'অ্যান্ড্রুর জন্য ভালোবাসা'

লিভারপুল সমর্থকদের দীর্ঘদিনের হাহাকার আর আক্ষেপ ঘুচে যেতে পারে এবারের মৌসুমেই। দুই যুগ পর আবারও শিরোপা জয়ের আনন্দে মেতে উঠতে পারে অল রেডরা। গতকাল শিরোপার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিয় দলের জয় দেখে নিশ্চয়ই উল্লাসে ফেটে পড়েছিলেন লিভারপুল সমর্থকেরা। কারণ, এই জয় যে ১৯৯০ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের অনেক কাছে নিয়ে গেছে তাঁদের প্রিয় দলকে। সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাখো লিভারপুল সমর্থকেরই একজন ছিলেন অ্যান্ড্রু নারি। প্রিয় দলের সাফল্যে হতেন যারপরনাই আনন্দিত। অথচ তিনি দেখে যেতে পারেননি এই ঐতিহাসিক সাফল্যের অন্তিম ধাপ। গত মাস থেকে নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটির মতো তাঁর অস্তিত্বও যে আজ রহস্যাবৃত!
অ্যান্ড্রু ওই নিখোঁজ বিমানের প্রধান স্টুয়ার্ড হিসেবে সেদিন কর্মরত ছিলেন। যাত্রীদের সঙ্গে কুয়ালালামপুর থেকে উড়ে যাচ্ছিলেন বেইজিংয়ের উদ্দেশে। ঘটনার দিন থেকে আজও তাঁর পরিবার জানে না সত্যিকারের কী ঘটেছে তাঁর ভাগ্যে। নিশ্চিত কিছু হাতে না পেয়ে পরিবারও তাঁকে মৃত বলে মেনে নিতে পারছেন না। তাঁরা এক মাসেরও বেশি সময় পর বিশ্বাস করেন অ্যান্ড্রু হয়তো ফিরে আসবেন যেকোনো দিন।
অ্যান্ড্রু প্রবলভাবেই ভালোবাসতেন ফুটবল। লিভারপুল ছিল তাঁর প্রাণের সমকক্ষ। তাঁর মেয়ে মারিয়ার একটি টুইট সম্প্রতি প্রবল নাড়া দিয়েছে সামাজিক যোগাযোগের জগতে, ‘বাবা, লিভারপুল ম্যাচ জিতছে, ফিরে এসে খেলা দেখো।’ এ টুইটটি নাড়া দিয়েছে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষকেও। বিশেষ এক সমর্থকের স্বীকৃতিও মিলেছে তাঁর। এই তো কয়েক দিন আগে মারিয়া হাতে পেয়েছেন তাঁর বাবার নাম লেখা লিভারপুলের ‘অল রেড’ জার্সি।
জার্সিটি পেয়ে নতুনভাবে উজ্জীবিত হয়েছেন মারিয়া। বাবার উদ্দেশে আবার টুইটারে লিখেছেন, ‘বাবা, এটা তোমার জন্য। আমি নিশ্চিত যে এটা পাওয়ার পর তুমিই হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’ মারিয়া শুভকামনা জানিয়েছেন লিভারপুলকেও। এবারের মৌসুমে বাবার প্রিয় দলটাই যেন শিরোপা জিততে পারে, সে আশাই করছেন তিনি। টুইটারে লিখেছেন, ‘লিভারপুল যেন সব সময় পয়েন্ট তালিকার শীর্ষে থাকে। আশা করছি, তোমরাই শিরোপা জিতবে। বাবার জন্য, আমাদের জন্য, সব সমর্থকের জন্য।’
গত মাসের ৮ তারিখে নিখোঁজ হওয়া বিমানটির কোনো সন্ধান পাওয়া যায়নি এখনো। বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে বলেই ধারণা করছে অনুসন্ধানকারী দল। এএফপি