‘অর্ধেক’ বেস্টেই কুপোকাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা টেস্টে বাংলাদেশের স্বপ্ন ‘খুন’ হয়েছিল তাঁর হাতেই। মনে হচ্ছিল এবার অন্তত দ্বিতীয় ইনিংসে তাঁর হাত থেকে মুক্তি মিলবে। প্রথম ইনিংসে মাত্র ১০ ওভার বোলিং করার পর মাঠ ছেড়েছিলেন হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে। ব্যাটিংয়েও নামেননি, ফিদেল এডওয়ার্ডস আউট হতেই ড্যারেন স্যামির ইনিংস ঘোষণা। কিন্তু কিসের কী! লাঞ্চের সময়ই দেখা মিলল তাঁর। সতীর্থদের মিনিট ১৫ আগেই মাঠে নেমে বোলিং অনুশীলন করলেন। খানিকপর সেই আহত সিংহই কাঁপিয়ে দিলেন ‘বাঘদের’ অন্তরাত্মা। ‘অর্ধেক ফিট’ টিনো বেস্টই ভেঙে দিলেন বাংলাদেশের মেরুদণ্ড!বয়স ৩১ পেরিয়ে গেলেও এখনো প্রায় ১৫০ কিমি গতিতে বোলিং করেন। কিন্তু শরীরের সঙ্গে তো আর যুদ্ধ চলে না! রানআপে জোর না দিয়ে, গতি কমিয়ে বোলিং করলেন। সেটা সামলাতেই দিশেহারা বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম বলেই বোল্ড তামিম ইকবাল। স্কিড করে খানিকটা ভেতরে ঢোকা বল ক্রস ব্যাটে খেলে বেল উড়তে দেখলেন তামিম। প্রথম বলের সাফল্যে উড়লেন বেস্টও। দারুণ আরেকটি ইনসুইঙ্গারে এল নাঈম ইসলামের উইকেট, বাউন্সারে শাহরিয়ার নাফীস।গতি যেটুকু দিতে পেরেছেন, তাতেই তো হিমশিম খেয়েছেন শাহরিয়ার-নাঈমরা! এই শরীর নিয়েও এমন উইকেটে আদায় করে নিয়েছেন বেশ বাউন্স। আগের টেস্টের দ্বিতীয় ইনিংসে তো গতি আর বাউন্সেই উড়িয়ে দিয়েছেন বাংলাদেশকে। এমন উইকেটেও প্রাণ প্রতিষ্ঠা করেছেন, তাঁর বোলিং-দর্শনটাই যে এমন, ‘বারবাডোজের হয়ে যখন আমি প্রথম খেলি, আমার সময় হেন্ডারসন স্প্রিঙ্গার বলেছিল, ফাস্ট বল করতে চাইলে সব সময়ই ফাস্ট করতে হবে। এমনকি বালুতে বোলিং করলেও দ্রুতগতির হতে হবে। উপমহাদেশে এসে নিষ্প্রাণ উইকেট, কিছু পারছি না বলে গলা ফাটিয়ে লাভ নেই। গতি থাকলে যেকোনো উইকেটে ব্যাটসম্যানকে ভোগানো যাবে।’৪-০-১১-৩, বেস্টের প্রথম স্পেলটাই ম্যাচের গতিপথ অনেকটা ঠিক করে দিয়েছে। চোট সয়ে দলের জন্যই মাঠে নেমেছেন, সাফল্য তাই আরও বেশি তৃপ্তি দিচ্ছে বারবাডিয়ান বোলারকে, ‘গতকালই (পরশু) ঠিক করেছি, এই ম্যাচে বোলিং করব। কোচিং স্টাফদের বলেছি দলের জন্য আমি সব করতে প্রস্তুত। মাঠে নেমে সর্বস্ব উজাড় করে দিয়েছি। উইকেট মন্থর, এই ভাবনাটাই আমি মাথা থেকে সরিয়ে ফেলেছিলাম। নিজের মতো বোলিং করে গেছি।’হ্যামস্ট্রিংয়ের এই চোটটা বেস্টের পুরোনো, ২০১০ সালে কাউন্টিতে ইয়র্কশায়ারের হয়ে খেলার সময়ই বাঁধিয়েছিলেন। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজেকে উজাড় করে বোলিং করায় আবারও ফিরে এসেছে। চোটের ধরনটা জানেন বলেই ভালোভাবে সামলাতে পেরেছেন। চোটের কারণে কাল গতি দিতে পারেননি, তবে কাজে লাগিয়েছেন নতুন শিক্ষা—সুইং। এ জন্য কৃতিত্ব দিলেন কোচকে, ‘সামর্থ্যের পুরোটা দিয়ে বোলিং করতে পারিনি, গতি দিতে পারছিলাম না। তাই চেষ্টা করেছি সুইং আদায় করতে। মাস দুয়েক ধরে এটা নিয়েই ওটিস গিবসনের সঙ্গে কাজ করছি। বিশেষ করে এমন মন্থর উইকেটে ইনসুইং-আউটসুইং করাতে পরাটা খুব গুরুত্বপূর্ণ।’ সুইংয়ে মজেছেন, কাল নাঈমের উইকেটটাই তাই সবচেয়ে বেশি উপভোগ করেছেন। শেষ বিকেলে পেরমলের বলে সাকিবের ক্যাচটা নিয়ে দিনের শেষটাও তাঁর দারুণ গেছে। বেস্টের ধারণা, সাকিবের আউটই জয় আর তাদের মাঝখানের বাধাটা দূর করে দিয়েছে। ম্যাচ এখন পকেটে!