‘অপেক্ষা করুন সব দেখবেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর সব ফুটবলারের মতো আমিও বিশ্বকাপে যেতে উন্মুখ হয়ে আছি। ফ্রান্স দলে ঢোকার পরপরই ২০০৬ বিশ্বকাপের সুখস্মৃতি আছে আমার, আকুল হয়ে আবারও অমন কিছুই চাইছি। যদিও কাজটা সহজ হবে না। বিশ্বকাপে কোনো গ্রুপই সহজ নয়, বিশেষ করে আমাদের খেলতে হবে স্বাগতিকদের বিপক্ষে। সমর্থকদের জন্য দক্ষিণ আফ্রিকা কিছু একটা উপহার দিতে চাইবে, দর্শকও তাদের পেছনে থাকবে। উরুগুয়েও ভালো দল, মেক্সিকোও সহজ নয়। আমার মতে, এটা ২০০৬ বিশ্বকাপের চেয়েও কঠিন গ্রুপ, ওই বিশ্বকাপে আমাদের কঠিন লড়াই করতে হয়েছে, শেষ ম্যাচে টোগোর বিপক্ষে আমাদের জিততেই হতো।ফ্রান্স এবার ফেবারিটদের মধ্যে নেই তবে এটা নিয়ে মোটেও আমার মাথাব্যথা নেই। এসব আমাকে কখনোই ভাবায় না। মাঠের ফলাফলটাই আসল। আমি আমাদের ফুটবলারদের সামর্থ্য সম্পর্কে জানি এবং সেটা যথেষ্ট ভালো। অপেক্ষা করুন, সব দেখবেন। আমাদের বাতিল করে দেওয়ার আগে সবার মনে রাখা উচিত, আমাদের দলটার নাম ফ্রান্স। আমাদের যথেষ্ট সামর্থ্য আছে। এটাও মনে রাখা উচিত, অনেককে ভুল প্রমাণ করে আমরা ২০০৬ বিশ্বকাপের ফাইনাল খেলেছি। ওই অভিজ্ঞতাটা এবার কাজে লাগবে। ওই ফাইনালে ইতালির চেয়ে আমরাই ভালো খেলেছিলাম, কিন্তু টাইব্রেকারে গেলে সম্ভাবনাটা সব সময়ই ৫০-৫০ হয়ে যায়—ভাগ্য সেদিন আমাদের সঙ্গে ছিল না।বিশ্বকাপে তোলার পথে আমাদের কোচকে যেভাবে সমালোচনা করা হয়েছে, সেটা মোটেও ভালো কিছু হয়নি। কিন্তু দেশভেদে মানসিকতা ভিন্ন হয়: আমরা জানি, প্রত্যাশা কতটুকু। শুধু এটুকু বলতে পারি, আমরা ভালো খেলতে শুরু করলেই সবাইকে এক করা যাবে। আশা করি, বিশ্বকাপে আমরা তা পারব। —বিদেশি পত্রিকা অবলম্বনে