‘অপমানজনক’ ‘অপেশাদার’
জিওফ মার্শ মুখ খোলেননি। শ্রীলঙ্কা ক্রিকেটও আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো কারণ। তবে অর্জুনা রানাতুঙ্গা চুপ থাকার পত্র নন। জাতীয় দলের কোচ মার্শকে হুট করে চাকরিচ্যুত করার সিদ্ধান্তকে তিনি বলেছেন ‘অপমানজনক’ ও ‘অপেশাদার’।গত বছরের সেপ্টেম্বরে মার্শের সঙ্গে দুই বছরের চুক্তি করে শ্রীলঙ্কা ক্রিকেট। কিন্তু চার মাসের মধ্যে কোনো কারণ দেখানো ছাড়াই মার্শকে সরিয়ে দেওয়া হয়, নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার গ্রাহাম ফোর্ডকে। সাবেক অধিনায়ক রানাতুঙ্গা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘মার্শের মতো পেশাদার কোচকে যেভাবে সরানো হলো, সেটা চূড়ান্ত অপেশাদার।’এই ঘটনা শ্রীলঙ্কা ক্রিকেটের জন্যই একটা নেতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন রানাতুঙ্গা। তাঁর আশঙ্কা, ভবিষ্যতে ভালো কোচ এবং ফিজিওরা শ্রীলঙ্কায় আসতে দ্বিধান্বিত থাকবেন। এ ছাড়া যাঁরা এখন দলের সঙ্গে আছেন, নেতিবাচক প্রভাব পড়বে তাঁদের ওপরও। ‘এ দেশে যারা ক্রিকেট চালায়, খেলাটা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আপনার কি মনে হয়, তারা ক্রিকেট ভালোবাসে? না, শ্রীলঙ্কার ক্রিকেট এখন গভীর সংকটে’—বলেছেন ৯৬-র বিশ্বকাপজয়ী অধিনায়ক।২০১১ বিশ্বকাপ শেষে সরে গিয়েছিলেন ট্রেভর বেলিস। এরপর এ নিয়ে চতুর্থ কোচ হলেন ৫১ বছর বয়সী ফোর্ড। বেলিসের সহকারী স্টুয়ার্ট ল কিছুদিন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি বাংলাদেশের কোচ। এএফপি।