'অন্যায্য সৌভাগ্যে' সোয়ানের হাসি
অদ্ভুত আর হাস্যকর সব বল আর আউটের অনেক ভিডিও ছড়িয়ে আছে ইউটিউবে। গ্রায়েম সোয়ানের পরশুর বলটা, আর তাতে ক্রিস রজার্সের আউট নিশ্চিতভাবেই পেতে যাচ্ছে ইউটিউব ক্লাসিকের মর্যাদা!
সোয়ানের সেটি ছিল তৃতীয় ওভার। দ্বিতীয় বলটি করলেন লোপ্পা এক ফুল টস, ভাসতে ভাসতে সেই বল রজার্সের কাছে পৌঁছাল যেন অনন্তকাল পর। বলটা দেখেই চোখ বড় হয়ে গিয়েছিল রজার্সের, খেললেন তেড়েফুঁড়ে। ব্যাটে-বলে হলো না, বল লাগল গার্ডারে। আঙুল তুলে দিলেন আম্পায়ার মারাইস ইরাসমাস, এলবিডব্লু। সোয়ান পরে স্বীকার করলেন, বলটা তাঁর হাত থেকে ফসকে গিয়েছিল! ভাগ্যের খেলা শেষ নয় এখানেই। টিভি রিপ্লে দেখাল বল মিস করত লেগ স্টাম্প। রিভিউ চাইলে বেঁচে যেতেন রজার্স। কিন্তু আগেই একটি রিভিউ শেষ হয়ে যাওয়ায় হয়তো আর সাহস করে উঠতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার!
এমন সৌভাগ্যে শুরু, সোয়ান বুঝে গিয়েছিলেন দিনটা তাঁরই। দুর্দান্ত বোলিংয়ে এরপর ধসিয়ে দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটিং। অ্যাসেজে দ্বিতীয়বার নিলেন ৫ উইকেট, দেশের মাটিতে প্রথমবার। পরে স্বীকার করলেন রজার্সের ওই উইকেট ভাগ্যের উপহার, ‘ভালো বোলিং আর খানিকটা অন্যায্য সৌভাগ্যের মিশ্রণেই আসলে এই ৫ উইকেট। রজার্সের আউটটা ছিল অদ্ভুত। নিশ্চিত করে বলতে পারব না কেন বা কীভাবে এটা হলো। টেস্ট ইতিহাসে এর চেয়ে বাজে ক্রিকেট আর হয়েছে কিনা সন্দেহ! আমি নিশ্চিত, সেও আমার মতো বিব্রত হয়েছিল। এটা সেই সব অদ্ভুতুড়ে ঘটনাগুলোর একটি, যেগুলোর কোনো ব্যাখ্যা থাকে না। বলটা পুরোপুরি আমার হাত থেকে ফসকে গিয়েছিল।’ পেশাদারির শৃঙ্খলে বাঁধা এই যুগে সোয়ান এমনিতেই বিরল এক ‘চরিত্র।’ এই কাণ্ডে তাই যেন আরও বেশি মজা পাচ্ছেন ইংলিশ স্পিনার! তবে নিজেকে নিয়ে গর্ব আর তৃপ্তিও আছে। ১৯৩৪ সালে হেডলি ভেরিটির পর প্রথম ইংলিশ স্পিনার হিসেবে অ্যাশেজ টেস্টে নাম লেখালেন লর্ডসের অনার্স বোর্ডে। অনার্স বোর্ডে তাঁর নাম আগেও উঠেছে, তবে সত্যিকারের তৃপ্তিটা পেলেন যেন এবারই। স্বভাবসুলভ দুষ্টুমিও করলেন, ‘এর আগেও অনার্স বোর্ডে নাম লিখিয়েছি আমি, পাকিস্তানের বিপক্ষে। তবে ওটা নিয়ে মনে একটা খুঁতখুঁতে ভাব ছিল (ওটাই আমির-বাটদের সেই কলঙ্কিত টেস্ট)। আর অ্যাশেজ টেস্টে অনার্স বোর্ডে নাম লেখানো ছিল শৈশবের স্বপ্ন। অবশ্য আজ (পরশু) সকালে আমার মনে হচ্ছিল ব্যাটিংয়ের অনার্স বোর্ডেও নাম লিখিয়ে ফেলতে পারি। কিন্তু দুঃখজনকভাবে থামতে হলো ৭২ রান আগেই (করেছেন ২৮!)।’ ওয়েবসাইট।