
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ওঠা একমাত্র বাংলাদেশি তিনি। গত অক্টোবরে কাজাখস্তানে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ৬০ কেজি ওজন শ্রেণীর বাছাইপর্বে পাঁচটি দেশের বক্সারকে হারিয়ে চমকে দেন সেনাবাহিনীর আল আমিন। সেটি নিয়েই বললেন বাংলাদেশ গেমসের সোনাজয়ী এই বক্সার
কাজাখস্তান-অভিজ্ঞতা কেমন ছিল?
আল আমিন: বেশ ভালো। আমার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা বলে ওখানে গিয়ে খুব ভয় হচ্ছিল। কিন্তু পরে যখন প্রায় ২০ দিন বিশ্বের বিভিন্ন দেশের বক্সারদের সঙ্গে অনুশীলন ও লড়াই করি, ভয়টা ধীরে ধীরে কেটে যায়।
আপনি চূড়ান্ত পর্বে কীভাবে গেলেন?
আল আমিন: চূড়ান্ত পর্বে সরাসরি খেলার কোনো সুযোগ নেই। প্রথমে বাছাই রাউন্ড খেলতে হয়। এবার ১১২টা দেশের মধ্যে ৫৫টা দেশ খেলেছে চূড়ান্ত পর্বে। বাছাইপর্বে প্রথমে ভুটানের সাইগলকে হারাই। এরপর গ্রিসের অ্যালেক্স, নেপালের দীনেশ, গুয়াতেমালার ডেভিড ও সেনেগালের মামাডুকে হারিয়ে মূল পর্বে উঠি।
চূড়ান্ত পর্বে কোন রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন?
আল আমিন: প্রথম রাউন্ডেই বাদ পড়ে গেছি। প্রতিপক্ষ ছিল খুব কঠিন—বিশ্ব যুব বক্সিং ও যুব অলিম্পিকের বর্তমান চ্যাম্পিয়ন আজারবাইজানের ইসায়েভ অ্যালভেন। আমি হেরেছি ৯-১০ পয়েন্টে।
প্রায় সমান সমানই তো লড়াই হয়েছে?
আল আমিন: প্রায় জিতেই গিয়েছিলাম। এ জন্যই মনটা খারাপ ছিল। আসলে আমরা যে সামান্য সুযোগ-সুবিধা ও প্রস্তুতি নিয়ে খেলি তাতে চূড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্নই দেখতে পারিনি। তবে ওদের মতো অনুশীলন ও সুযোগ-সুবিধা পেলে হয়তো সেমিফাইনাল পর্যন্ত যেতে পারতাম।
বাংলাদেশের সঙ্গে অন্য দেশের বক্সারদের পার্থক্য কোথায়?
আল আমিন: অনুশীলনের সুযোগ-সুবিধাই আসল। আমরা অনুশীলন করি শুধুই ঘরোয়া প্রতিযোগিতার জন্য। দেশের বাইরে গিয়ে বেশি বেশি বিদেশি বক্সারের সঙ্গে খেলতে হবে আমাদের। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তো বলতে গেলে খেলিই না আমরা।
ওদের সঙ্গে খাবারদাবারেও তো পার্থক্য আছে?
আল আমিন: আমাদের সঙ্গে ওদের খাবারদাবারেও অনেক পার্থক্য। আমাদের পুষ্টি কম। আমরা মসলাযুক্ত খাবার খেতে অভ্যস্ত। ওরা বেশি বেশি ফল খায়, স্যুপ খায়। কোলেস্টেরলমুক্ত খাবার বেশি খায়।
অনেক বিদেশি বক্সারের সঙ্গে একই ডরমিটরিতে ছিলেন। তাঁরা কী বললেন আপনার খেলা দেখে?
আল আমিন: বক্সারের চেয়ে বিদেশি কোচরা আমাকে নিয়ে বেশি উচ্ছ্বসিত ছিলেন। দুই মার্কিন এবং এক কোরিয়ান কোচ আমাকে নিয়ে রীতিমতো টানাটানি করছিলেন।
টানাটানি কেন?
আল আমিন: চূড়ান্ত পর্বে একজন বক্সারের সঙ্গে দুজন কোচ রিংয়ে উঠতে পারেন। আমার সঙ্গে ছিলেন একজন—আতিয়ার রহমান। আরেকজন কে রিংয়ে আমার সঙ্গে যাবেন, সেটা নিয়ে মার্কিন মহিলা কোচ আর কোরিয়ান কোচের মধ্যে ঝগড়া লেগে গেল। দুজনই আমাকে খুব পছন্দ করতেন। শেষ পর্যন্ত মার্কিন কোচ যেতে পেরেছিলেন।
বক্সিংয়ে কীভাবে এলেন?
আল আমিন: ১৯৯৭ সালে আমাদের রাজশাহীর বক্সিং ক্লাব মডার্ন ক্লাবে এক বড় ভাইয়ের সঙ্গে খেলা দেখতে গিয়েছিলাম। বক্সিং দেখে এত ভালো লেগে গেল যে ভাইকে বললাম, আমি খেলব। তারপর উনি আমাকে ওখানে ঢোকানোর ব্যবস্থা করেন। এক মাসের ক্যাম্পে এক কোচ আমাকে দেখে বলেছিলেন, তোমার ফিজিক্যাল ফিটনেস ভালো, বক্সিংটা ছেড়ে দিয়ো না।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেলেন কীভাবে?
আল আমিন: আমি ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত জুনিয়র ও ইন্টারমিডিয়েট গ্রুপে একটানা চ্যাম্পিয়ন। ২০০৯ ও ২০১১ সালে জাতীয় চ্যাম্পিয়ন হই। কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। গত বাংলাদেশ গেমসে জুয়েল আহমেদকে হারিয়ে সোনা জিতলে ফেডারেশন আমাকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচন করে।
বক্সিং নিয়ে আপনার স্বপ্ন কী?
আল আমিন: আমি একদিন অলিম্পিকে খেলতে চাই।