‘আইকন’ হবেন ম্যারাডোনা
সাবেক প্রেসিডেন্ট হুয়ান পেরন, তাঁর স্ত্রী ও সমাজসেবী ইভা পেরন এবং ট্যাঙ্গো নাচের কিংবদন্তি কার্লোস গার্দেল; রাষ্ট্রীয়ভাবে আর্জেন্টিনা জাতীয় ‘আইকন’ মনে করে এই তিনজনকে। এবার এই তালিকায় আরেকটি নাম সংযোজনের দিন চলে এসেছে—ডিয়েগো ম্যারাডোনা! রাষ্ট্রীয় উদ্যোগে আর্জেন্টিনায় ম্যারাডোনার মূর্তি স্থাপনের প্রস্তাব আনা হয়েছে আইনসভায়। আইনসভার সদস্য হুয়ান কাবান্দিয়ে মঙ্গলবার আইনসভায় এই প্রস্তাব এনেছেন। ম্যারাডোনাকে ‘আর্জেন্টিনার জনসংস্কৃতির প্রতীক’ বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘আর্জেন্টিনার লোকজন দেখিয়েছে, ম্যারাডোনা জড়িত থাকলে দলের ফলাফলও তাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু না। জার্মানির কাছে বিশাল পরাজয়ে দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপ থেকে বিদায়ের পরও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল শুধু তাকে ও তার ২৩ সদস্যের দলকে দেখার জন্য।’হ্যাঁ, এটা একটা বিস্ময়কর ব্যাপার হলো বৈকি! শিরোপা না নিয়ে দেশে ফিরলে আর্জেন্টাইনরা ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু ম্যারাডোনার দলের ক্ষেত্রে ব্যাপারটা বদলে গেল। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েও ম্যারাডোনা শুনতে পেলেন দায়িত্বে থেকে যাওয়ার আহ্বান।যদিও ম্যারাডোনা নিজে এরই মধ্যে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। বলেছেন, তাঁর সময় শেষ। কিন্তু প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ থেকে শুরু করে রাস্তার মানুষটি পর্যন্ত তাঁকে থেকে যেতে বলছেন। এবার এই সুরে সুর মেলালেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট হুলিও হামবার্তো গ্রন্দোনা।দক্ষিণ আফ্রিকা থেকে ‘চ্যানেল-থ্রি’কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রন্দোনা বলেছেন, ম্যারাডোনাকে তাঁরা কোনোক্রমেই সরে যেতে বলবেন না। বিষয়টা সম্পূর্ণ ম্যারাডোনার ওপর ছেড়ে দিয়েছেন ৩০ বছর ধরে ফেডারেশনের দায়িত্বে থাকা গ্রন্দোনা, ‘সিদ্ধান্তটা পুরোপুরি ম্যারাডোনার ওপর নির্ভর করে। আর ওর সঙ্গে এখনো আমাদের চুক্তি আছে।’এরপর গ্রন্দোনা এক মহা স্বীকৃতি দিয়ে দিয়েছেন ম্যারাডোনাকে। বলছেন, আর্জেন্টিনার একমাত্র মানুষ ম্যারাডোনা, যাঁর যেকোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, ‘ম্যারাডোনা আমাদের দেশে একমাত্র মানুষ, যে যেমন ইচ্ছে সিদ্ধান্ত নিতে পারে।’দেশের লোক, কর্মকর্তা আর রাষ্ট্রের এই প্রবল আগ্রহের মধ্যেও শোনা যাচ্ছে ম্যারাডোনা নাকি আর্জেন্টিনা ছেড়ে আরেকবার ইতালিতে পাড়ি জমাতে চান। বাজারে গুজব, আবার নাপোলিতে ফিরে এবার কোচের দায়িত্ব নেবেন তিনি!নাপোলির জন্য তাদের ‘ঈশ্বর’কে ফিরে পাওয়াটা নিশ্চয়ই মহাপ্রাপ্তি হবে। কিন্তু ক্লাবটির সাবেক পরিচালক পিয়েরপাওলো মারিনো মনে করছেন না ম্যারাডোনা আর নাপোলিতে ফিরবেন, ‘আমি এই গুজবে বিশ্বাস করি না। একমাত্র ম্যারাডোনা নিজে যদি বলে, তাহলে বিশ্বাস করব। ওর এই দেশে এমনিতেই করসংক্রান্ত ঝামেলা আছে। ফলে ও এখানে আবার কাজ করতে আসতে পারবে না।’মারিনো অবশ্য চানও না ম্যারাডোনা ফিরুন। কারণ, তিনিও ম্যারাডোনাকে আর্জেন্টিনার কোচ হিসেবে দেখতেই বেশি আনন্দ পাচ্ছেন, ‘আমি বিশ্বাস করি ম্যারাডোনা আর্জেন্টিনার দায়িত্বেই থেকে যাবে। ও জাতীয় দলের দায়িত্ব চালিয়ে গেলে গল্পটা বড় অসাধারণ হবে। ও হচ্ছে জনগণের পছন্দ।’সব সময় সাধারণের প্রিয়পাত্র হয়ে থাকা ম্যারাডোনা এবার কি জনগণের পছন্দটা অস্বীকার করতে পারবেন? এপি, ওয়েবসাইট।