'অ্যাথলেটিকস এগিয়েছে, পিছিয়েছেও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজা খাতুন
ফিরোজা খাতুন

নব্বইয়ের দশকে ট্র্যাকের ‘গ্ল্যামার গার্ল’ ছিলেন। ১৯৮৭ থেকে ১৯৯৬ পর্যন্ত ১০ বার দেশের দ্রুততম মানবী হয়েছেন ফিরোজা খাতুন। অনেকটা আড়ালে চলে যাওয়া এই অ্যাথলেট এবার জাতীয় জুনিয়র মিটে এসেছেন ময়মনসিংহের ম্যানেজার হিসেবে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাঁড়িয়ে কথা বললেন প্রথম আলোর সঙ্গে 
 কত দিন পর স্টেডিয়ামে এলেন?
ফিরোজা খাতুন: ১৯৯৬ সালে খেলা ছাড়ার পর এই প্রথম কর্মকর্তা হিসেবে স্টেডিয়ামে এলাম। আগে একটু ঘুরেটুরে চলে যেতাম। এবারই প্রথম সকাল থেকে বিকেল পর্যন্ত ডিউটি করলাম।
এখন তো গ্যালারি ফাঁকা। আপনাদের সময় কেমন দর্শক হতো?
ফিরোজা: তখন ভালোই দর্শক হতো। শুধু আমার খেলাও অনেককে টানত। ১০০ মিটার তো খুব আকর্ষণীয় ছিল। এখন শুধু খেলোয়াড় আর কর্মকর্তা ছাড়া আর কাউকে দেখি না।
দর্শক আগের মতো কেন আসে না?
ফিরোজা: প্রথমত, দর্শক টানতে হলে ভালো অ্যাথলেট হতে হবে। আমরা যখন খেলতাম তখন বিটিএমসি (বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন) কাস্টমস, বিজেএমসি, নেভি খেলত। এদের মধ্যে মেয়েদের বেশি নিত বিটিএমসি। আমি বিটিএমসিতে আট বছর খেলেছি।

 তখন প্রতিদ্বন্দ্বিতা কেমন হতো?

ফিরোজা: তখন কম্পিটিশন জমত। এখন তা দেখা যায় না। আমরা বেশির ভাগ খেলোয়াড় এসেছিলাম মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবার থেকে। তখন আমাদের আর্থিক নিশ্চয়তা দিত দলগুলো। সেই দলগুলোর বেশির ভাগই এখন নেই। মেয়েরাও অন্যদিকে মন দেয়। দল বেশি থাকলে, আর্থিক নিশ্চয়তা থাকলে নিজেকে খেলায় বিলিয়ে দেওয়া যায়।

 এখনকার অ্যাথলেটিকস কীভাবে মূল্যায়ন করবেন?

ফিরোজা: টাইমিংয়ের দিক দিয়ে বলব অ্যাথলেটিকস এগিয়েছে। আমাদের চেয়ে অনেকে কম সময়ে দৌড়াচ্ছে এখন। কিন্তু অন্যদিক দিয়ে পিছিয়েছে। যেমন বিকেএসপিতে একটা মেয়ে দুটি ইভেন্টের বেশি খেলতে পারছে না। সে ক্ষেত্রে ওখানে দল তৈরি হলেও দুজন খেলোয়াড়ই উঠে আসছে। কিন্তু অন্য জেলাগুলো থেকে যারা আসছে তাদের সঠিক ট্রেনিং নেই। শুধু অংশ নেওয়ার জন্যই এসেছে।

 সে রকম মজার কোনো ঘটনা মনে পড়ে আপনার?

ফিরোজা: ওই রকম মজার ঘটনা আলাদাভাবে নেই। তবে যখন খেলতাম পুরো সময়টাকেই মজার মনে হতো।  আমাদের সঙ্গে খেলতেন মিমু আপা (শামীমা সাত্তার)। ওনার ছেলে শাহরিয়ার আর আমার জন্মদিন ছিল একই তারিখে। ক্যাম্পে আপা একসঙ্গে দুজনের কেক কাটতেন, জন্মদিন পালন করতেন। কী যে মজার দিন ছিল!

 এখন আপনার সময় কীভাবে কাটছে?

ফিরোজা: খেলা ছাড়ার পর স্কুলে শিক্ষকতা করছি। যদিও মেয়ে আফনান রোজানার কারণে আপাতত চাকরি করছি না। ওর বয়স এখন ২৩ মাস।

 আপনি তো একবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরস্কার জিতেছিলেন?

ফিরোজা: ও কথা বলতে চাই না। এনএসসির ওই পুরস্কার ১৯৯২ সালের। ঘোষণা করা হয় ১৯৯৬ সালে। কিন্তু দুঃখের বিষয়, এখন পর্যন্ত পুরস্কারটা পাইনি। পাব কি না জানি না।

 আপনার শুরুটা ছিল হাইজাম্প দিয়ে। স্প্রিন্টার কীভাবে হলেন?

ফিরোজা: আব্বা মরহুম আমির উল হক ছোটবেলায় একটা দড়ি ধরে বলতেন, এটা পার হতে পারলে আইসক্রিম দেব। আইসক্রিমের লোভে দড়ি পার হওয়ার চেষ্টা করতাম। এভাবে হাইজাম্পার হয়ে গেলাম। একবার বিটিএমসির হয়ে ঘোড়াশালে খেলতে গেলাম। সেবার আমাদের দলে ১০০ মিটারে কোনো মেয়ে না থাকায় কর্মকর্তারা বলল, তুমি দৌড়াও। ময়মনসিংহের কোচ জামাল ভাই আমার দৌড় দেখে বললেন হাইজাম্প-টাম্প না, তুমি ১০০ মিটারেই ভালো করবে। এরপর উনি প্রতিদিন বিকেলে বাসা থেকে মাঠে নিয়ে যেতেন। এরপর প্র্যাকটিস করিয়ে বাসায় দিয়ে যেতেন।