‘অসাধারণ’ পাকিস্তানে রোমাঞ্চিত মিসবাহ
সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। প্রাপ্তির যেটুকু বাকি ছিল, সেটাও পাকিস্তান পেয়ে গেল শেষ ম্যাচে—মিসবাহ-উল-হকের রানে ফেরা আর উমর আকমলের পরিণত ব্যাটিং। ২১৯ রান তাড়ায় পথ হারানো পাকিস্তানের ইনিংসটাকে পথে ফিরিয়েছে মিসবাহর ৬৬। আর ৬০ বলে অপরাজিত ৬১ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়ে ফিরেছেন আকমল।৩ উইকেটের জয় শুনলে যেমন মনে হয়, আসলে ম্যাচটা কিন্তু ততটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না। জয়ের কাছাকাছি গিয়ে ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় পাকিস্তান। অহেতুক রিভার্স সুইপের চেষ্টায় মিসবাহ আত্মহত্যা না করলে জয়ের ব্যবধানটা বড়ই হতো। এ নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই মিসবাহর। বিশ্বকাপ ফাইনালিস্টদের সিরিজে উড়িয়ে দিতে পেরে পাকিস্তান অধিনায়ক উচ্ছ্বসিত, ‘শীর্ষ একটি দলকে ৪-১-এ হারানো দারুণ অর্জন, আমার দলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি খুশি যে দল উন্নতি করছে এবং নিয়মিত পারফর্ম করছে।’স্পট ফিক্সিং বিতর্ক, দলের অন্যতম সেরা তিন পারফর্মারকে হারানো, অধিনায়কত্বের হাতবদল, ক্রিকেটার-প্রশাসকদের দ্বন্দ্ব—এমন হাজারো বিতর্কে জর্জরিত পাকিস্তানের এমন সাফল্য আসলেই বিস্ময়কর। এ বছর পাঁচটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে পাঁচটিতেই জয়। সাফল্যের হারে যৌথভাবে শীর্ষে অস্ট্রেলিয়ার সঙ্গে। ২৯ ম্যাচের ২১টিতে জিতেছে পাকিস্তান, ২৫ ম্যাচের ১৮টিতে অস্ট্রেলিয়া। দুই দলের সাফল্যের হারই ৭৫ শতাংশ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের পাঁচেও উঠে এসেছে পাকিস্তান, সাম্প্রতিক অতীতে যেটা তাদের সেরা অবস্থান।এই ধারাবাহিকতার মূল কারণ মনে করা হচ্ছে মিসবাহর নেতৃত্বে দলের এককাট্টা হতে পারাকেই। এই সিরিজেই যেমন সাবেক তিন অধিনায়ক—ইউনুস খান, শোয়েব মালিক ও শহীদ আফ্রিদি খেলেছেন মিসবাহর নেতৃত্বে। কিন্তু মাঠে দলীয় সমঝোতা ছিল চোখে পড়ার মতো। এটাই সবচেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে মিসবাহকে, ‘সিনিয়র ও জুনিয়র ক্রিকেটারদের দারুণ সমন্বয়ে আমি সন্তুষ্ট। তারা নিজের দায়িত্ব ও ভূমিকা বুঝতে পারছে এবং যেভাবে দায়িত্ব পালন করছে তাতে আমি খুশি। এখন এই দলকে বলতে পারেন একটা অভিজ্ঞ দল, আমি দলের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।’বিশ্বকাপের পর তিনটি দ্বিপাক্ষিক সিরিজের তিনটিতেই হারল শ্রীলঙ্কা। মুত্তিয়া মুরালিধরনের অবসরে বোলিংয়ে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে ঠিকই। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাটিংটাই হয়ে দাঁড়িয়েছে তাদের মূল সমস্যা। সাঙ্গাকারা-জয়াবর্ধনের ওপর অতিনির্ভরতা, দিলশানের বাজে ফর্ম, তরুণদের সুযোগ কাজে লাগাতে না পারা—ব্যাটিংয়ে সমস্যার শেষ নেই।শেষ ওয়ানডের ভেন্যু আবুধাবিতেই দুই দল আজ মুখোমুখি হবে একমাত্র টি-টোয়েন্টিতে। ওয়েবসাইট।