শাহ আলম, বিমল চন্দ্র তরফদারদের সুযোগ্য উত্তরসূরি হতে পারবেন কি না সময়ই বলবে। তবে দক্ষিণ এশিয়ার দ্রুততম মানবের খেতাব বাংলাদেশে ফিরিয়ে আনতে আপ্রাণ লড়তে চান ২০ বছরের তরুণ। এসএ গেমসের মঞ্চে নিজেকে তুলে ধরতে প্রস্তুত এই মুহূর্তে দেশসেরা স্প্রিন্টার গোলাম মর্তুজা এসএ গেমস তো চলে এল। কেমন চলছে প্রস্তুতি?গোলাম মর্তুজা: ভালোই চলছে। একটু আগে টাইমিং দিলাম। বেশ ভালো হয়েছে—১০.৫০। এটা তো হ্যান্ডটাইমিং...মর্তুজা: সে জন্যই এর সঙ্গে ১৫-২০ মাইক্রো সেকেন্ড যোগ করে টাইমিং ধরছি। ইলেকট্রনিক বোর্ডে আমার টাইমিং হতে পারে ১০.৬৫ বা ১০.৭০ সে.। এই টাইমিংয়ে সোনা জেতা সম্ভব মনে হয়?মর্তুজা: না, আরেকটু কমিয়ে আনতে হবে। এই ধরেন ১০.৫ বা এর আশপাশে। সে ক্ষেত্রে আমার হ্যান্ডটাইমিং হওয়া লাগবে ১০.৩৫। আরও ১৪ দিন সময় পাচ্ছি, আমার বিশ্বাস টাইমিং কমিয়ে আনতে পারব। আপনার প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে কিছু জানেন?মর্তুজা: কিছুদিন আগে এশিয়ান অ্যাথলেটিকসে ভারতের দুই স্প্রিন্টারের ইলেকট্রনিক বোর্ডে টাইমিং ছিল ১০.৬২ ও ১০.৬৩। শ্রীলঙ্কার প্রতিযোগীর ১০.৪৯। পাকিস্তানের ১০.৭৬। আপনি একেবারেই নতুন। আন্তর্জাতিক মিট খেলার অভিজ্ঞতাই তো নেই...মর্তুজা: আন্তর্জাতিক দূরে থাক, গত ১৬ অক্টোবর সামার মিটে আমি যে প্রথম হলাম হান্ড্রেডে, সেটা ছিল প্রথম বড় কোনো মিট। অভিজ্ঞতার অভাব থাকলেও আমি আশাবাদী। শাহ আলম-বিমল চন্দ্রদের নাম শুনেছেন?মর্তুজা: শুনেছি। ওনারা দারুণ অ্যাথলেট ছিলেন। দ্রুততম মানব হয়েছিলেন সাফে। ’৮৫ ও ’৮৭ সাফে শাহ আলম, এর পর বিমল ’৯৩-তে দ্রুততম মানব হয়েছেন। শাহ আলমকে আপনার দেখার কথা নয়। বিমলকে দেখেছেন কখনো?মর্তুজা: আমার জন্মের আগে মারা গেছেন শাহ আলম। বিমলদা ২০০৭ সালে একবার এসেছিলেন বিকেএসপিতে। আমার সঙ্গে আলাদা কথা হয়নি। সবার উদ্দেশে তিনি উপদেশ দিয়ে গিয়েছিলেন। উনি তো আমেরিকায় থাকেন। অ্যাথলেট হলেন কীভাবে?মর্তুজা: লেখাপড়া করতে চাইতাম না। আব্বা বললেন, লেখাপড়া না করলে খেলাধুলা করো। বিএকএসপিতে ফুটবলে ভর্তি হতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। গ্রামে যেহেতু দৌড়াদৌড়ি করতাম, সব জায়গায় প্রথম হতাম, তাই আব্বা অ্যাথলেটিকসে ভর্তি করে দিলেন। এখন কি বিকেএসপিতে আছেন?মর্তুজা: না, মাস কয়েক আগে বিকেএসপি ছেড়ে দিয়েছি। নিশ্চয়ই খুব উত্তেজনায় দিন কাটছে এখন?মর্তুজা: দিন-রাত ২৪ ঘণ্টা শুধু স্বপ্ন দেখি সাফে ভালো করেছি। জয়ী হয়েছি। প্রিয় অ্যাথলেট কে?মর্তুজা: উসাইন বোল্ট। ইন্টারনেট থেকে তাঁর সব বিখ্যাত দৌড় ডাউনলোড করে সব সময় দেখি।আপনার গ্রামের বাড়ি কোথায়?মর্তুজা: নওগাঁর নিয়ামতপুরে। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট আমি। আব্বা হাইস্কুলের প্রধান শিক্ষক।