‘অশ্রাব্য’ নাসরি !
আবার বিতর্কের কেন্দ্রে সামির নাসরি। এবার তাঁর মুখের আক্রমণের শিকার হয়েছেন বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক। স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে পরাজয়ের পর এএফপির সেই সাংবাদিক নাসরির সঙ্গে কথা বলতে গেলে অশ্রাব্য ভাষা দিয়ে তাঁকে স্বাগত জানান এই ফরাসি মিডফিল্ডার।ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সমতাসূচক গোল করেই সামির নাসরি দর্শকদের উদ্দেশে কটু মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছিলেন। কাল পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর চড়াও হয়ে নিজেকে নতুন করে উন্মোচন করলেন নাসরি।ম্যাচ শেষে এএফপির সেই ফরাসি সাংবাদিক নিরপেক্ষ জোনে সামির নাসরিকে পেয়ে ম্যাচের বিশ্লেষণ জানতে চান। নাসরি তাঁকে বলেন, ‘আপনারা সাংবাদিকেরা তো যা খুশি তা-ই লেখেন।’ তখন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর তাঁকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন পড়ে তাঁর মা যে অসুস্থ হয়ে পড়েছে, সে বিষয়ে বেশ কড়া করেই কথা বলতে থাকেন সামির নাসরি। এএফপির সেই সাংবাদিক বেশ বিনয়ের সঙ্গেই বলেন, ‘আমি ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি। আপনার বিপক্ষে যা-তা লিখতে চাইলে আমি আপনার সঙ্গে কথা বলতে আসতাম না।’ ঠিক তখনই ক্ষোভে উন্মত্ত হয়ে নাসরি সেই সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বলেন, ‘যা তোকে গালি দিলাম। এখন খুঁজে বের কর, আমি কোন পরিবার থেকে এসেছি।’এদিকে, সামির নাসরির বিপক্ষে ফরাসি ড্রেসিং রুমেও সমস্যা তৈরি করার অভিযোগ এসেছে। জানা গেছে, সুইডেনের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের সময় ড্রেসিং রুমে তাঁর সঙ্গে নাকি হাতেম বেন আরফা ও আলোউ দিয়ারার প্রচণ্ড ঝগড়া হয়। এ সময় নাসরি নাকি কোচ লরেন্ত ব্লঁকেও দু-কথা শুনিয়ে দিতে ছাড়েননি।সামির নাসরির জন্য এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ অনেক দিন মনে থাকবে ফরাসিদের ! ওয়েবসাইট।