‘আইপিএলের কী দোষ!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা ভারত কোথায় হারল?মহেন্দ্র সিং ধোনি: ১২-১৩ ওভারের পর থেকে ওরা খুব ভালো বোলিং করেছে। মালিঙ্গা আর পেরেরা এমন দারুণ সব ইয়র্কার করেছে যে, উইকেটে সেট ব্যাটসম্যান থাকার পরও আমরা মারতে পারিনি। ইয়র্কার মারা খুব কঠিন। আমাদের আবার শেষ দিকের বোলিং ভালো হয়নি।এখন কি মনে হচ্ছে, টসে জিতে প্রথমে ব্যাটিং করা ভুল হয়েছে?ধোনি: না, প্রথমে ব্যাটিং করা ঠিকই আছে। এই উইকেটে কোনো দলকে ১৫০-এর নিচে আটকে রাখা কঠিন। ওরা আগে ব্যাট করলে আমাদের ১৭ ওভারে ১৫০ তাড়া করতে হতো। সেটি আরও কঠিন হতো।২০০৯-এর পর ২০১০—সুপার এইটে ৬ ম্যাচের ৫টিতেই হেরেছে ভারত। তার মানে কি এই দলে কোথাও বড় কোনো সমস্যা আছে?ধোনি: সমস্যা একটাই, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এখানে যারা এসেছে, তারাই টি-টোয়েন্টিতে ভারতের সেরা ১৫। প্রতিপক্ষ যদি বেশি ভালো খেলে, আপনি কী-ই বা করতে পারেন!আরেকটু আগে এসে বারবাডোজের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত ছিল বলে মনে করছেন এখন?ধোনি: না, আমরা যে সময় পেয়েছি, তা ঠিকই ছিল। এমন তো না যে, উইকেট কেমন এটা আমরা জানতাম না। এমন উইকেটে আমরা নিয়মিতই খেলি।এই ম্যাচের আগে পর পর দুটি ম্যাচ হারার পরদিন ভারত অনুশীলন করেনি। এটা আইপিএল-জনিত ক্লান্তির কারণে?ধোনি: না না, আইপিএলের কিছু নেই এখানে। আমরা ফ্রেশ থাকতে চেয়েছি। এক সেশনের প্র্যাকটিসে কিছু যায় আসে না। ক্রিকেটের বাইরে থাকাটাও অনেক সময় কাজে আসে। আইপিএলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।এই টুর্নামেন্টে আবারও শর্ট বলে ভারতীয় তরুণ ব্যাটসম্যানদের সমস্যা চোখে পড়েছে। এ থেকে মুক্তির উপায় কী?ধোনি: শুধু তরুণ কেন, আমাদের বেশির ভাগেরই এই সমস্যা আছে। এটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে। কিন্তু ১৪৫-১৫০-এ নিয়মিত বল করে, এমন বোলার তো আমাদের দেশে খুব একটা নেই। ভারতের উইকেটেও এমন বাউন্স নেই। তবে এটাও মনে রাখবেন, আমরা স্পিন খুব ভালো খেলি। ওটা আমাদের শক্তি। শর্ট পিচ খেলতে পারি না বলে লজ্জিত হওয়ার কিছু নেই।‘কুল ক্যাপ্টেন’ হিসেবে আপনার নাম আছে। এখন কি চাপ অনুভব করছেন?ধোনি: চাপ তো থাকেই। তবে প্রশংসা-নিন্দা সবই তো দেখেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কী হুল্লোড়টাই না হলো! আবার ৫০ ওভারের বিশ্বকাপের পর অন্য রূপও দেখেছি। আমি এসব পাত্তা দিই না। আমরা আমাদের সেরাটা দিয়েছি। পারিনি, ব্যস্।অধিনায়ক হিসেবে তো আপনার ওপর চাপটা বেশিই থাকে, তাই না?ধোনি: শুধু অধিনায়ক কেন, ভারতের সব খেলোয়াড়ের ওপরই চাপ আছে। ভারতীয় ক্রিকেট আর চাপ—এই দুটি তো হাত ধরেই চলে। দল কেন ভালো করল না, সেই ব্যাখ্যা দেওয়াটা অধিনায়কের দায়িত্বের মধ্যে পড়ে। কারণ অধিনায়কই তো দলের মুখ। দল ভালো করলে সে কৃতিত্ব পায়, হারলে সমালোচনা। তবে এসবের জের ব্যক্তিগত জীবন পর্যন্ত যাওয়া উচিত নয়। কিন্তু ভারতে ক্রিকেট অনেক বড় খেলা, যখনই আমরা মাঠে নামি লোকে জয় চায়।আইপিএলের পরপরই দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ব্যর্থ। আগামী বছর থেকে আইপিএল আরও বড় হবে। তখন কী হবে?ধোনি: গতবারের মতো এবারও আইপিএল নিয়েই প্রশ্ন উঠছে। আমি চাই, ভবিষ্যতে আইপিএল আর ওয়ার্ল্ড টোয়েন্টি-টোয়েন্টি এই দুটি যেন একসঙ্গে না হয়। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপের পর আইপিএল হবে। তখন আর এমন প্রশ্ন হবে না। আইপিএলের কী দোষ! বছরে ৪৫ দিন এমন কিছু নয়। আমরা বছরের ২০০ দিন ক্রিকেট খেলি, ওটা তারই অংশ। এটা যার যার তার তার ব্যাপার। ক্রিকেটারদের নিজেদের ব্যাপারে সচেতন হতে হবে। শরীরের যত্ন নিতে হবে। ভ্রমণ, বেশি রাতে ম্যাচ, এর সঙ্গে আবার পার্টি-টার্টি যোগ হয়ে আইপিএল ক্লান্তিকর হয়ে উঠতে পারে।দেশের মানুষকে কী বলবেন? ভারত থেকে খবর আসছে, রাস্তায় নাকি বিক্ষোভ শুরু হয়ে গেছে।ধোনি: ওসব বিক্ষোভ-টিক্ষোভের কথা যদি বলেন, ওসব আমি পাত্তা দিই না। রাস্তায় যারা ওসব করে, তাদের চেয়ে আমার দেশের প্রতি আমার দরদ অনেক বেশি। ওসব নিয়ে আমি একদম ভাবি না। আর দেশের মানুষকে বলব, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু পারিনি।