‘অস্ট্রেলিয়াই আমাকে কঠিন বানিয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষে যত বড় বোলারই থাকুক, ব্যাট হাতে ২২ গজে নিজের শাসন প্রতিষ্ঠা করাটাই তাঁর ধ্যানজ্ঞান। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ বছর কাটিয়েও বোলারদের নির্ঘুম রাত জাগানোর আকাঙ্ক্ষাটা শচীন টেন্ডুলকারের এতটুকু কমেনি। এ জন্য আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক অস্ট্রেলিয়ার কাছেও কৃতজ্ঞ। টেন্ডুলকারই জানিয়েছেন, অস্ট্রেলিয়ানরাই তাঁর ক্রিকেট-মননটাকে কঠিন করে গড়ে তুলতে সাহায্য করেছে।পরশু ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাব পাওয়ার পর ক্রিকেটার-জীবনের আরও অনেক কথাই বলেছেন টেন্ডুলকার। কদিন আগে ভারতে এসে ঘোষণাটা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। পরশু অস্ট্রেলিয়ার আঞ্চলিক উন্নয়ন ও স্থানীয় সরকারমন্ত্রী সাইমন ক্রিন বাস্তবায়ন করলেন মুম্বাইয়ে এক অনুষ্ঠানে টেন্ডুলকারকে আনুষ্ঠানিকভাবে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ খেতাবে ভূষিত করে। সম্মাননার অংশ হিসেবে টেন্ডুলকারকে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার আদিবাসী শিল্পী জেনিস মারের রং করা একটা স্টাম্প, একটা পদক ও একটা সনদ। অস্ট্রেলিয়ার বাইরের চতুর্থ ক্রিকেটার এবং ভারতের প্রথম ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে এই পুরস্কার পেলেন শচীন টেন্ডুলকার।অস্ট্রেলিয়ার সম্মাননায় ভারতীয় ‘লিটল মাস্টার’ উচ্ছ্বসিত। স্ত্রী অঞ্জলিকে পাশে নিয়ে টেন্ডুলকার হয়ে পড়েন নস্টালজিক। বলেছেন, ১৯৮৫ সালে মাত্র ১২ বছর বয়সেই অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলার স্বপ্ন দেখা শুরু করেন, ‘ওই সময় আমি টেলিভিশনে ওদের দিবারাত্রির অসাধারণ ম্যাচগুলো যখন দেখতাম, তখনই স্বপ্ন দেখা শুরু করি, আমি সেখানে যেতে চাই এবং ক্রিকেট খেলতে চাই। এই স্বপ্নটাই সত্যি হয়ে আসে ১৯৯১-৯২-তে। ১৮ বছর বয়সেই আমি বিশ্বের শীর্ষ দলটির বিপক্ষে খেলি। এটাই আমাকে ক্রিকেটার হিসেবে পুরোপুরি বদলে দিয়েছে।’অস্ট্রেলিয়ানদের ‘প্রবল প্রতিপক্ষ’ আখ্যায়িত করে বলেছেন, ‘যখন আপনি ওদের বিপক্ষে ভালো করবেন, ওরা আপনাকে সম্মান দেখাবে। ওটা ছিল আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত। ওই সাড়ে তিনটি মাস আমাকে সম্পূর্ণ বদলে দেয় এবং তখনই আমার মনে হয়, আমি বিশ্বের যেকোনো আক্রমণের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত। আমার কঠিন ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার পথে অস্ট্রেলিয়ানদের অবদান আছে।’১৯৯১-৯২ মৌসুমে নিজের প্রথম অস্ট্রেলিয়া সফরেই জাত চিনিয়েছিলেন ১৮ বছর বয়সী টেন্ডুলকার। সফরে ভারত ৪-০-তে টেস্ট সিরিজ হারলেও ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ৩৬৮ রান করেছিলেন তিনি। যার মধ্যে ছিল সিডনি ও পার্থের দুই সেঞ্চুরি। সেই থেকেই অস্ট্রেলিয়া যেন হয়ে ওঠে তাঁর এক ‘প্রিয়’ প্রতিপক্ষ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫ টেস্টে ১১টি সেঞ্চুরিসহ ৫৭.৩০ গড়ে ৩৪৩৮ রান ও ৭১ ওয়ানডেতে ৯টি সেঞ্চুরিসহ ৪৪.৫৯ গড়ে ৩০৭৭ রান সেটাই প্রমাণ করে। ওয়েবসাইট।