‘অস্ট্রেলিয়া না আবার “ওয়েস্ট ইন্ডিজ” হয়’
সত্তর-আশির দশকে দোর্দণ্ড প্রতাপেই ক্রিকেট-বিশ্বকে শাসন করেছিল লয়েড, গ্রিনিজ, রিচার্ডস, রবার্টস, হোল্ডিং, কালিচরনদের ওয়েস্ট ইন্ডিজ। নব্বইয়ের মাঝামাঝি সময় থেকে স্টিভ-মার্ক ওয়াহ, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রাদের অস্ট্রেলিয়া ক্রিকেটামোদীদের পান করিয়েছিল আগ্রাসী ক্রিকেটের নতুন সুধা। অস্ট্রেলিয়ার সেই আগ্রাসনে পুড়েছিল বিশ্বের প্রায় সব দেশই। বিশ্বকাপের অনিশ্চিত শ্রেষ্ঠত্বকে নিজেদের পদতলে নিয়ে পরপর তিনটি বিশ্বকাপকে নিজেদের করে তারা প্রমাণ করে দিয়েছিল ক্রিকেটে সময়ের সেরা দল তারাই।কালের বিবর্তনে অস্ট্রেলিয়ার সেই দলটি থেকে সরে গেছেন দুই ওয়াহ, শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রাদের মতো ক্রিকেটাররা। ইতিহাসে অদ্বিতীয়তম এসব ক্রিকেটারের অভাবটা ২০১১ সালে এসে খুব বাজেভাবেই টের পাচ্ছে দলটি। এঁদের জায়গায় যাঁরা আসছেন, তাঁরা তাঁদের অভাব পূরণতো দূরের কথা, ওয়ার্ন-ম্যাকগ্রাদের অভাবটাই বড় নগ্নভাবে সামনে নিয়ে আসছেন।এমন একটি পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার আগের সেই সুদিন যে গত হওয়ার পথে—ব্যাপারটি মানছে অনেকেই। দীর্ঘদিন পরই এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ফেবারিট বলতে চাচ্ছে না অনেকেই।ক্রিকেটে কারও সুদিন আসবে, কারও বা দুর্দিন। ব্যাপারটি স্বাভাবিকই। কিন্তু ক্রিকেটে অস্ট্রেলিয়াকে প্রতিনিধিত্ব করা অনেক সাবেকই আশঙ্কা করছেন, অস্ট্রেলিয়ার ক্রিকেট না আবার ‘ওয়েস্ট ইন্ডিজে’ পরিণত হয়।সাবেক অসি উইকেটরক্ষক স্টিভ রিক্সন মন্তব্য করেছেন, ‘আমাদের ক্রিকেট নিয়ে এ মুহূর্তে করণীয় রয়েছে অনেক কিছুই। সত্যি কথা বলতে কী, অস্ট্রেলিয়ার ক্রিকেট সঠিক পথে চলছে না।’ তিনি আরও বলেন, এভাবে চলতে থাকলে, অস্ট্রেলিয়ার ক্রিকেটের ‘ওয়েস্ট ইন্ডিজ’ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।অস্ট্রেলীয় ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা নতুন প্রতিভাবান ক্রিকেটার বের হয়ে না আসা। আর এ ব্যাপারটিই বেশি ভাবাচ্ছে দীর্ঘদিন অস্ট্রেলীয় ক্রিকেটকে কাছ থেকে দেখে আসা রিক্সনকে।অস্ট্রেলিয়ার ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে চান রিক্সন। দূর থেকে অনেক ব্যাপারেই ক্রিকেট অস্ট্রেলিয়াকে নানা রকম পরামর্শ দিয়েছেন। কিন্তু নিজের পরামর্শ অস্ট্রেলিয়ার ক্রিকেট সংশ্লিষ্টরা না শোনায় স্পষ্টতই তাঁর কণ্ঠে ঝরেছে হতাশা।‘আমি অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে বলতে বলতে সত্যিই হতাশ। কোনো পরামর্শই কর্মকর্তারা গ্রহণ করছেন না।’ বলেছেন রিক্সন।রিক্সন আরও বলেছেন, ‘আমি দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে জড়িত। অনেক ক্ষেত্রেই আমার অবদান রাখার সুযোগ রয়েছে। ক্রিকেট তো আমিও কিছুটা বুঝি।’রিক্সনের সঙ্গে গলা মিলিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক কিম হিউজ। তিনি বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন নিয়ে একেবারেই খুশি হতে পারছেন না। তিনি দলে মাইক হাসিকে না নেওয়ার তীব্র সমালোচনা করেছেন।হিউজ এবারের অস্ট্রেলিয়া দলকে ‘গড়পরতা’ দল হিসেবে অভিহিত করে বলেছেন, ‘আমার মনে হয় না, এই দল নিয়ে বেশি দূর যাওয়া যাবে।’‘এই দলটি স্পিনে খুবই দুর্বল। বোলিংয়ে ব্রেট লি ছাড়া “বিষ ছড়ানো” কেউ নেই। খুব বেশি হলে সেমিফাইনাল পর্যন্ত আমরা অস্ট্রেলিয়াকে আশা করতে পারি।’ কিম হিউজের ভাষ্য। ওয়েবসাইট।