‘অর্ধেক’ ডিআরএসে অখুশি ফ্লাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড শেষ পর্যন্ত জিতে গেছে বলে খুব একটা হইচই হয়নি। লর্ডস টেস্টের শেষ দিনে আম্পায়ার বিলি বাউডেনের সৌজন্যে নিশ্চিত এলবিডব্লুর হাত থেকে বেঁচে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার ও সুরেশ রায়না। দুবারই বোলার ছিলেন স্টুয়ার্ট ব্রড। তবে অ্যান্ডি ফ্লাওয়ার কিন্তু ঠিকই মনে রেখেছেন। আম্পায়ারদের ভুল হতেই পারে। কিন্তু ডিআরএসের পূর্ণ ব্যবহার করতে না পারায় বেজায় চটেছেন ইংল্যান্ড কোচ। ডিআরএস নিয়ে কোচের সঙ্গে একমত স্পিনার গ্রায়েম সোয়ানও।ভারত-ইংল্যান্ডের চলতি সিরিজে ডিএআরএস থাকলেও ভারতের অসম্মতির কারণে এলবিডব্লুর সিদ্ধান্ত এর বাইরে। ফ্লাওয়ার এ জন্য খেপেছেন আইসিসির ওপর, ‘ওই সিদ্ধান্ত দুটোর জন্য যদি ম্যাচের ফল অন্যরকম হতো, সেটা হতো খুবই অন্যায্য। কোনো সন্দেহ নেই, ডিআরএসের ব্যবহার যেভাবে হচ্ছে, সেটা অসন্তোষজনক। আমার মনে হয়, এসব ইস্যুতে আইসিসির আরও শক্ত হওয়া উচিত। আইসিসি খেলাটার সর্বোচ্চ সংস্থা, তাদের নেতৃত্ব হওয়া উচিত আরও শক্তিশালী।’ভারতের মূল আপত্তি, ‘হক-আই’ বা ‘বল ট্র্যাকিং’ প্রযুক্তির শতভাগ শুদ্ধতা নিয়ে। এ নিয়ে ফ্লাওয়ারের যুক্তি, ‘আমরা সবাই জানি, ডিআরএস মোটেও শতভাগ নির্ভুল নয়, কিন্তু এও জানা, এটা ব্যবহার করলে সঠিক সিদ্ধান্তই বেশি পাওয়া যাবে। ভুলের চেয়ে যখন সঠিক সিদ্ধান্ত অনেক বেশি পাওয়া যায়, তখন সামান্য কিছু ক্ষুদ্র ব্যাপার নিয়ে যুক্তিতর্ক দেখানোর প্রয়োজনটা কী! এ জন্যই বেশির ভাগ টেস্ট খেলুড়ে দেশ এটাকে পুরোপুরি ব্যবহার করতে চায়।’দ্য সান-এ নিজের কলামে সোয়ান লিখেছেন, ‘আমার মনে হয়, হক ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করা উচিত, গত দুই বছর এটা বেশ কার্যকরী ছিল। আমরা সবাই জানতাম, রায়না ও টেন্ডুলকারের বিপক্ষে ব্রডির দুটো আবেদনই ছিল যথার্থ, কিন্তু আম্পায়ার আউট না দেওয়ার পর আমাদের কিছুই করার ছিল না। যদি ভারত ম্যাচটি ড্র করে ফেলত, কোনো সন্দেহ নেই সেটা হতো খুবই হতাশাজনক।’ ওয়েবসাইট।