‘অলরাউন্ডার’ শফিউলকে স্যালুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের ১৫ ক্রিকেটারকে নিয়ে ধারাবাহিক কলাম লিখেছি। শফিউলের ব্যাপারে লিখেছিলাম, ওর মধ্যে আমি অলরাউন্ডার হয়ে ওঠার সব উপাদান দেখি। শফিউল সোজা ব্যাটে খেলে। সবচেয়ে বড় গুণ চাপের মধ্যে মাথা ঠান্ডা রাখে। বাইরে থেকে দেখতে পলকা শরীরের ছেলেটাই কিন্তু ভেতরে ভেতরে ভীষণ দৃঢ়। আয়ারল্যান্ড ম্যাচে চাপের মধ্যে কী বোলিংটাই না করল! কাল করল ব্যাটিং। শফিউলকে স্যালুট!‘অলরাউন্ডার’ শফিউল কাল আমার প্রত্যাশাকে ছাপিয়ে গেছে—এ কথা নিঃসংকোচে স্বীকার করি। স্যালুট পুরো বাংলাদেশ দলকেই। চাপের বুলডোজারের নিচে থাকা পাথর যখন বুলডোজারটিকেই গুঁড়িয়ে দেয়, তাকে স্যালুট না করে পারবেন?৫৮ রানের বিভীষিকা, ঘরে-বাইরের তীব্র সমালোচনা। সেই চাপ মাথায় নিয়ে খেলেছে বাংলাদেশ। দলের খেলোয়াড়দের গড় বয়সটাও মাথায় রাখুন। এবার আপনিও একমত হবেন, দুর্দান্ত পেশাদার ক্রিকেট খেলল বাংলাদেশ। কাল শুরুতেও সবার মুখ দেখলাম থমথমে। ওয়েস্ট ইন্ডিজের দুঃস্বপ্নের পর বেশ কদিন পেরিয়ে গিয়েও যেন সেই ছায়া পুরোপুরি সরে যায়নি। কাল প্রধান প্রতিপক্ষ ইংল্যান্ড ছিল না, ছিল চাপ। সেই চাপের মধ্যে কী দুর্দান্ত বোলিং আর ফিল্ডিংটাই না করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা ফিল্ডিংটা আমরা কাল করেছি। সবার শরীরী ভাষার মধ্যে দেখিয়ে দেওয়ার ঝাঁজটা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমাকে।আমাদের স্পিননির্ভর আক্রমণ। কিন্তু আমি কলামে সুযোগ পেলেই বারবার বলেছি, পেসারদের অবহেলা করার সুযোগ নেই। কাল বাংলাদেশ পেসারদের দিয়েই মূল আক্রমণ চালানো হলো। সাকিবকে ধন্যবাদ পেসারদের কাছে আস্থার বার্তা পৌঁছে দেওয়ায়।চট্টগ্রামের এই ভেন্যুটা লো-স্কোরিং ম্যাচের জন্য ‘বিখ্যাত’। তবে কাল কিন্তু আমার মনে হয়নি এই রান তাড়া করতে এতটা কষ্ট হবে। শিশির পড়ছিল। যদি খেয়াল করে দেখেন, সোয়ানের কিন্তু বল গ্রিপ করতে খুব কষ্ট হচ্ছিল। আমরা ভালোভাবেই এগোচ্ছিলাম। ইমরুল ইমরুলের মতো খেলছিল। কিন্তু দুটো রানআউট! বিশেষ করে ইমরুলের রানআউটটির কথা বলব। ম্যাচটা হেরে গেলে এই রানআউটের জন্য অনেক দিন ও আক্ষেপে পুড়ত নির্ঘাত।শেহজাদ দুর্দান্ত বোলিং করেছে। যে তিনটা উইকেটও নিয়েছে, পৃথিবীর যেকোনো ব্যাটসম্যান তাতে আউট হতো। কিন্তু দিনটা শেষ পর্যন্ত ‘অলরাউন্ডার’ শফিউলের। ওর ২৪ রানের ইনিংসটা সম্পর্কে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। আমি আসলে ঘোরের মধ্যে আছি।