‘অন্য কোনো উদ্দেশ্য ছিল না’
এমনিতে তাদের পরিচয় মচমচে সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকা। কিন্তু গোপন অভিযান চালিয়ে দুনিয়া কাঁপানো খবর বের করাতে খুব ওস্তাদ নিউজ অব দ্য ওয়ার্ল্ড। প্রিন্স হ্যারির অপরিণত বয়সে মদ্যপান, ডেভিড বেকহামের বিবাহবহির্ভূত সম্পর্ক, রোমান ক্যাথলিক বিশপের কেলেঙ্কারি, মাইকেল ফেল্পেসর গাঁজা টানা থেকে শুরু করে সর্বশেষ তারা দুনিয়া কাঁপিয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের ‘স্পট ফিক্সিং’ কেলেঙ্কারি ফাঁস করে।বেশির ভাগ লোকই নিউজ অব দ্য ওয়ার্ল্ডকে এসব কাণ্ডে বাহবা দিলেও নিন্দা করার লোকও আছে। পাকিস্তানি এক সংবাদমাধ্যমই যেমন বলেছে, পত্রিকাটি সাম্প্রতিক কাজটা করেছে পাকিস্তানকে হেয় করার জন্য।পাকিস্তানি জিয়ো নিউজ চ্যানেলের সঙ্গে সাক্ষাত্কারে এই দাবি পরিষ্কার উড়িয়ে দিলেন নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর ক্রীড়া সম্পাদক পল ম্যাকার্থি। তিনি বলছেন, ‘এবার পাকিস্তান দল এবং জড়িত তিন খেলোয়াড় আমির, আসিফ ও সালমান বাটকে কেন্দ্র করে খবরটা হলেও এতে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’অন্য সবাইকে ছেড়ে পাকিস্তানকেই কেন এই অনুসন্ধানী প্রতিবেদনের বিষয় বানালেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ম্যাকার্থি, ‘আমাদের সন্দেহ জেগেছিল সেই বছরের শুরুর দিকে, যখন পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টটা (সিডনি টেস্ট) খেলল, যেটা নিয়ে আইসিসির একটা তদন্তও হয়েছে। এরপর পাকিস্তান যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট ও ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্ট খেলতে ইংল্যান্ডে এল, আমাদের কাজটাও সোজা হয়ে গেল।’শুধু নিজেদের মতো একটা প্রতিবেদন করে কাজটার শেষ ভাবেননি ম্যাকার্থি ও তাঁর উদ্যমী সঙ্গীরা। তাঁদের সংগৃহীত তথ্যপ্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছেন। ব্রিটিশ পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজটা করা হয়েছে—এই ধারণাও উড়িয়ে দিয়েছেন ম্যাকার্থি। ওয়েবসাইট।