'আই অ্যাম বোল্ট'

তাঁর কাজটা তো খুবই সহজ। ১০ সেকেন্ডেরও কম সময়ে শেষ! কখনো ভেবে দেখেছেন, এই ১০ সেকেন্ডের জন্য কত হাজার ঘণ্টার ঘাম ঝরাতে হয় উসাইন বোল্টকে! কত রক্ত পানি করা শ্রম? চোখের আড়ালে থাকা বোল্টের জীবনের সেই গল্পই উঠে এসেছে ‘আই অ্যাম বোল্ট’-এ। জ্যামাইকান গতিতারকাকে নিয়ে বানানো প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল গত পরশু লন্ডনে।
সেই অনুষ্ঠানে বোল্ট বলেছেন, ‘আমার সম্পর্কে বেশির ভাগ মানুষের ধারণা, “ওহ্ উসাইন, ওর জন্য তো এটা কোনো ব্যাপারই না। কোনো চাপই নেই...।” কিন্তু সত্যিটা তা নয়। আমি চেয়েছি মানুষ দেখুক, এই পর্যন্ত আসতে আমাকে কিসের ভেতর দিয়ে যেতে হয়েছে।’
প্রামাণ্যচিত্রে মূলত থাকবে রিও অলিম্পিকের জন্য তাঁর আগের ১৮ মাসের প্রস্তুতি। এতেই বোঝা যাবে, ওই ১০ সেকেন্ডের জন্য কী পরিশ্রমই না তাঁকে করতে হয়! থাকবে বেইজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ, লন্ডন অলিম্পিকের অনেক দৃশ্য। উঠে আসবে বোল্টের শৈশব-কৈশোর। পরিবার, বন্ধু, কোচের সাক্ষাৎকার। বোল্টের জবানিতে শোনা যাবে তাঁর গল্প। প্রতিটা রেসের আগে তিনি কতটা মানসিক চাপে থাকেন, ভয় পান—বলবেন সে কথাও। আমাদের মতোই রক্তমাংসের মানুষকে খুঁজে পাওয়া যাবে, যিনি একবার দৌড় শুরু করলেই হয়ে যান অতিমানব।
লন্ডনের প্রিমিয়ারে এসেছিলেন বোল্টের মা-বাবা ওয়েলেসলি ও জেনিফার। ব্রিটিশ দৌড়বিদ মো ফারাহ, বক্সার ডেভিড হায়ে, সাবেক টেনিস তারকা বরিস বেকার, ফুটবলার সেস্ক ফ্যাব্রিগাস ও রাহিম স্টার্লিং। এসেছিলেন অভিনেত্রী সালমা হায়েকও। এএফপি, রয়টার্স।