'অ্যাশটন অ্যাগার ডে!'

স্টিভ ওয়াহর সেই ইনিংসটা অমর হয়ে আছে অ্যাশেজের লোকগাথায়। ২০০৩ সালের ৩ জানুয়ারি, সিডনিতে সেদিন ইতিহাসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন বড় ওয়াহ। দিনের শেষ বলটির আগে রান ৯৮, ঘরের ছেলের সেঞ্চুরির সম্ভাবনায় উত্তেজনায় থরথর সিডনির গ্যালারি। দিনের শেষ বলে ইংলিশ স্পিনার রিচার্ড ডসনকে দারুণ এক কভার ড্রাইভে চার, স্টিভ ওয়াহ ছুঁলেন ডন ব্র্যাডম্যানের ২৯ সেঞ্চুরির অস্ট্রেলিয়ান রেকর্ড। উল্লাসে ফেটে পড়ল গ্যালারি, লাফিয়ে আকাশ ছুঁতে চাইলেন ওয়াহ।সেদিন সিডনির ৪৫ হাজার দর্শকের মাঝে ছিল ৯ বছরের এক বালক। ক্রিকেটের খুঁটিনাটি বোঝার বয়স ছিল না, কিন্তু সেই আবহ, উত্তেজনা-রোমাঞ্চ মিলিয়ে ওয়াহর ইনিংসটা চিরস্থায়ী জায়গা পেয়ে গেল তাঁর মনে। অ্যাশেজ সেঞ্চুরির স্বপ্নটাও গেঁথে গেল মনে। আজ সাড়ে নয় বছর পরে সেদিনের সেই বালকই জায়গা পেয়ে গেল অ্যাশেজ ইতিহাসে। সেঞ্চুরির স্বপ্ন পূরণ হয়নি, তবে ছাড়িয়ে গেছেন স্বপ্নকেও। তাঁর টেস্ট ক্যাপ পাওয়াটাই অভাবনীয় এক গল্প। আর অভিষেকে ১১ নম্বরে নেমে ৯৮ রানের রেকর্ড, অ্যাশটন অ্যাগার স্থায়ী জায়গা পেয়ে গেছেন অ্যাশেজের গল্পগাথায়।গোটা অস্ট্রেলিয়াও এখন ভাসছে অ্যাগার-জোয়ারে। প্রধানমন্ত্রী কেভিন রাড দিনটিকে ঘোষণা করেছেন ‘অ্যাশটন অ্যাগার ডে।’ রাগবি আর রুলস ফুটবলকে ছাপিয়ে সর্বত্র অ্যাগারের আলোচনা, ক্রিকেটবিমুখ অনেকেও হঠাৎ উৎসাহী ক্রিকেটে। সংবাদমাধ্যমে শুধুই অ্যাগার-কীর্তন, ডেইলি টেলিগ্রাফ তো চারটি পাতা বরাদ্দ করেছে শুধু অ্যাগারকেই। ফেসবুকে ‘স্যার অ্যাশটন অ্যাগার’ নামে একটি পেজ খোলা হয়েছে, যেখানে কাল সন্ধ্যা পর্যন্ত ‘লাইক’ পড়েছে প্রায় ৬৪ হাজার! তবে সবাইকে ছাপিয়ে গেছেন, অ্যাশেজে ৫০.২৪ গড়ে ১৬৫৮ রান করা ব্যাটসম্যান ও অ্যাগারের রাজ্য দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার, ‘অ্যাশটন দেখতে সুদর্শন, দারুণ অ্যাথলেট, আইনে পড়াশোনা করছে, পরিবারও খুব ভালো...ও চাইলে আমার চার মেয়ের যে কাউকে বিয়ে করতে পারে!’ অ্যাগার প্রাণভরে উপভোগ করছেন সময়টা। ৯৮ রানে ক্যাচ হওয়ার পর মুখে খানিকটা আঁধার নেমে এসেছিল, তবে তা একটা মুহূর্তের জন্য। এ ছাড়া পুরো সময়টাই মুখে ছিল হাসি। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের বিশেষজ্ঞদের সঙ্গে যখন কথা বলছিলেন, এরপর সংবাদ সম্মেলনে—সব জায়গাতেই ঝলমল করছিলেন। সংবাদ সম্মেলনে শোনালেন স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার কথা, ‘আমার প্রিয় অ্যাশেজ স্মৃতি হলো শেষ বলে চার মেরে স্টিভ ওয়াহর সেঞ্চুরি। আমিও সেঞ্চুরি করতে পারলে দারুণ হতো। তবে অখুশি নই। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলাটাই তো স্বপ্নপূরণের মতো। টেস্ট সেঞ্চুরি করাটাও একটা স্বপ্ন, তবে সত্যি বলতে অভিষেকে ৯৮ করার কথা আমি স্বপ্নেও ভাবিনি। আমি “সুপার” খুশি। আজ অসাধারণ একটি দিন, আমার জীবনের সেরা দিন।’
অ্যাগারের টেস্ট অভিষেকের খবর জানার পরই প্লেনে চেপে বসেছেন বাবা জন, মা সোনিয়া, দুই ভাই উইলিয়াম ও ওয়েসলি। পরিবারের প্রতি অ্যাগারের কৃতজ্ঞতার শেষ নেই। জানালেন সবচেয়ে কঠিন লড়াইয়ের ম্যাচগুলো হয় ভাইদের সঙ্গে বাড়ির উঠোনে! বাবা জনও দারুণ গর্বিত, ‘সেঞ্চুরি পেয়েছে কি পায়নি, সেটা ব্যাপার না। সবচেয়ে ভালো লেগেছে অ্যাশটন নিজের সহজাত খেলাটা খেলেছে।’ মুগ্ধ এমনকি চিরপ্রতিদ্বন্দ্বীদের সাবেক অধিনায়ক মাইকেল ভনও, ‘কখনো ভাবিনি কোনো অস্ট্রেলিয়ানের জন্য আমার কষ্ট লাগবে, কিন্তু সত্যি চাইছিলাম অ্যাগারের সেঞ্চুরিটা হোক।’ ওয়েবসাইট।