‘আইপিএলের চেয়ে দেশই আগে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের টাকার হাতছানি, টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট উত্তেজনা নাকি দেশের জন্য খেলার গৌরব—কোনটাকে অগ্রাধিকার দেওয়া উচিত, এ প্রশ্নেই এখন তোলপাড় হচ্ছে ক্রিকেট অঙ্গন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে অভিমান করে আইপিএলটাকেই বেছে নিয়েছেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। গতকাল শ্রীলঙ্কান পেসার লাথিস মালিঙ্গাও অবসর নিয়ে ফেলেছেন টেস্ট ক্রিকেট থেকে। টেস্টে বল করার মতো শারীরিক সামর্থ্য নেই, এমন যুক্তি দেখালেও, এর পেছনে যে আইপিএল বনাম শ্রীলঙ্কার ঠান্ডা লড়াইটাও একটা বড় ভূমিকা পালন করেছে, সে কথা অস্বীকার করা যাবে না। তবে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট অবশ্য আইপিএলের আগে অগ্রাধিকার দিতে চান দেশকেই।আইপিএলের দ্বিতীয় আসরে ডেকান চার্জার্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন গিলক্রিস্ট। এবার তাঁর হাতে আছে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্বের ভার। গতকাল তিনি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমার মতে, যেকোনো ক্রিকেটারেরই দেশের পক্ষে খেলাকেই সব সময় অগ্রাধিকার দেওয়া উচিত। আমরা ভাগ্যবান যে আমাদেরকে ভারতের এই টি-টোয়েন্টি লিগে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমরা এ সুযোগটা পেয়েছি দেশের হয়ে ভালো পারফরমেন্স দেখানোর জন্যই।’ক্রিস গেইল ও লাথিস মালিঙ্গার প্রসঙ্গে প্রশ্ন করা হলে গিলক্রিস্ট বলেছেন, ‘শেষ পর্যন্ত এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্তেরই ব্যাপার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেশের হয়ে খেলার চেয়ে বড় কিছুই হতে পারে না।’