টে দুর্দান্ত। গত তিন অলিম্পিকেই সোনা জিতেছে। এর মধ্যে গত দুটো দলেই ছিলেন ইম। কিন্তু ব্যক্তিগত ইভেন্টে এখনো সোনা জিততে পারেনি কেউ। শুরুতেই ইম যেভাবে কাঁপিয়ে দিলেন, কে জানে, সেই অপেক্ষা এবারই ঘুচবে কি না!ক্রিকেট-তীর্থ লর্ডসে দাঁড়িয়ে বিশ্ব রেকর্ড করার পরও নিজেকে শান্ত রাখা ইম কিন্তু বলছেন, ‘মাত্রই প্রথম রাউন্ড গেল। এখনই এ নিয়ে খুব বেশি উত্তেজনা দেখাচ্ছি না। আসলে বিশ্ব রেকর্ড তো আর বলে-কয়ে হয় না। তবে বিশ্ব রেকর্ডটা আমার জন্য অপ্রত্যাশিত বা বিস্ময়কর নয়।’ নিজেকে শান্ত রাখার কারণ আছে। আসল লড়াই তো বাকি আছে এখনো।অলিম্পিক শুরুর আগে টেলিগ্রাফকে ইম বুঝিয়ে বলেছিলেন তাঁর দৃষ্টিহীনতা কীভাবে সাহায্য করে তিরন্দাজিতে। দূর থেকে দাঁড়িয়ে তিনি নাকি শুধু রঙের কিছু ঢেউ দেখেন। সেই ঢেউগুলোতেই তির বেধান। ষষ্ঠ ইন্দ্রিয় সাহায্য করে। তিনি উপলব্ধি করতে পারেন নিশানা ঠিক হয়েছে কি হয়নি। সত্যিই তো, চোখ দিয়েই শুধু দেখতে হবে কেন। দেখা তো যায় হূদয় দিয়েও! এএফপি, রয়টার্স।