'অসাধারণ, শ্বাসরুদ্ধকর নীরবতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভদ্রলোককে চিনতে পেরেছেন? আজকের এই বুড়োই ১৯৫০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে গুঁড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ানদের স্বপ্ন। জয়সূচক গোল করে অ্যালসিডেস ঘিগিয়া উরুগুয়েকে উপহার দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বকাপ। ২০১০ সালে মন্টেভিডিওর ফুটবল জাদুঘরে ঠাঁই নিয়েছে মারাকানার সেই ম্যাচের ছবি। সেটির সামনে দাঁড়িয়ে ঘিগিয়া  এএফপি
ভদ্রলোককে চিনতে পেরেছেন? আজকের এই বুড়োই ১৯৫০ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে গুঁড়িয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ানদের স্বপ্ন। জয়সূচক গোল করে অ্যালসিডেস ঘিগিয়া উরুগুয়েকে উপহার দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বকাপ। ২০১০ সালে মন্টেভিডিওর ফুটবল জাদুঘরে ঠাঁই নিয়েছে মারাকানার সেই ম্যাচের ছবি। সেটির সামনে দাঁড়িয়ে ঘিগিয়া এএফপি

নৈঃশব্দ্যের শব্দটা আসলে কেমন? ভাবছেন, নৈঃশব্দ্যের আবার শব্দ হয় নাকি! হয়। বিশ্বাস না হলে অশীতিপর একজন ব্রাজিলিয়ানকে খুঁজে বের করুন। তিনিই বলে দেবেন শব্দহীনতার মধ্যেও কীভাবে বেজে ওঠে হাহাকারের করুণ সুর। বলে দেবেন পিনপতন নীরবতা কী করে মহাপ্রপাতের মতো শোক নিয়ে আসে।
আরেকজন জানেন। তিনি অ্যালসিডেস ঘিগিয়া। ১৯৬০ সালে উরুগুয়ে উইঙ্গারকে ১০ বছর আগের সেই দিনের কথা মনে করিয়ে দিয়েছিল গ্লোবো টিভি। এর পরই জন্ম সেই মহাকাব্যিক উক্তির, ‘মাত্র তিনজন লোকই মুহূর্তের মধ্যে মারাকানাকে স্তব্ধ করে দিতে পেরেছে—ফ্রাঙ্ক সিনাত্রা, পোপ দ্বিতীয় জন পল ও আমি।’ কী ভেবে সেটি বলেছিলেন? ঘিগিয়ার উত্তর, ‘আমার কাছে মারাকানাজো সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। কথাটা হঠাৎ করেই মাথায় চলে এসেছিল, কিছু ভেবে বলিনি।’
ফুটবলের ইতিহাসে আর কোনো ম্যাচ নিয়ে সম্ভবত এত গল্প, এত উপ্যাখ্যান লেখা হয়নি। নিশ্চয়ই বুঝে ফেলেছেন কোন ম্যাচটির কথা বলা হচ্ছে। ১৯৫০ বিশ্বকাপের অলিখিত ফাইনাল হয়ে যাওয়া সেই ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ। যেটিতে ২-১ গোলের পরাজয় ব্রাজিলিয়ানদের বুকে এমনই শেলসম বিঁধেছিল যে, সেটি ‘মারাকানাজো’ (মারাকানা বিপর্যয়) নামে পরিচিতি পেয়ে যায়।
সেই ম্যাচে ড্র করলেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতত ব্রাজিল। ফ্রিয়াকার গোলে তো আগাম উদ্যাপনই শুরু করে দিয়েছিল দুই লাখ দর্শকে গমগম করা মারাকানা। এরপর শিফিয়ানোর গোলে উরুগুয়ে সমতা ফেরানোয় সেই উল্লাস স্তিমিত হয়েছিল বটে, কিন্তু আশাটা বেঁচে ছিল। কিন্তু খেলা শেষের ১০ মিনিট আগে ঘিগিয়া যখন গোল করে বসলেন, সেই মুখরতা মুহূর্তের মধ্যে রূপ নিল নৈঃশব্দে। ঘিগিয়ার ভাষায়, ‘অসাধারণ, শ্বাসরুদ্ধকর নীরবতা।’
সেই ম্যাচের ব্রাজিল ও উরুগুয়ে দলের খেলোয়াড়দের মধ্যে একমাত্র ঘিগিয়াই এখনো বেঁচে। সেই দিনটিতে ফিরে গিয়ে তিনি বলছেন, ‘তখন কিছুই বুঝতে পারিনি। তখন আমার বয়স ছিল খুব কম (২৩)। কয়েক বছর পর যখন মানুষ এটা নিয়ে বই লিখতে শুরু করল, আমার কাছে এটা নিয়ে প্রশ্ন করতে লাগল, তখনই কেবল আমি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরেছিলাম।’
বিশ্বকাপজয়ী সেই উরুগুয়ে দলের আর কার কথা মনে রেখেছে মানুষ! ঘিগিয়া নামের ছটায় বাকি সবাই অদৃশ্য। তিনি অবশ্য কৃতিত্বটা ভাগ করে দিয়েছেন সবার মধ্যেই, ‘আমার সঙ্গে আরও অনেকেই খেলেছিল। আপনি তো একা একা খেলতে পারবেন না, আমরা ১১ জন খেলেছিলাম। তবে এটা সত্যি, গোলটা আমার জীবন বদলে দিয়েছিল। এরপর আমি রোমা ও মিলানের হয়ে ইউরোপে খেলার সুযোগ পাই।’
এমন একটা গোল সারা জীবন স্মৃতিতে অমলিন হয়ে থাকার কথা। ৮৭ বছর বয়সী ঘিগিয়ার ধূসর নিউরনেও সজীব সেই স্মৃতি, ‘গোলটা এখনো আমার মাথায় গেঁথে আছে। আমাকে কয়েক মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নিতে হতো আমি কী করব। আমার সৌভাগ্য, পোস্টের ভেতর বলটা ঢুকিয়ে দ্বিতীয় গোলটা করতে পেরেছিলাম। ম্যাচের পর আমরা উল্লাসে ফেটে পড়েছিলাম আর নিস্তব্ধ স্টেডিয়ামে মানুষ কাঁদছিল।’
পাঁচটি বিশ্বকাপ জেতার পরও সেই দুঃখ এখনো বুকে বয়ে বেড়ায় ব্রাজিলিয়ানরা। সেই ম্যাচে ব্রাজিলের গোলরক্ষক বারবোসা ২০০০ সালে মৃত্যুর আগে বলেছিলেন, ওই ম্যাচের পর ঘৃণ্য অপরাধীর মতো দেখা হয়েছে তাঁকে। ব্রাজিলিয়ানরা এ-ও বলে, ওই পরাজয় এখনো ভূতের মতো আছর করে আছে মারাকানায়। ঘিগিয়াই কি সেই ‘ভূত’? খুবই স্বাভাবিক, তিনি তা মানবেন না, ‘সাংবাদিকেরাই প্রথম কথাটা বলতে শুরু করেছিলেন, আমি নই। মারাকানার ভূত আমি না অন্য কেউ, আমি তা জানি না।’
৬৪ বছর পর আবার ব্রাজিলে বিশ্বকাপ। সেই মারাকানাতেই ফাইনাল। উরুগুয়ে আছে এবারও। সুয়ারেজরা কি পারবেন আরেকটা ‘মারাকানাজো’র জন্ম দিতে? ঘিগিয়া একই সঙ্গে আশাবাদী ও সাবধানী, ‘জীবনে কী হবে, সেটা কেউই বলতে পারে না। উরুগুয়ে কেমন খেলে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমি সব সময়ই তাদের জয়ের আশা করি, ওদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই।’ এএফপি অবলম্বনে।