‘অর্থহীন’ ক্রিকেট বন্ধ করুন: রাহুল দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ক্রিকেটার কত খেলতে পারেন? খেলার পর খেলা। এক সফর থেকে ফিরেই আরেক সফরের, আরেক সিরিজের প্রস্তুতি—ক্রিকেটের অতি ব্যস্ত এ সূচি ক্রিকেটারদের জীবনীশক্তিই রীতিমতো ক্ষয়ে ক্ষয়ে দিচ্ছে। পরিবার-পরিজন থেকে দূরে, বহুদূরে থাকতে থাকতে জীবনের মানেই যেন পানসে হতে বসেছে এই জামানার ক্রিকেটারদের। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ার রাহুল দ্রাবিড়ের। ক্রিকেটের ব্যস্ত সূচির সূচনাটা প্রথম দেখেছেন দ্রাবিড়দেরই প্রজন্মটি। হাড়ে হাড়ে জানেন, এই সূচি ক্রিকেটারদের কতটা পীড়িত করে। তাই এবার জগতের তাবত্ ক্রিকেটারদের প্রতিভূ হয়েই যেন আইসিসিকে ‘অর্থহীন ক্রিকেট’ কমিয়ে নিয়ে আসার আহ্বান জানালেন, ‘মি. ওয়াল।’রাহুল দ্রাবিড় বলেছেন, আইসিসিকে ‘অর্থহীন’ একদিনের ম্যাচ নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করতে হবে। এ ধরনের ওডিআই অনুষ্ঠান বন্ধ করতে হবে। আইসিসির উচিত হবে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলো নিয়ে বেশি করে মনোযোগী হওয়া।‘১৯৮৫ সাল থেকে ক্রিকেটাররা বিপুল সংখ্যক অর্থহীন খেলার মুখোমুখি হচ্ছেন। আমার মনে হয় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার এখনই সময়।’ বলেছেন দ্রাবিড়। তিনি আইসিসিকে খুব দ্রুত ডে-নাইট টেস্ট ম্যাচ নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোরও আহ্বান জানান।অর্থহীন ওয়ানডে ম্যাচ সম্পর্কে নিজের অভিজ্ঞতা বর্ণনা করে দ্রাবিড় বলেন, ‘কিছুদিন আগেই ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে আমি ভারতের ভেন্যুগুলো খালি দেখেছি, যা খুবই আশঙ্কাজনক। তার মানে দর্শকদের কাছেও অনেক সময় ক্রিকেট খেলাটা আবেদন হারাচ্ছে।’ তিনি বলেন, ভারতে তুলনামূলকভাবে ছোট ভেন্যুগুলোতে ওয়ানডে ম্যাচে দর্শক হয়। ছোট ভেন্যুগুলোতে দর্শক হচ্ছে; কারণ, ওখানে খেলা তেমন একটা হয় না। বড় ভেন্যুর দর্শকদের কাছে কিন্তু ক্রিকেট অনেক সময়ই আবেদন হারাচ্ছে, আইসিসির এটা ভেবে দেখা উচিত।আর কয়েক দিন পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আলোচিত সিরিজে মাঠে নামবে ভারত। তবে এর আগেই ব্যক্তি রাহুল দ্রাবিড় বড় ধরনের একটা জয় পেয়ে গেছেন। তিনি অস্ট্রেলিয়াতে জিতেছেন ‘স্যার ডন ব্র্যাডম্যান ওরেশন পুরস্কার’। দ্রাবিড়ই প্রথম বিদেশি, যিনি জিতে নিলেন অস্ট্রেলীয় ক্রিকেটের এ অসামান্য পুরস্কারটি।