‘অলৌকিক’ কিছু করতে পারবেন না রোনালদো
নিজের প্রতি প্রত্যাশার চাপ কমানোর জন্যই কি না কোনো ‘অলৌকিক’ কিছুর প্রত্যাশা না করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন পর্তুগালের সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৪-এর ইউরো চ্যাম্পিয়নশিপের সময় থেকেই পর্তুগালের সব আশা-ভরসার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন তিনি। এরপর একে একে চলে গেছে ২০০৬-এর বিশ্বকাপ ও ২০০৮-এর ইউরো চ্যাম্পিয়নশিপ। পর্তুগালকে আহামরি কিছু এনে দিতে পারেননি তিনি। তাই এবার বিশ্বকাপ শুরুর আগে থেকেই সাবধান হয়ে গেছেন ফিফার সাবেক বর্ষসেরা এ তারকা। তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা তাঁর কাছে অলৌকিক কিছুর প্রত্যাশা করে, তাদের ফুটবল জ্ঞান নেই। ফুটবল সম্পর্কে তারা কিছুই জানে না।বিশ্বকাপকে সামনে রেখে গতকাল শুক্রবার রাজধানী লিসবন থেকে বেশ দূরে একটি পার্বত্য এলাকায় অনুশীলন ক্যাম্পে এসেছেন পর্তুগালের খেলোয়াড়েরা। সেখানে জড়ো হওয়া সাংবাদিকদের রোনালদো বলেছেন, ‘কারও পক্ষেই একা কিছু করা সম্ভব নয়। আমি বিশ্বকাপে অলৌকিক কিছু করতে পারব না। দলের সবাইকে এক হয়ে খেলতে হবে। বিশ্বকাপ জিততে হলে সাত-আটজন খেলোয়াড়কে সেরা ফর্মে থাকতে হবে। এক-দুজনের ওপর নির্ভর করলে দল বিপদে পড়বে।’এদিকে গত বৃহস্পতিবার ইন্টার মিলানের কোচ হোসে মারিনহো জানিয়েছিলেন, বিশ্বকাপে রোনালদো ঘণ্টায় এক হাজার কিলোমিটার গতিতে দৌড়ালেও শিরোপা পাওয়ার কোনো সম্ভাবনা নেই পর্তুগালের। তবে বিশ্বকাপে পর্তুগালের সফলতা কেবল রোনালদোর ওপর নির্ভর করছে, এ অভিযোগ মানতে রাজি নন পর্তুগালের কোচ ও খেলোয়াড়েরা। হোসে মারিনহোর মন্তব্য একেবারেই কানে তুলছেন না জানিয়ে রোনালদো বলেছেন, ‘আমি মারিনহোর মন্তব্যে কান দিচ্ছি না। কেবল নিজেকে নিয়ে ভাবছি। বিশ্বকাপকে সামনে রেখে এ মুহূর্তে আমি কোনো বিতর্কে জড়াতে চাই না।’অপর পর্তুগিজ মিডফিল্ডার মিগুয়েল ভেলেসো বলেছেন, ‘আমি মারিনহোর মতামতকে শ্রদ্ধা করি। কিন্তু এ পর্যায়ে তিনি যা বলেছেন, তা ঠিক নয়। পর্তুগাল দলে প্রতিভার কোনো অভাব নেই। আমরা কেবল রোনালদোর ওপর নির্ভর করছি না। দলটিতে প্রতিপক্ষের সঙ্গে পার্থক্য গড়ে দেওয়ার মতো কয়েকজন খেলোয়াড় রয়েছে।’