‘অসি কিমে’র অস্ট্রেলিয়া জয়
অস্ট্রেলিয়ান লেটন হিউইটের সঙ্গে সম্পর্ক ছিল। সেই সূত্রে অস্ট্রেলিয়ার একজন হয়ে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ানদের কাছে ক্লাইস্টার্স হয়ে গিয়েছিলেন ‘অসি কিম’। সম্পর্ক ভেঙে গেছে সেই কবে, কিন্তু অস্ট্রেলীয়দের আদরের কিমই রয়ে গেছেন ক্লাইস্টার্স। কাল অস্ট্রেলিয়ান ওপেন জিতে রড লেভার অ্যারেনায় দাঁড়িয়ে তাই বললেন, ‘এখন আমার মনে হচ্ছে, তোমরা আমাকে “অসি কিম” বলেই ডাকতে পারো। কারণ, আমি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছি।’ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে চীনের লি নাকে ৩-৬, ৬-৩, ৬-৩ গেমে হারালেন ‘টেনিস মম’। মেয়ে জাডার জন্মের পর ক্লাইস্টার্স জিতলেন তিনটি গ্র্যান্ড স্লাম। এর আগে মা হিসেবে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ইভান গুলাগং।প্রথম এশিয়ান ও চীনা মেয়ে হিসেবে গ্র্যান্ড স্লাম জেতা হলো না। অথচ লি শুরুটা করেছিলেন দুর্দান্ত। প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটেও এগিয়ে ছিলেন ২-০-তে। এর পর থেকেই ঘুরে দাঁড়ানো শুরু ২৭ বছর বয়সী বেলজিয়ানের। ২ ঘণ্টা ৫ মিনিটের ম্যাচে দুর্দান্ত ভলি আর সার্ভিসে কাবু করে দেন ফাইনাল অনভিজ্ঞ লিকে। জিতে নিলেন টানা দুটি গ্র্যান্ড স্লাম। সব মিলিয়ে চারটি।টুর্নামেন্টে খেলতে আসার আগে সামনের দাঁত ভেঙে গিয়েছিল ক্লাইস্টার্সের। অবস্থা এমন হয়েছিল যে লজ্জায় মুখ পর্যন্ত খুলতে পারতেন না। বিমানবন্দরে নেমেই গিয়েছিলেন এক ডেন্টিস্টের কাছে। প্রিয় ‘অসি-কিম’কে চিনতে ভুল করেননি ওই ডেন্টিস্ট। খুবই দ্রুত ব্যথাহীনভাবে দাঁতের চিকিৎসা করেছেন ওই ভদ্রলোক, বিনিময়ে কোনো টাকা-পয়সা নেননি। শুধু আবদার করেছিলেন, ‘যদি চ্যাম্পিয়ন হও তাহলে শুধু আমাকে ধন্যবাদ দিয়ো।’ কথা রেখেছেন ক্লাইস্টার্স। ট্রফি হাতে নিয়েই ধন্যবাদ জানিয়েছেন তাঁকে। ধন্যবাদ জানিয়েছেন সেই দোহা থেকে ক্লাইস্টার্সের সঙ্গে থাকা তাঁর চাচাকেও। বর্ষ শেষের ওই টুর্নামেন্টে সবুজ এক ট্রাউজার পরেছিলেন তিনি, চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্লাইস্টার্স। সংস্কারে বিশ্বাসী ক্লাইস্টার্স এখানেও আসতে বলেছিলেন চাচাকে। কাল ট্রফি নেওয়ার সময় হেসে বললেন, ‘হা ঈশ্বর! সত্যি সত্যিই ওই নোংরা ট্রাউজার পরে এসেছেন চাচা।’এখানেই একদিন অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ক্লাইস্টার্সের আদর্শ মনিকা সেলেস। যাঁকে দেখে টেনিসে আসা, সেই মনিকার মতো ট্রফি উঁচু করতে পারতেন সাত বছর আগেই। কিন্তু সেবার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন জাস্টিন হেনিন। এবার জিতে জানালেন, ‘লিও অবশ্যই শক্ত প্রতিপক্ষ। ও ভালোই করছিল। ফোরহ্যান্ড-ব্যাকহ্যান্ড দুটোই ভালো খেলছিল। সার্ভও ভালো করছিল।’ হারের পর লির কথা, ‘জিতেছি কি হেরেছি, সেটা বড় নয়। আমি আমার সেরা টেনিস খেলেছি।’ রুপার থালাটা হাতে নিয়ে লি সান্ত্বনা খুঁজতে পারেন এই ভেবে যে, আগামী সপ্তাহেই উঠে যাচ্ছেন ক্যারিয়ার-সেরা র্যাঙ্কিং সাতে। দুই নম্বরে উঠবেন ক্লাইস্টার্স। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।