‘অবসরের সিদ্ধান্তটা শচীনকেই নিতে দিন’
ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব মন্তব্য করেছেন, বিশ্বকাপ জয়ের পরই ওয়ানডে ক্রিকেট থেকে শচীন টেন্ডুলকারের অবসর নেওয়া উচিত ছিল। মাঠে ‘লিটল মাস্টার’ আগের মতো পারফর্ম করতে পারছেন না বলে গুটি কয়েক সমালোচকও বলছেন, অবসর নেওয়ার সময় এসে গেছে শচীনের। তবে অবসর নেওয়ার সিদ্ধান্ত শচীনের ওপরই ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার।‘শচীনকে একা থাকতে দিন। ও এখনো আমাদের সেরা খেলোয়াড়। যাঁরা শচীনকে অবসর নিতে বলছেন, আমি তাঁদের সঙ্গে একমত হতে পারছি না। ভারতীয় ক্রিকেটকে শচীন অনেক কিছু দিয়েছে। সব ধরনের সম্মান ওর প্রাপ্য।’ পিটিআইকে বলেছেন সাবেক উইকেটরক্ষক কিরণ মোরে।সাবেক অধিনায়ক গুন্ডাপ্পা বিশ্বনাথের বক্তব্য, ‘আমি সব সময় বলে এসেছি, অবসরের সিদ্ধান্তটা শচীনকেই নিতে দিন। এ মুহূর্তে ভারতীয় দল সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না আমি।’কপিল দেবের দেওয়া বক্তব্যের সঙ্গে একমত নন বিষেণ সিং বেদিও। সাবেক এ অধিনায়কের মন্তব্য, ‘এটা কপিলের ব্যক্তিগত অভিমত। অবসরের সিদ্ধান্ত নেওয়াটা শচীনের বিশেষ অধিকার। আমি মনে করি না, শচীনকে অবসর নিতে বলার অবস্থানে আমরা কেউ আছি।’সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান অংশুমান গায়কোয়াড় বলেন, টেন্ডুলকারের ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়া উচিত। তাঁর জায়গা দখল করতে কোনো তরুণ এখনো প্রস্তুত নয়।গায়কোয়াড়ের প্রশ্ন, ‘শচীনকে কেন অবসর নিতে হবে, এমন একটা যুক্তি আমাকে বলুন। শচীন ২০ বছর ধরে ক্রিকেট খেলছে বলেই কি ওকে অবসর নিতে হবে? নাকি ও শততম সেঞ্চুরির পথে এগিয়ে চলেছে বলে?’