‘অভিজ্ঞতার কথা আর কত বলব!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে ভালো করার ব্যাপারে আশাবাদী ছিলেন। কিন্তু নিজের সেরা স্কোরটাও করতে পারেননি। শ্যুটার শারমিন আক্তার (রত্না) কারণ হিসেবে দেখছেন মানসিক সমস্যাকে। লন্ডন থেকে দেশে ফিরে বলছেন, এ সমস্যা কাটিয়ে উঠতেই হবে দেশে ফিরেছেন বেশ কয়েক দিন আগেই। সময় কাটছে কেমন?শারমিন আক্তার (রত্না): পরিবারের সঙ্গে আছি। ঈদের প্রস্তুতি চলছে। তবে মনের মধ্যে সারাক্ষণ একটা কাঁটা গেঁথে আছে। অলিম্পিকে প্রত্যাশা অনুযায়ী স্কোর করতে পারলাম না। এই ব্যাপারটা কষ্ট দিচ্ছে। অভিজ্ঞতা তো হলো। সেটাই বা কম কী!শারমিন: এই অভিজ্ঞতার কথা আর কত বলব! এখন এসব বলে আর সান্ত্বনা পাই না। আরও ভালো করা উচিত ছিল। লন্ডনের কাছেই বিসলে শ্যুটিং রেঞ্জে মাস তিনেক অনুশীলন করলাম। অনুশীলন স্কোরটাও করতে পারলে খুশি হতাম।  অনুশীলন স্কোর আর প্রতিযোগিতায় নেমে স্কোর করা এক নয়। সেটা তো আরেকবার প্রমাণিত হলো...শারমিন: হ্যাঁ, ব্যাপারটা ঠিকই। অনুশীলনে ধারাবাহিকভাবে ৪০০-তে আমার স্কোর ৩৯৬-৯৭ হয়েছে, ১০ মিটার এয়ার রাইফেলে আমার সেরা স্কোর ৩৯৮। আর আমি অলিম্পিকে করলাম ৩৯৩। প্রথম পাঁচ শটেই ৪ পয়েন্ট হারিয়ে ফেলি আমি।  শুধু লন্ডন অলিম্পিক নয়। গত কয়েকটা টুর্নামেন্টেই আপনি এমন স্কোর করেছেন। এর কারণ কী?শারমিন: একটা এক্সাইটমেন্ট কাজ করে ভেতরে। অলিম্পিকে খেলছি, অনুশীলন স্কোরটাও যদি না করতে পারি, না জানি কী হয়, এমন একটা উত্তেজনা কাজ করেছে মনে। যে কারণে খারাপ হয়ে গেছে। এই উত্তেজনাই দূর করতে হবে। শান্ত, ধীরস্থির থাকতে না পারলে এমনই হবে। শান্ত থাকার উপায় কী? শারমিন: একজন মনোবিদ প্রয়োজন আমাদের। এমনিতে মনোবিদের সাহায্য আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় পেয়েছি, কিন্তু সব সময়ের জন্য পাওয়া যায়নি। আমার উপলব্ধি, ফেডারেশনের উচিত শ্যুটারদের জন্য একজন মনোবিদ স্থায়ীভাবে নিয়োগ দেওয়া।  অন্য শ্যুটাররা কীভাবে মনঃসংযোগ ধরে রেখে ভালো করেন? শারমিন: মানসিকভাবে ওরা অনেক শক্ত। এবার অলিম্পিকে মেয়েদের ১০ মিটারের সময় হলঘর দর্শকে ঠাসা ছিল, অনেক কোলাহলের মধ্যেও পারফর্ম করেছে অন্যরা। চীনের যে মেয়েটা সোনা জিতেছে, সে ফাইনালে গিয়ে সব শটেই টেন করেছে। এখানেই আসলে স্নায়ুর আসল পরীক্ষা। স্নায়ুটা ঠিক রেখে শ্যুটিং করতে হবে। অন্যরা স্নায়ু ঠিক রাখতে পারে, আমরা পারি না।  তাহলে লন্ডনে যে তিন মাস অনুশীলন করলেন, সেটি কতটা কাজে এল?শারমিন: এই প্রশ্নটা অনেকে করেন। ওখানে তিন মাস অনুশীলন করেছি, কী উন্নতি হলো? কিন্তু কেউ খতিয়ে দেখে না, ওখানে কী অনুশীলন হয়েছে? বিদেশি কোচ ছিল না। ঠিক বিদেশে অনুশীলন বলতে যেটা বোঝায় সেটা ছিল না। তবে এটা ঠিক, মনঃসংযোগটা পুরোপুরি শ্যুটিংয়েই ছিল। দেশে থাকলে যেটা দেওয়া যেত না। এখন আপনার শ্যুটিং নিয়ে চিন্তাভাবনা কী? শারমিন: জানি না কী হবে। আবার কবে ক্যাম্প তা জানায়নি ফেডারেশন। ক্যাম্প হলে যাব। ব্যস, এটুকুই। এ বছর সম্ভবত গোটা দুয়েক আন্তর্জাতিক প্রতিযোগিতা আছে। আবার ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। সেই প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? শারমিন: ধারাবাহিক প্রস্তুতির বিকল্প নেই। আমরা এখন প্রায় সারা বছরই অনুশীলন করি ঠিক, কিন্তু চার-পাঁচ বছরের দীর্ঘ মেয়াদে একটা পরিকল্পনা করে এগোনো দরকার। আরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার বিকল্প নেই। একই সঙ্গে মানসিক রোগটা সারাতেই হবে।