দেশের মাটিতে খেলা, সবাইকে মুগ্ধ করে দিতে হবে—এমন ভাবনা থেকেই দক্ষিণ এশীয় গেমসের (এসএ) উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান নিয়ে বেশ তোড়জোড় চলছে। অনুষ্ঠান আয়োজনবিষয়ক কমিটির প্রধান মেজর জেনারেল আমিন আহমদ চৌধুরী বীর বিক্রম (অব.) জানাচ্ছেন বিস্তারিত এবার নাকি খুব জমজমাট অনুষ্ঠান হচ্ছে?আমিন আহমদ চৌধুরী: আমরা একটা আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করতে চাই। অনেক নতুনত্বের মধ্যে অ্যাকুয়াটিক শো হবে দেখার মতো। উপমহাদেশে এটাই প্রথম এ ধরনের শো। উদ্বোধনী-সমাপনী দুই অনুষ্ঠানেই এটা থাকবে। অ্যাকুয়াটিক শো কেমন হবে?আমিন আহমদ: ২৪ ফুট বাই ৫০ ফুটের উন্মুক্ত মঞ্চের পাটাতন হবে লোহার, ওপরে কাঠের গাঁথুনি। ১৮ বাই ৪০০ ফুটের রাবারের সুইমিং পুল থাকবে এর ওপর, যাতে পানির উচ্চতা দুই ফুট, ফোয়ারা ১২২-১২৬ ফুট। এতে মূল আকর্ষণটা কী?আমিন আহমদ: ২২ বাই ৪০০ ফুটের মধ্যে মিউজিকের তালে ৮০ জন ডান্সার ডান্স করবে ৩৮ মিনিটের এই আকর্ষণীয় পর্বে। গোটা গুলিস্তান এলাকায় যে বিদ্যুত্ প্রয়োজন, ওই সময়ে তার সমান ৩ মেগাওয়াট বিদ্যুত্ লাগবে এখানেই! উদ্বোধনী অনুষ্ঠানে আর কী থাকবে?আমিন আহমদ: ৬-৮ মিনিট বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পর্ব, যাতে একাত্তরে জর্জ হ্যারিসনের গাওয়া সেই বিখ্যাত গানটাও থাকবে। ৬০ বাই ৬০ ফুট পর্দায় ১৮টি প্রজেক্টর দিয়ে এটা দেখানো হবে। আর কিছু?আমিন আহমদ: স্বাধীনতাযুদ্ধের ওপর সাত আইটেমের ‘জাগ্রত বাংলাদেশ’ নামে ২২ মিনিটের অনুষ্ঠান। স্বাধীন বাংলা বেতারের বিখ্যাত সব গান নিয়ে কোরিওগ্রাফি, তেভাগা আন্দোলনের ওপর গীতি আলেখ্য। নাচোলের রানী কাহিনি আর সাঁওতাল নৃত্য বাড়তি আকর্ষণ। ধান তোলা, মাছ মারা, হা-ডু-ডু খেলা... এমন সব গ্রামীণ জীবনের ছবি নিয়ে নবান্ন উত্সব পর্ব। সমাপনীতে কী থাকছে?আমিন আহমদ: মনিপুরি নৃত্য, আর্মফোর্সের ব্যান্ড ডিসপ্লে, ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’...গীতিনাট্য, পেইন্টিং ডিসপ্লে। আটটি দেশের লন্ডনভিত্তিক সেলিব্রেটি শিল্পীদের গান, ফ্রান্স থেকে আনা ১৫ মিনিটের উন্নত প্রযুক্তির আতশবাজি। পেইন্টিং ডিসপ্লেটা কী?আমিন আহমদ: এটা আমাদের স্বাধীনতাযুদ্ধ এবং স্মরণীয় কিছু জাতীয় ঘটনার উপস্থাপন। ইডেন কলেজের সাড়ে তিন হাজার মেয়ে অংশ নেবে এতে। উদ্বোধনী-সমাপনী দুবারই হবে। সব মিলিয়ে কতজন পারফর্মার?আমিন আহমদ: উদ্বোধনীতে ৯ হাজার, মোট ১২ হাজার। ভারতেশ্বরী হোমসের ৭৫০, মির্জাপুরের একটা স্কুলের ২৫৪সহ ১৭-১৮টা স্কুল-কলেজের ছেলেমেয়ে থাকবে। আনসারই ১৩০০, নাচোলের রানী কাহিনিতে অংশ নেবে ৬০০ সাঁওতাল। ইলা মিত্রের সখী হিসেবে আসছে ২০০ জন। বিশাল আয়োজন, খরচ কত?আমিন আহমদ: ১৬ কোটি টাকা খরচ হয়েই গেছে। আরও ১০ কোটি টাকা লাগবে এক সপ্তাহের মধ্যে। মোট ৩০-৩২ কোটি টাকা তো লাগবেই। পুরো অ্যাকুয়াটিক শো, আতশবাজি, সাউন্ড সিস্টেমসহ বাজেট ৮ কোটি ৫৩ লাখ টাকা। ৮টি দেশের শিল্পীদের আনা বাবদ ভ্যাট বাদেই খরচ প্রায় ৪০-৫০ লাখ টাকা। মিউজিক কম্পোজিশনেই লাগবে প্রায় ৭০-৮০ লাখ টাকা। মিউজিক কম্পোজিশনে এত টাকা কেন?আমিন আহমদ: খরচ তো হবেই। ২ জন সংগীত পরিচালক আর ৬০ জন মিউজিয়ান থাকছেন। ৮০ হাজার ওয়াটের সাউন্ড সিস্টেম, বুঝতেই পারছেন পুরো এলাকা মাতোয়ারা হয়ে যাবে। ১৯৯৩ ঢাকা সাফেও উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন আপনি। সেই অভিজ্ঞতা কাজে আসছে নিশ্চয়ই?আমিন আহমদ: গত দুটি গেমসে উদ্বোধনী-সমাপনী পরিচ্ছন্ন অনুষ্ঠান হয়েছে। তখন ছয় মাস পাওয়া গেছে অনুশীলনের জন্য। এবার দুই মাস। তাও এক মাস ছেলেমেয়েদের পরীক্ষার জন্য চলে গেছে। যা-ই হোক, ২১ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে রিহার্সাল শুরু হবে, শেষ ২৭ জানুয়ারি। সময় কম, তবে আশা করি আমাদের ছেলেমেয়েরা একটা ভালো অনুষ্ঠান করতে পারবে। ঢাকার ৩২টি স্থানে বড় পর্দায় উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠান দেখা যাবে।