'আঁতাত' নয়, নয় বন্ধুত্বও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ষোলোয় ওঠার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ ড্র হলেই চলবে জার্মানির। সহজ এই সমীকরণই এমন নির্ভার রেখেছে বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও লুকাস পোডলস্কিকে l এএফপি
শেষ ষোলোয় ওঠার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ ড্র হলেই চলবে জার্মানির। সহজ এই সমীকরণই এমন নির্ভার রেখেছে বাস্তিয়ান শোয়েনস্টাইগার ও লুকাস পোডলস্কিকে l এএফপি

রেসিফেতে আজ যখন জার্মানির জাতীয় সংগীত বাজবে, সেই সুরে আপ্লুত হবেন যুক্তরাষ্ট্রেরও কয়েকজন। এ যে তাঁদেরও প্রাণের সুর!
ভাবছেন এই কয়েকজন কারা? এবারের যুক্তরাষ্ট্র দলটা নিয়ে যাঁদের অল্পবিস্তর ধারণা আছে, তাঁরা একটা নাম খুব সহজেই আন্দাজ করতে পারছেন। ইয়ুর্গেন ক্লিন্সম্যান। কিংবদন্তি জার্মান ফুটবলার যে এখন যুক্তরাষ্ট্রের কোচ, এ তথ্য মনে হয় না ফুটবলপ্রেমীদের কারও অজানা। কিন্তু যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াডে তিনিই একমাত্র জার্মান নন। মিডফিল্ডার জার্মেইন জোনস, জুলিয়ান গ্রিন, ডিফেন্ডার ফ্যাবিয়ান জনসন, টিমোথি চ্যান্ডলার, জন ব্রুকসদের কারও শরীরেও বইছে জার্মান রক্ত, কারও সঙ্গে জার্মানির হৃদয়ের সম্পর্ক। জার্মান জাতীয় সংগীতের সময় তাঁরা আপ্লুত হতেই পারেন। তবে সেই সুর থেমে যাওয়ার পর যখন মাঠের লড়াই শুরু হবে, আবেগটা হয়তো দূরেই সরিয়ে রাখতে চাইবেন ক্লিন্সম্যান আর তাঁর ‘জার্মান’ ছাত্ররা।
আমেরিকান বাবা আর জার্মান মায়ের ছেলে জার্মেইন জোনস যেমন আগেই বলে রাখছেন, ‘আমি দুটি দেশের জাতীয় সংগীতের সময়ই চোখ বন্ধ করে রাখব।’ জার্মানির বয়সভিত্তিক দলে খেলার সুবাদে জার্মান দলের অনেকেই তাঁর ভালো বন্ধুও। তবে মাঠের লড়াইয়ে নেমে সেই বন্ধুত্বটা কিছুক্ষণের জন্য ভুলে যেতে চান জোনস, ‘আমি চেষ্টা করব ম্যাচটা নিজের করে নিতে।’
বন্ধুত্ব আরও গভীর ক্লিন্সম্যানের সঙ্গে জার্মান কোচ জোয়াকিম লোয়ের। জার্মান দলে দুজন একসঙ্গে কাজও করেছেন দীর্ঘদিন। ক্লিন্সম্যানের রেখে আসা দলটাই এখন সামলাচ্ছেন তাঁর সাবেক সহকারী লো। আজ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সেই দুই বন্ধু মুখোমুখি। কিন্তু লড়াইয়ে নেমে কি আর সেসব মনে রাখলে হয়! ‘জি’ গ্রুপটার সমীকরণ অবশ্য বলছে, বন্ধুত্ব অটুট থাকলেই দুই দলের লাভ। ম্যাচটা ড্র হলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে দুই দলেরই। তবে ক্লিন্সম্যান এরই মধ্যে হুমকি দিয়েছেন, বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়ে বন্ধুত্ব দেখানোর কোনো সুযোগ নেই। লোয়েরও দাবি, ম্যাচটা জেতার জন্যই খেলবে তাঁর দল।
মুখের কথাটা কাজে প্রমাণের চেষ্টা করা হবে কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ আছে যথেষ্ট। ড্র করলেই যেখানে দুই দল পরের রাউন্ডে উঠে যাচ্ছে, বাড়তি ঝুঁকি তারা কেন নেবে! যেকোনো এক দলের হার দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দুয়ার খুলে দিতে পারে গ্রুপের অন্য দুই দল পর্তুগাল, ঘানার জন্য। ‘জি’ গ্রুপের এই সমীকরণটাই ফিরিয়ে আনছে ৩২ বছর আগে বিশ্বকাপে জার্মানির আরও একটা ম্যাচের স্মৃতি। স্পেনে ১৯৮২ বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া। এর আগ পর্যন্ত ওই গ্রুপে অস্ট্রিয়ার ছিল ৪ পয়েন্ট, আলজেরিয়ার ৪ এবং পশ্চিম জার্মানির ১৷ কোনো পয়েন্ট ছিল না চিলির। অস্ট্রিয়ার দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য শেষ ম্যাচে অস্ট্রিয়াকে হারানোর বিকল্প ছিল না জার্মানির। ম্যাচ ড্র হলে কিংবা জার্মানি হারলে দ্বিতীয় রাউন্ডে অস্ট্রিয়ার সঙ্গী হতো আলজেরিয়া। গুঞ্জন আছে, ‘আঁতাত’ করে ওই ম্যাচে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে যায় অস্ট্রিয়া। কপাল পোড়ে আলজেরিয়ার।
কয়েক দিন ধরে অনেকবার ওই ম্যাচের উদাহরণ টেনে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে ক্লিন্সম্যান, লো দুজনকেই। তবে এবার কোনো ‘আঁতাতে’র সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের জার্মান কোচ, ‘ওইটা জার্মান ফুটবল ইতিহাসের একটা অংশ মাত্র। আর যুক্তরাষ্ট্রের তো এ রকম কোনো ইতিহাস নেই। যুক্তরাষ্ট্র সব সময় লড়ার মানসিকতা নিয়ে খেলে। জার্মানিকে হারানোর জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব।’
রেসিফেতে তাহলে কি উপভোগ্য একটা ম্যাচই হচ্ছে আজ?


এক নজরে ফল

২৪ জুন, ২০১৪
উরুগুয়ে ১ : ০ ইতালি
গডিন ৮১ মি.
ইংল্যান্ড ০ : ০ কোস্টারিকা
কলম্বিয়া ৪ : ১ জাপান
কুয়াদ্রাদো ১৭ মি. ওকাজাকি ৪৫+ মি.
মার্টিনেজ ৫৫ ও ৮২ মি.
রদ্রিগেজ ৯০ মি.
গ্রিস ২ : ১ আইভরিকোস্ট
সামারিস ৪২ মি. বনি ৭৪ মি.
সামারাস ৯০+ মি.


সর্বোচ্চ গোলদাতা

৪
মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল)
৩
বেনজেমা (ফ্রান্স), মুলার (জার্মানি), রোবেন, ফন পার্সি (হল্যান্ড), এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর), রদ্রিগেজ (কলম্বিয়া)
* আর্জেন্টিনা–নাইজেরিয়া ম্যাচ পর্যন্ত