‘অপরাজিত’ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেন্দ্র সিং ধোনির মুণ্ডুপাত চলছে, তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দাবিটা জোরালো। সেটার কারণও আছে অনেক। কিন্তু ছোট দৈর্ঘ্যের ক্রিকেটে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে কিন্তু ধোনির জবাব নেই এখনো। পরশুই যেমন দলের ভীষণ প্রয়োজনের সময় ২১ বলে ২৪ রানের অপরাজিত এক ইনিংস খেলে জেতালেন দলকে। একই সঙ্গে ছুঁলেন শোয়েব মালিককে। দুজনই নিজে অপরাজিত থেকে দলকে টি-টোয়েন্টি জিতিয়েছেন ১০ বার করে। দলের জয় সঙ্গে নিয়ে ফেরার রেকর্ডে পাকিস্তানের সাবেক আর ভারতের বর্তমান অধিনায়ক এখন যৌথভাবে দুইয়ে। শীর্ষে আরেক পাকিস্তানি মিসবাহ-উল হক, ১১ বার। ওয়ানডে রেকর্ডেও দারুণ উজ্জ্বল ধোনি। ব্যাট হাতে অপরাজিত থেকে জিতিয়েছেন ৩১ বার, ওপরে আছেন কেবল দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস (৩৩) ও পাকিস্তানের ইনজামাম-উল-হক (৩২)। টেস্টে অবশ্য ধারে-কাছে নেই ধোনি। সাদা পোশাকে শীর্ষে সাবেক ক্যারিবিয়ান ওপেনার ডেসমন্ড হেইন্স, ১৮ বার।