‘আকর্ষণীয়’ পেশাদার লিগের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের তিন মৌসুম যে রকমই যাক না কেন এবার পেশাদার ফুটবল লিগ আকর্ষণীয় হবে বলে ফুটবল অঙ্গনে একটা প্রত্যাশা তৈরি হয়েছে।এর অন্যতম কারণ, এই মৌসুমে দলগুলো মাঠে নামার আগেই প্রতিদ্বন্দ্বিতার আঁচ পাওয়া যাচ্ছে। নবাগত শেখ জামাল ধানমন্ডি, মুক্তিযোদ্ধা, আবাহনী, শেখ রাসেল, মোহামেডান—দলীয় শক্তির বিবেচনায় প্রথম পাঁচটি দলকে এভাবে সাজানো যায়। শিরোপা লড়াইয়ে এই দলগুলো থাকলে আগের প্রতিদ্বন্দ্বিতাহীন পেশাদার লিগ এবার ভালোই জমতে পারে।গত তিনটি পেশাদার লিগ ছিল আবাহনী-মোহামেডানের দ্বিমুখী লড়াইয়ের মঞ্চ। এই মৌসুমে দুই প্রধানের চেয়ে শক্তিশালী দল গড়ে আলোচনায় বেশি আছে নবাগত শেখ জামাল ও মুক্তিযোদ্ধা। বিশেষ করে শেখ জামাল দেশের প্রায় সব সেরা খেলোয়াড়কেই তাদের দলে নিয়ে গেছে। এই দলটির আগমনকে ঘরোয়া ফুটবলে নতুন আশার ঝিলিক হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকেরা। জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু যেমন বলছেন, ‘শেখ জামাল আসায় একটা আকর্ষণ তো তৈরি হয়েছেই। নবাগত দলটি কেমন করে, সেটা দেখার অপেক্ষায় আমরা। তবে একটা দলের সফলতা শুধু ভালো দল গড়ার ওপরই নির্ভর করে না, ভালো ব্যবস্থাপনাও দরকার। সেটি শেখ জামাল কতটা করতে পারে, সেটিই দেখার। তবে এখন পর্যন্ত যা দেখছি, তাতে শেখ জামালের সংযুক্তি ঘরোয়া ফুটবল নিয়ে সবার মাঝে একটা আগ্রহ নিয়ে এসেছে।’আগ্রহটা বরাবরের মতো আবাহনী-মোহামেডানকে নিয়েও আছে। আবাহনী ক্ষতিগ্রস্ত হলেও ভালো ব্যবস্থাপনা এবং বিদেশি ফুটবলার দিয়ে পুষিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। দেশের প্রথম সারির কয়েকজন খেলোয়াড়ও আছে পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের। মোহামেডান এবার অখ্যাত খেলোয়াড়দের দল ঠিকই, তবে সাদা-কালো জার্সি গায়ে দিলে অখ্যাত খেলোয়াড় বিখ্যাত হয়ে যেতে পারেন বলে মোহামেডান-সংশ্লিষ্টদের বিশ্বাস। সব মিলিয়ে নতুন মৌসুমটা গতবারের চেয়ে কিছুটা হলে বদলের ডাক দিচ্ছে। বদলের ডাক—কথাটাকে একটু বাড়াবাড়ি মনে হতে পারে। তবে পেশাদার লিগের জরাজীর্ণ ছবিটা বদলানোর ইঙ্গিত একটু হলেও আছে এবার। নতুন মৌসুমে চলছে টাকার ছড়াছড়ি। আমিনুল, এমিলিরা প্রায় ২০ লাখ টাকা করে পেয়েছেন (আমিনুল আরও বেশি পেয়েছেন বলে অনেকের অনুমান)। গতবারের দু-একজন বাদে বাকি সব খেলোয়াড় দল ত্যাগের পর মোহামেডান এখন বড় খেলোয়াড় কিনতে মরিয়া, তা যত টাকাই খরচ হোক। বড় খেলোয়াড়দের প্রায় সবাই শেখ জামালে চলে যাওয়ায় আবাহনী-মোহামেডানে মধ্যম সারির খেলোয়াড়দের চাহিদা বেড়েছে অনেক। মোহামেডান কোচ শফিকুল ইসলাম (মানিক) এটাকে ফুটবলের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন, ‘মধ্যম সারির খেলোয়াড়েরা সামনে আসার সুযোগ পাচ্ছে এবার। শেখ জামাল আসায় ৪-৫টা দল লিগ লড়াইয়ে থাকতে পারে, যা ফুটবলের জন্য ভালো ফল আনবে আশা করি।’ কাল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ইফতার পার্টিতেও নকীব, জয়, ইকবালরা একই প্রত্যাশা রাখলেন।নতুন দল আসা কিংবা প্রতিদ্বন্দ্বিতা বাড়াই একটা সফল ঘরোয়া মৌসুমের মানদণ্ড হতে পারে না। তারকার অভাব, এন্তার পাতানো খেলা, ঢাকার বাইরে বাজে মাঠ, অব্যবস্থাপনা, লিগে লম্বা লম্বা বিরতি, আপাদমস্তক অপেশাদার মানসিকতা, প্রচারণা নিয়ে উদাসীনতা—গত মৌসুমে পেশাদার লিগ আকর্ষণ সৃষ্টি করতে পারেনি এসব কারণে।মাঠে দর্শক টেনে আনার মতো তারকার অভাব সহজে পূরণ হওয়ার নয়। তবে এবার ‘তারকা’ হয়ে উঠতে পারেন বিদেশি কোচরা। শেখ জামাল ও আবাহনী বিদেশি কোচ আনছে। আরও দু-একটি দল বিদেশি কোচ আনতে পারে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা মনে করেন, ‘অনেক সমস্যা থাকলেও বিদেশি কোচ আসা লিগের একটা খুবই ভালো দিক।’পাতানো খেলাসহ লিগ আকর্ষণীয় করতে প্রতিবন্ধকতাগুলো দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘এবার লিগ আকর্ষণীয় করতে প্রয়োজনীয় সব করব। আমার নেতৃত্বে পাতানো খেলা প্রতিরোধ কমিটি করব। প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনব। পুলিশি তদন্তের জন্য দরকার হলে টাকা খরচ করব। পাতানো খেলা বন্ধে দলগুলোকে নিয়ে সেমিনার এবং ভালোভাবে ম্যাচ ভিডিও করা হবে এবার। লিগে অহেতুক বিরতি নয়। ভালো মাঠের ব্যবস্থা করব, বিজ্ঞাপনী সংস্থা দিয়ে প্রচারণা চালানোর পাশাপাশি পেশাদার লিগ নিয়ে মাসে দুটি টিভি অনুষ্ঠান করবে ফেডারেশন।’