‘অলিম্পিক ফুটবল হওয়া উচিত অপেশাদারদের জন্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক ফুটবল কখনোই খুব বেশি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার সম্মান পায়নি বিগত আসরগুলোতে। অলিম্পিক ফুটবলে সোনা জয়টা খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার মতো ঘটনা হতে পারেনি গোটা ফুটবল বিশ্বেই। এবার এই প্রতিযোগিতাটিকে শুধুই অপেশাদারদের জন্য বরাদ্দ করার সুপারিশ করেছেন ডেভিড সিম্যান। এমনকি নিজেও অলিম্পিক ফুটবলে অংশ নিতেন না বলে মন্তব্য করেছেন সাবেক এই ইংলিশ গোলরক্ষক।২০০৪ সালে অবসর নেওয়ার আগে ইংল্যান্ডের পক্ষে ৭৫টি ম্যাচ খেলা সিম্যান আজ বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমার মনে হয় না, অলিম্পিক ফুটবলটা পেশাদার ফুটবলারদের জন্য। আমার সব সময়ই মনে হয়েছে যে এই প্রতিযোগিতাটা নবাগতদের জন্যই ছেড়ে দেওয়া উচিত।’ এই সপ্তাহেই অনুষ্ঠিত হয়ে গেছে লন্ডন অলিম্পিক ফুটবলের ড্র। সোনা জয়ের মিশনে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেনেগালের।অলিম্পিক ফুটবলটা অবশ্য এখন এমনিতেই অনেকখানি নবাগতদের জন্যই বরাদ্দ করা আছে। নিয়মানুসারে ১৮ সদস্যের দলে অবশ্য ১৫ জনেরই বয়স হতে হবে ২৩ বছরের নিচে। বাকি তিনজন হতে পারবেন যেকোনো বয়সের খেলোয়াড়। ইংল্যান্ডের ক্ষেত্রে সেখানে জায়গা করে নিতে পারেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহাম। তবে দেশের জন্য খেলাটা গৌরবজনক হলেও অলিম্পিক ফুটবলে কখনো খেলতেন না বলে মন্তব্য করেছেন ডেভিড সিম্যান। তিনি বলেছেন, ‘অবশ্যই ইংল্যান্ডের হয়ে খেলাটা খুবই সম্মানের। কিন্তু আমি পেশাদারি ফুটবল খেলেছি ২২ বছর। আর আমার মনে হয় না, আমি কখনো অলিম্পিকে খেলতাম।’