‘অমানব’ সব পণ্ডিত
নাহ্। মানবপণ্ডিতদের আর দাম রইল না! ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, পেলে, ইয়ুর্গেন ক্লিন্সমান বা লোথার ম্যাথাউস; সবাই বিশ্বকাপ নিয়ে অনুমান করতে গিয়ে টুকটাক ভুল করছেন। কিন্তু ‘অমানব’ পণ্ডিতদের কোনো ভুলই হচ্ছে না। তাহলে আর মানবপণ্ডিতের কথা শুনে লাভ কী! ভবিষ্যৎ জানার জন্য পশুপাখির দ্বারস্থ হওয়াটা নতুন কিছু নয়। এই আমাদের বাংলাদেশের ফুটপাতে, পার্কেও বাঁদর বা টিয়াপাখি নিয়ে ভবিষ্যৎ গণনায় বসে পড়েন অনেকে। কিন্তু এবার বিশ্বকাপে ‘অমানব’ গণকদেরই রমরমা অবস্থা। এ বড় বিস্ময়কর!সবচেয়ে বিস্ময়কর কাণ্ড যিনি করেছেন, সেই ‘পল দ্য অক্টোপাস’ তো এখন রীতিমতো তারকা। জার্মানির ‘সি লাইফ অ্যাকুয়ারিয়ামে’ বসে এই আটপেয়ে প্রাণী গত ইউরো চলাকালীন জার্মানির সবগুলো ম্যাচ নিয়ে অনুমান করেছে, শুধু ভুল করেছে ফাইনালে এসে। সে ভুল তো ‘মানুষ’ মাত্রেই হয়! কিন্তু এবার বিশ্বকাপে তো পলের সঙ্গে ভুল শব্দটা যায়ই না। গতকালের আগ পর্যন্ত জার্মানির ছয়টি ম্যাচেই নির্ভুল অনুমান করেছে, এমনকি জার্মানির দুটি হারও আগে থেকে বলে দিয়েছে সে।পলের মতোই সাফল্যের শতভাগ রেকর্ড শোনা যাচ্ছে সিঙ্গাপুরের ‘মনি’ নামে এক টিয়ার ব্যাপারেও। সে নাকি কোয়ার্টার ফাইনালের চার বিজয়ীর নাম আগে থেকেই ঠিকঠাক বলে দিয়েছিল। এমন সাফল্যের দাবি করছিল দক্ষিণ আফ্রিকারই একটি অজগর। এই হট্টগোলের মধ্যে মাথা তুলেছিল ‘সেকো’ নামের আর্জেন্টাইন এক ডলফিনও। বেচারা! প্রাণী-গুনিনদের এই রমরমা সময়ে শতভাগ ব্যর্থ। সেকো জানিয়েছিল, কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে আর্জেন্টিনা জিতবে।সেকোর দোষ কী! পল ছাড়া বাকি গুনিনদের দেখা যাচ্ছে দেশপ্রেমটা বড় তীব্র। এই ধরুন, হল্যান্ডের এক শিম্পাঞ্জি গুনিনের কথা। ‘পিনো’ নামে এই শিম্পাঞ্জি নাকি ফাইনালে বিজয়ী হিসেবে হল্যান্ডের নাম ঘোষণা করে দিয়েছে! অবশ্য জার্মান অক্টোপাসরা মনে হচ্ছে আবেগমুক্ত। তারা দেশের বিপক্ষে, এমনকি দেশি গুনিনেরও বিপক্ষে ভবিষ্যদ্বাণী করতে পারে। সদ্যই পলের এক সঙ্গিনীর খবর জানা গেল। পলিন নামের এই অক্টোপাস বলে রেখেছে, ফাইনালে হল্যান্ড জিতবে। ওদিকে পল বলে রেখেছে ফাইনালে জিতবে স্পেন।শেষ পর্যন্ত যেই জিতুক, ভাগ্য-গণনায় যাঁরা বিশ্বাস করেন না, জয়টা তাঁদেরই হচ্ছে। কারণ, দুই জ্যোতিষী অক্টোপাসের একজন তো হারবেই! এএফপি।