‘অস্ট্রেলিয়ার জন্য কোনো সহানুভূতি নেই’
‘অস্ট্রেলিয়ার জন্য আমার কোনো সহানুভূতি নেই। এই দলটি ২৪ বছর ধরে ইংল্যান্ডকে পরাজয়ের বিষে নীল করেছে। চার বছর আগের দুঃসহ স্মৃতি দগদগে ঘা হয়ে আছে ইংলিশদের মনে। সময় বদলেছে, ইংল্যান্ড প্রায় সব বিভাগেই অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করেছে। ইংলিশরা অনেক ভুগেছে। এবার সময় এসেছে অস্ট্রেলিয়াকে ভোগার। ওদের ভুগতে দিন।’ অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৭১ রানে হারানোর পর ব্রিটিশ সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফে লেখা নিজের কলামে এভাবেই অনুভূতি প্রকাশ করেছেন চাঁচাছোলা কথা বলার জন্য বিখ্যাত ইংলিশ ক্রিকেট কিংবদন্তি জিওফ বয়কট।‘অস্ট্রেলিয়া চর্চা’র পাশাপাশি নিজের দেশ ইংলিশ খেলোয়াড়দেরও প্রশংসায় ভাসিয়েছেন বয়কট। বলেছেন, এটি ইংল্যান্ডের অসাধারণ এক জয়। দলটি এ জয় পুরোপুরি অর্জন করেছে। সব বিভাগে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেই ইংল্যান্ড এ জয় তুলে নিয়েছে। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাটিং শৃঙ্খলা বয়কটের মনে ধরেছে। তিনি এ অসাধারণ জয়ের নেপথ্য কারিগর হিসেবে ব্যাটসম্যানদের দিয়েছেন পুরো নম্বর। বয়কট তাঁর কলামে লিখেছেন, ‘অ্যাডিলেড টেস্টে ইংলিশ ব্যাটসম্যানদের যে ব্যাপারটি আমার সবচেয়ে ভালো লেগেছে, তা হলো তারা পুরো ইনিংসে একটিও বাজে শট খেলেনি। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে তারা অস্ট্রেলিয়ার ঘাড়ে রানের বোঝা চাপিয়ে দিয়েছে। বিশেষ করে কুক ও পিটারসেন ছিল অনন্য।’ইংলিশ ব্যাটসম্যানদের প্রশংসার পাশাপাশি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের একেবারে ধুয়ে দিয়েছেন জিওফ বয়কট। তিনি তাঁদের সমালোচনা করে বলেছেন, ‘এরা জানে কেবল মেরে রান করতে, টেস্ট ক্রিকেটে যে উইকেটে পড়ে থেকে ম্যাচ বাঁচানোর লড়াই করতে হয়, তা কি অস্ট্রেলিয়ার মতো দলকে নতুন করে শেখাতে হবে?’ মাইক হাসির আউটকে ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করে বয়কট লিখেছেন, মাইক হাসির আউট ইংলিশ বোলারদের সামনে অস্ট্রেলিয়ার লেজকে সামনে নিয়ে এসেছে। অস্ট্রেলিয়ার দল নির্বাচনও সঠিক ছিল না বলে তিনি তাঁর কলামে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, চার বছর আগে দল নির্বাচন নিয়ে ইংলিশ নির্বাচকেরা সমালোচনায় ভেসে গিয়েছিল। এবার অস্ট্রেলীয় নির্বাচকদের সে সমালোচনা সহ্য করার পালা। দেখি, সেই সমালোচনাকে তাঁরা কীভাবে মোকাবিলা করে!