‘অযথাই আমাকে বিতর্কের মধ্যে টেনে আনা হয়েছে’
মোহাম্মদ আজহারউদ্দিন বেজায় চটেছেন। তাঁর ক্ষোভের কারণ, শচীন টেন্ডুলকারের ব্যাপারে মিডিয়া নাকি তাঁকে অযথাই একটা বিতর্কের মধ্যে টেনে নিয়ে এসেছে।গতকাল বুধবার ভারতের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারতের সাবেক এই অধিনায়ক শচীন টেন্ডুলকারকে নিয়ে কিছু মন্তব্য করেন। বলাই বাহুল্য আজহারের সেই মন্তব্যগুলোর সবই ছিল শচীন টেন্ডুলকারের বিপক্ষে। এমনকি, শচীন টেন্ডুলকারের মধ্যে যোগ্য অধিনায়কের গুনাবলী ছিলনা বলেও তিনি মন্তব্য করেছিলেন।অযথাই তাঁকে একটি বিতর্কের মধ্যে টেনে নিয়ে আসার জন্য মিডিয়ার মুণ্ডুপাত করলেও শচীন টেন্ডুলকার যে যোগ্য অধিনায়ক কখনোই ছিলেন, সেই মন্তব্য থেকে সরে আসেননি তিনি। তিনি বলেছেন, ‘কেবল আমিই নই, লাখ লাখ মানুষ একই কথা বলবে যে শচীন ক্রিকেটার হিসেবে মহত্ হলেও অধিনায়ক হিসেবে কখনোই ভালো ছিল না।’‘শচীন টেন্ডুলকার নিজেই ২০০০ সালের পর কখনোই ভারতীয় দলের অধিনায়ক হতে চায়নি। তাঁর নিজেই অধিনায়কত্বের প্রশ্নে আত্মবিশ্বাসী নয়। এখন, সেই একই কথা আমি আজহার বললেই যতো দোষ?’ মিডিয়ার প্রতি স্পষ্টতই ঝড়ে পড়লো আজহারের সব ক্ষোভ।আজহার এরপর বলেন, ‘আমি জীবনটাকে খুবই সাধারণভাবে দেখি। আমি সাধারণভাবেই কথাটা বলেছি, তারপরেও এর অন্য অর্থ বের করে আমাকে বিতর্কের মধ্যে টেনে আনা হল।’২০০০ সালে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন। এরপর থেকে জীবনের অন্যদিকেই বেশি ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। অনেকদিন নিভৃতে কাটিয়ে তিনি বর্তমানে সক্রিয় রাজনীতিতে। ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে হায়দ্রাবাদের একটি আসন থেকে সাংসদও নির্বাচিত হয়েছেন তিনি। ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার পর টেন্ডুলকারসহ ভারতীয় দলের সাবেক টিমমেটদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই বলেই জানিয়েছেঝন আজহার। বলেছেন, ‘আমি ক্রিকেট ছাড়াও রাজনীতি ও অন্যান্য ব্যাপার নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি। তাই কারো সঙ্গেই আমার যোগাযোগ নেই।’সাবেক টিমমেটদের সঙ্গে যোগাযোগ না থাকলেও ক্রিকেট খেলাটা ঠিকই আগ্রহ নিয়েই দেখেন আজহারউদ্দিন। ভারতের জন্য এবারের বিশ্বকাপ দারুণ এক সুযোগ হয়ে এসেছে বলেই মনে করেন আজহার। তিনি মহেন্দ্র সিং ধোনির দলকে ব্যালেন্সড দল হিসেবে বিবেচনা করে বলেন, ‘বিশ্বকাপে এবার ভারতই ফেবারিট। এই দলটির অনেকদূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে।’সাবেক অধিনায়ক হিসেবে ভারতীয় খেলোয়াড়দের কিছু পরামর্শও দিয়েছেন তিনি। বলেছেন, নিজের ওপর আস্থা রাখো। বিশ্বকাপে ভালো করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তোমাদের। কারণ কন্ডিশনটা অন্যদের চেয়ে তোমরাই ভালো জানো, চেনো।’ পিটিআই।