'অভিজ্ঞতা অর্জন' আর কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক র‍্যাঙ্কিংয়ে ৬০ জনে ছিলেন ৫৬তম। স্বাভাবিকভাবেই সিদ্দিকুর রহমানকে নিয়ে স্বপ্ন দেখার কিছু ছিল না। যদিও রিও অলিম্পিকে গিয়ে অনেকেরই মনোযোগ কাড়েন বাংলাদেশের এই গলফার। কেউ কেউ সিদ্দিকুরকে ঘিরে বাংলাদেশের পদক জয়েরও সম্ভাবনা দেখেন। তবে সব একপাশে রেখে দেখার ছিল তিনি কতটা ভালো করতে পারেন। সিদ্দিকুর নিজেও আশাবাদী ছিলেন। তবে তাঁর আশা পূরণ হলো না।
প্রথম দিনে পারের চেয়ে চার শট বেশি খেলে ছিলেন ৫৫তম স্থানে। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে তিন শট বেশি খেলে দ্বিতীয় দিনে ছিলেন ৪৫তম স্থানে। তৃতীয় দিনে ৫৫তম। কাল চতুর্থ রাউন্ড শেষে পারের চেয়ে ১১ শট বেশি খেলে সিদ্দিকুর হলেন ৫৮তম। তাঁর পেছনে আছেন আর মাত্র দুজন। এর মধ্যে চীনা তাইপের গলফার দ্বিতীয় রাউন্ডের পর আর খেলেননি।
সিদ্দিকুরের ইভেন্ট দিয়ে কাল শেষ হলো বাংলাদেশের রিও অলিম্পিক। বাংলাদেশের সাত খেলোয়াড়ের কাছে পদকের প্রত্যাশা ছিল না। সবাই বলে গিয়েছিলেন সেরা পারফরম্যান্স করার চেষ্টা করবেন। কিন্তু দুই সাঁতারু ছাড়া বাকি পাঁচজন সেটা করতে পারেননি। খেলোয়াড়দের ব্যর্থতার চেয়ে বড় হয়ে উঠেছে সাংগঠনিক ব্যর্থতা। গেমস এলে কিছু খেলোয়াড় নিয়ে ভ্রমণে বের হন একদল কর্মকর্তা। অ্যাথলেটরা ভালো না খারাপ করলেন, এ নিয়ে তাঁরা নির্বিকার। বছরের পর বছর একই ছবি দেখা যাচ্ছে। দেশে এসে কর্তারা আর খেলোয়াড়দের খোঁজও রাখেন না। আবার একটি অলিম্পিক আসবে। আবার হয়তো কর্তারা দলবেঁধে ভ্রমণে যাবেন। মাঝখানে চার বছর কোনো পরিকল্পনাই থাকবে না, এটা অন্তত বলেই দেওয়া যায়।
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, রিওতে শেষ মুহূর্তে যাওয়ার ছাড়পত্র পাওয়া দুই অ্যাথলেট মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার ঠিকমতো অনুশীলনও করে যেতে পারেননি। তাঁরা গেমসের ওয়াইল্ড কার্ড পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন না। শেষ সময়ে তাঁদের তাড়াহুড়ো করে যাওয়া এবং বাজে টাইমিং। তাই বলে অনুশীলন ঠিকমতো হবে না! অ্যাথলেটিকস ফেডারেশন কী করল সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্বশীল লোকও নেই। অলিম্পিক তো পরের কথা, এশিয়ান বা কমনওয়েলথ গেমসও এখনো বাংলাদেশের কাছে নিছকই অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ হয়ে আছে। কিন্তু এই অভিজ্ঞতা অর্জন আর কত দিন?
এক নজরে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স
সিদ্দিকুর রহমান: ৬০ জনে ৫৮তম।
আবদুল্লাহ হেল বাকি: ১০ মিটার এয়ার রাইফেলে ৫০ জনে ২৫তম। নিজের সেরাটা করতে পারেননি।
মাহফিজুর রহমান সাগর: ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের হিটে ৮৫ জনে ৫৪তম। ব্যক্তিগত সেরা টাইমিং।
সোনিয়া আক্তার: ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের ৮৮ জনে ৬৯তম। ব্যক্তিগত সেরা টাইমিং।
মেজবাহ আহমেদ: ১০০ মিটার স্প্রিন্টের প্রাক-বাছাইয়ে ২৪ জনে ১৪তম। ব্যক্তিগত সেরার চেয়ে খারাপ টাইমিং।
শিরিন আক্তার: ১০০ মিটার স্প্রিন্টের প্রাক-বাছাইয়ে ২৪ জনে ১৭তম। নিজের সেরার চেয়ে এক সেকেন্ড বেশি সময় নিয়েছেন।
শ্যামলী রায়: আর্চারিতে ৬৪ থেকে ৩২-এ যাওয়ার লড়াইয়েই বিদায়। তিনিও সেরাটা করতে পারেননি।