‘অ্যাডিলেডের জয় অসাধারণ এক মুহূর্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে অ্যাডিলেড ওভালের স্মৃতি বারবারই ঘুরে-ফিরে আসছে কেভিন পিটারসেনের মনে। কী ভয়ানক সেই স্মৃতি। সেই টেস্টে শেষ দিন হঠাৎই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংলিশ ব্যাটিং। সে দিনের কথা মনে করে আজও আতঙ্কিত হন পিটারসেন। নীরব-নিথর ড্রেসিংরুম। সবার মনোভাবই পলায়নপর। সবাই একে অন্যকে দুষছে। আজ চার বছর পর সেই অ্যাডিলেড ওভালেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়া এক জয়ের পর সেই জয়ের নায়ক পিটারসেন মনে করেন এই জয় মুছে দেবে চার বছর আগের সব কালিমা, সব গ্লানিকে।২০০৬ সালের অ্যাশেজ সফরে একটি টেস্টও জিততে পারেনি ইংল্যান্ড। হোয়াইটওয়াশ হয়েই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে হয়েছিল তাঁদের। এবারের অ্যাশেজ সফরের ছয়জন খেলোয়াড় সেই সফরেও ছিলেন। অস্ট্রেলিয়াকে তাঁদের মাটিতে দীর্ঘ ২৪ বছর পর হারানোর পর সেই ছয়জন খেলোয়াড় আজ সবচেয়ে নির্ভার। এই জয় তাঁদের বুক থেকে ভারী এক পাথর নামিয়ে দেওয়ার মতোই স্বস্তিদায়ক।অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে পারা ইংলিশদের জন্য সব সময়ই আলাদা কিছু। সেই সাফল্য দীর্ঘদিন বাদে আসায় স্বাভাবিকভাবেই তাঁরা আনন্দিত। তবে এ মুহূর্তে এই আনন্দকে চেপে রাখাই শ্রেয় মনে করেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ড্যাশিং হার্ড হিটারের। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার মাটি থেকে অ্যাশেজ জেতার পথে বাধা হয়ে আছে বাকি তিনটি টেস্ট। এ তিনটি টেস্টে ভালো খেলেই উত্সবের ধারায় অবগাহন করবে ইংল্যান্ড, তার আগে নয়।অস্ট্রেলিয়া অ্যাডিলেডে ইনিংস ব্যবধানে হেরে গেলেও কেভিন পিটারসেন মনে করেন, অস্ট্রেলিয়া এখনো ঘুরে দাঁড়াতে পারে। তারা সেই মানেরই দল। বাকি তিনটি টেস্টে অস্ট্রেলিয়া আঘাত পাওয়া সিংহের মতোই গর্জে উঠবে। আহত সিংহ অস্ট্রেলিয়াকে ঠেকাতে তাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।বিজয় সবকিছুই বদলে দেয়। ইংল্যান্ডের ড্রেসিংরুমের আবহও এখন অনেকটা অন্য রকম। আরও বেশি পেশাদার। একটা সময় ছিল যখন ইংল্যান্ডের কোচ-অধিনায়কের দ্বন্দ্ব, ড্রেসিংরুমে ঝগড়া-ফ্যাসাদ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। ব্রিটিশ ট্যাবলয়েড ও অন্য পত্র-পত্রিকাগুলোতে থাকত এসব ঘটনার রসালো বর্ণনা। তবে ইংলিশ ড্রেসিংরুমের পরিবেশের এ পরিবর্তন শুধু জয়ের অভ্যাস গড়ে তোলার জন্যই হয়েছে, এমনটা মানতে নারাজ কেভিন পিটারসেন। তিনি মনে করেন, জয়ই শুধু নয়, এবার দলটি অনেক বেশি গোছানো মনে হওয়ার কারণ অন্যত্র। এমন কিছু মনোভাব এ দলটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার কারণে দলটিকে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ মনে হচ্ছে। এর কৃতিত্ব সম্পূর্ণ দলের কোচ, অধিনায়ক ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের।কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নামটি আলাদা করেই উচ্চারণ করছেন পিটারসেন। জিম্বাবুয়ের মতো দুর্বল দলের হয়ে ক্যারিয়ারের পুরো সময়টা কাটিয়ে দেওয়ার পরও অ্যান্ডি ফ্লাওয়ার যে আলাদা কিছু, তা বোঝা গিয়েছিল ইংল্যান্ডের কোচ হওয়ার মধ্য দিয়ে। তিনি কোচ হয়েই ইংলিশ দলকে নিয়ে গেলেন আলাদা উচ্চতায়। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতালেন, দলের মধ্যে ফিরিয়ে দিয়েছেন যেকোনো কিছু জয় করার আত্মবিশ্বাস। অ্যান্ডি ফ্লাওয়ার সম্পর্কে পিটারসেনের অভিমত, ‘তিনি খুবই ঠান্ডা মাথার একজন মানুষ। ড্রেসিংরুমে অ্যান্ডির অসাধারণ দাপট। সবাই অসম্ভব শ্রদ্ধা করে অ্যান্ডিকে।’