‘অলস’দের কাছ থেকেও সেরা ফিল্ডিং চান সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিল্ডিংয়ে উপমহাদেশের ক্রিকেটাররা একটু অলস, ব্যাপারটা জানেন জেসন সুইফটও। জানেন বলেই এটা নিয়ে খুব একটা ভাবিত নন বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ। বরং ঢাকায় পৌঁছে কাল প্রথম সংবাদ সম্মেলনেই যেন বোঝাতে চাইলেন, ওসব দেখা আছে।‘অলস ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমারও আছে এবং তাদের কাছ থেকেও সেরাটাই বের করে এনেছি শেষ পর্যন্ত’—বলেছেন ল্যাঙ্কাশায়ারের সাবেক অস্ট্রেলিয়ান কোচ। তাঁর নীতি, ‘আগে খেলোয়াড়দের সেরাটা বের করে আনার পথ খুঁজে বের করতে হবে। তারপর সেটা নিয়ে কাজ করতে হবে।’ এ কাজে প্রধান কোচ স্বদেশি স্টুয়ার্ট ল-র সঙ্গে সুইফটের জুটিটা ভালোই হওয়ার কথা। ২০০৬ সালে সুইফট ল্যাঙ্কাশায়ারে যোগ দেওয়ার পর থেকেই জানাশোনা দুজনের!ফিল্ডিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের কোনো কিছুই বদলানোর পরিকল্পনা নেই সুইফটের। যাঁর যেখানে দুর্বলতা, কাজ করবেন সেটাকে গুরুত্ব দিয়েই, ‘খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বুঝতে হবে, ফিল্ডিংয়ের কোন জায়গায় উন্নতি আনার প্রয়োজন তারা দেখছে। এখানকার কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে তাঁদের মতামতও নেব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের মতামত নেওয়া...তারা এখন কোথায় আছে, কোথায় উন্নতি আনতে হবে।’ক্ষুব্ধ ফাউন্টেন: নতুন ফিল্ডিং কোচ এসে গেলেও এখনো বাংলাদেশ ছাড়েননি আগের ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন! তাঁর দাবি, বিসিবি মৌখিকভাবে চুক্তি বাড়ানোর আশ্বাস দিলেও শেষ পর্যন্ত বাড়ায়নি। বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ অবশ্য উড়িয়ে দিয়েছেন অভিযোগটা, ‘চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও আমরা কিছু জানাইনি মানেই হলো তাঁর চুক্তি আর বাড়ছে না। চুক্তি নবায়ন হলে জানানোর প্রশ্ন আসত। আর তাঁকে রাখলে তো আমরা নতুন ফিল্ডিং কোচ চেয়ে বিজ্ঞাপন দিতাম না।’২০১০ সালের আগস্টে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ করা হয় ইংল্যান্ডের জুলিয়েন ফাউন্টেনকে। বিশ্বকাপ শেষে তাঁর চুক্তি বাড়ানো হয় এপ্রিলের অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত। এরপর বাবার অসুস্থতার কারণে দেশে ফিরে গেলেও সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি।