‘অমর’ মার্টিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উমর গুলের বলে কাভার ড্রাইভ, তিন রান হতেই দিনের উল্লাসে ফেটে পড়ল স্বাগতিক দর্শক। নিউজিল্যান্ডের রান ৯ উইকেটে ৯৯, হতভম্ব পাকিস্তানি ক্রিকেটাররা বুঝতেই পারছিল না উল্লাসের কারণ। বুঝবেন কী করে, তাঁরা কি আর জানেন ওই শটেই ‘সেঞ্চুরি’ হয়ে গেছে ক্রিস মার্টিনের! ৬০তম টেস্টে এসে ক্যারিয়ারে ১০০ টেস্ট রান হলো, রেকর্ড তো বটেই, হয়তো ডন ব্র্যাডম্যানের গড়ের মতো অমর রেকর্ডই গড়ে ফেললেন মার্টিন। যাঁর রেকর্ড ভেঙেছেন, সেই গ্লেন ম্যাকগ্রা ১০০ রান ছুঁয়েছিলেন ‘মাত্র’ ৩২ টেস্টে। তা ছাড়া মার্টিনরা এখন ‘বিরল প্রজাতি’, লোয়ার-অর্ডারদেরও এখন মোটামুটি ব্যাটিং জানতে হয়। মার্টিনের রেকর্ড টিকে থাকবে, এই বাজি ধরায় তাই ঝুঁকি নেই বললেই চলে। সম্ভাবনা খুব কম, তবে মার্টিন দুই শ রান করলে সেটাও অমর রেকর্ড হয়ে যাবে নিশ্চিত। ৪৭ টেস্টে দুই শ করে রেকর্ডটি ম্যাকগ্রারই, মার্টিন তো এক শ করতেই খেলেছেন ১৩ টেস্ট বেশি!