
এসি মিলান, লাৎসিও, ইন্টার মিলান, জুভেন্টাসের মতো শীর্ষ ইতালিয়ান ক্লাবের দায়িত্বে ছিলেন। ২০১০ সালে সে তালিকায় যোগ হয়েছে জাপান। পরের বছর নীল সামুরাইদের এনে দিয়েছেন এশিয়া-সেরার মুকুট। জাপানের ইতালিয়ান কোচ আলবার্তো জাকেরনি বিশ্বকাপে অনেক দূর যাওয়ার স্বপ্নের কথাই বললেন ওয়ার্ল্ড সকারকে দেওয়া সাক্ষাৎকারে
প্রস্তুতি কি ভালো চলছে?
আলবার্তো জাকেরনি: হ্যাঁ, খুবই ভালো। আমরা চার বছর ধরেই প্রস্তুতি নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে শেষ মুহূর্তে সবকিছু এক সুতোয় গাঁথতে পারব কি না। আমি মনে করি, সবকিছুই খুব ভালোমতো এগোচ্ছে।
নিজের দলকে কেমন দেখছেন?
জাকেরনি: এককথায় বলব, আমাদের দলটা আকর্ষণীয়। তবে এটা অবশ্যই মূল্যায়ন করবে অন্যরা। আমার দৃষ্টিতে আমরা একটা রোমাঞ্চকর দলই। যে দল উপভোগ করার মতো অপ্রত্যাশিত কিছু করতে পারে। অনেক দলেরই নির্দিষ্ট একটা ধরন আছে, তাদের সামর্থ্যও নির্দিষ্ট। কিন্তু জাপানের বৈচিত্র্য অনেক বেশি।
আপনার দলের শক্তির দিকটা কী?
জাকেরনি: শক্তিশালী দিক হিসেবে কিছু বিষয় আমার মনে আছে। কিন্তু আমাদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো, প্রতিপক্ষের কথা না ভেবে আমাদের ইতিবাচক খেলা।
আর দুর্বলতা?
জাকেরনি: আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতার অভাব।
গত চার বছরে কোনো ইতিবাচক চমক কি পেয়েছেন?
জাকেরনি: সবচেয়ে সেরা চমক হলো, জাপানের ফুটবলের উঁচু মান। আমার এই অনুভূতিটা শুধুই প্রতিদিনই বেড়ে চলেছে। একই সঙ্গে তরুণেরাও আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি পরিণত হয়েছে। ইতিবাচক চমক খোঁজার কাজটা আমার কাছে সহজ হয়ে এসেছে। আমি এই দলের সবচেয়ে বড় ভক্ত।
২৩ জনের দলের কতজনের ব্যাপারে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন?
জাকেরনি: আমি কোনো নির্দিষ্ট সংখ্যা বলতে পারছি না, কিন্তু এ পর্যন্ত যারা সবচেয়ে বেশি খেলেছে, তাদেরই বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা বেশি। চোট তাদের জন্য অনেক বড় ফ্যাক্টর হতে পারে। সেই সঙ্গে কিছু খেলোয়াড় খানিক ফর্ম হারাতে পারে। হয়তো কেউ কেউ খুব দ্রুতও উঠে আসবে।
আপনি ৩-৪-৩-এ খেলাতে অভ্যস্ত, কিন্তু জাপানের জন্য ৪-২-৩-১ ফর্মেশনকে অগ্রাধিকার দিয়েছেন। অবশ্যই, আরও বেশ কিছু ফর্মেশনেও দলকে বাজিয়ে দেখেছেন। কিন্তু শেষ পর্যন্ত আবার এই ফর্মেশনেই ফিরে এসেছেন কেন?
জাকেরনি: কারণ এখন বিশ্বের খুব কম দলই ৩-৪-৩ ফর্মেশনে খেলে, খেলোয়াড়েরাও এটার সঙ্গে পরিচিত নয়। জাতীয় দলে আপনি এমন কিছু করার সময় পাবেন না যেটার সঙ্গে খেলোয়াড়েরা অভ্যস্ত নয়। ৩-৪-৩-এ খেলার সুবিধা ব্যাখ্যা করার মতো সময় আমাদের নেই। এ কারণেই আমি দলকে এভাবে খেলাচ্ছি না।
ব্রাজিলের গত কনফেডারেশনস কাপ থেকে জাপান কী শিক্ষা নিয়েছে?
জাকেরনি: আমরা কোনো পয়েন্ট পাইনি বটে, কিন্তু ব্রাজিলে আমাদের মূল্যবান অভিজ্ঞতাই হয়েছে। অনেক কিছু শিখেছিও। আমি মনে করি দল সেই অভিজ্ঞতার পর আরও পরিণত হয়েছে। যে শিশু কখনো পড়ে যায়নি, কীভাবে পড়ে যেতে হয় সেটা সে কখনোই শিখতে পারে না। ইতালির সঙ্গে আমরা ওই অনভিজ্ঞতার কারণেই জিততে পারিনি। ওরা সুযোগটা সব সময় বেশি কাজে লাগায়। ইতালির গোলগুলো যতটা না ওদের কারণে, তার চেয়েও বেশি আমাদের ভুলে।
বিশ্বকাপের গ্রুপের অন্য দলগুলো নিয়ে আপনার ভাবনা কী?
জাকেরনি: সব মিলিয়ে, আমি মনে করি এটা ভারসাম্যপূর্ণ একটা গ্রুপ। কলম্বিয়ার মান অবশ্যই বেশি। ওদের বেঞ্চেও এমন কিছু খেলোয়াড় আছে যারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।
আইভরি কোস্ট ও গ্রিস...
জাকেরনি: আমার মনে হয় আইভরি কোস্টের সঙ্গে খেলাটা উন্মুক্ত হবে। গ্রিসের বিপক্ষে লড়াইটা কঠিন হবে, তারা শক্তপোক্ত একটা দল। ওদের সঙ্গে আমাদেরও সে রকম হতে হবে।
কোনো নির্দিষ্ট লক্ষ্য আছে?
জাকেরনি: আমার লক্ষ্য বিশ্বকাপে দলকে সর্বোচ্চ ভালো অবস্থায় নিয়ে যাওয়া, একই সঙ্গে আকর্ষণীয় ফুটবল খেলতে চাই। আমরা কত দূর যাব সে রকম কোনো লক্ষ্য বেঁধে দিতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া।