‘আক্রমণাত্মক হয়ে সব সময় জেতা যায় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চল্লিশে পা দেবেন এ মাসেই। বয়স, ব্যাটিং আর অধিনায়কত্বের ধরনের কারণে তাঁর সমালোচকের অভাব নেই। তবে ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে মিসবাহ-উল-হক জানিয়ে দিলেন, অবসরভাবনা নেই এখনো। জবাব দিলেন সব সমালোচনারও  বয়স ৪০ হতে চলল, একজন ক্রিকেটার হিসেবে একে কীভাবে দেখেন?মিসবাহ-উল-হক: আমার ক্যারিয়ারটাই ব্যতিক্রমী। প্রথম শ্রেণী ও আন্তর্জাতিক ক্রিকেটে আমার অভিষেক হয়েছে অনেক দেরিতে। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের পুনর্জন্মটাকেও ব্যতিক্রম বলতে হবে, কারণ ওই বয়সে (৩৩ বছর) জাতীয় দলে ফেরা কঠিন। বয়সটাকে তাই আমি বাধা হিসেবে দেখি না। বরং সহ্যক্ষমতা ও পারফরম্যান্স বিবেচনায় আমি কতটা ফিট, সেদিকে খেয়াল রাখা উচিত। আমার শরীর ও মন আমাকে পুরোপুরি সমর্থন দিচ্ছে, এ জন্যই চালিয়ে যাচ্ছি।  পাকিস্তান দলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার একটা বড় কৃতিত্ব দেওয়া হয় আপনাকে। স্পট ফিক্সিং কেলেঙ্কারির সেই ঝড় কীভাবে সামলেছিলেন?মিসবাহ: দায়িত্বটা সত্যিই বিশাল ছিল। পাকিস্তান ক্রিকেটের জন্য সময়টা ছিল কঠিন। তবে পুরো কৃতিত্ব আমাকে দেওয়া ঠিক নয়। বোর্ড, কোচিং স্টাফ, নতুন আসা ক্রিকেটাররা—সবাই নিজের দায়িত্ব পালন করেছে। নতুন ও অনভিজ্ঞ একটা দলকে একদম শুরু থেকে গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। সবাইকে ভুল প্রমাণ করা ও বিশ্বাসযোগ্যতা অর্জনের তীব্র ইচ্ছাটাই ছিল অনুপ্রেরণার মূল শক্তি। সবাই নতুনভাবে শুরু করে সামনে এগিয়ে যেতে বদ্ধপরিকর ছিল। অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ছিল আস্থা অর্জন করা। ছেলেরা শুধু আমাকে বিশ্বাসই করেনি, সবাই ঐক্যবদ্ধ হয়ে খেলেছে। নেতৃত্বই কি ক্রিকেটার হিসেবে আপনাকে রক্ষণাত্মক করে তুলেছে?মিসবাহ: ২০০৭ সালে দলে আমার ভূমিকা ছিল ভিন্ন। মিডল-অর্ডারে মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খান ছিল, সিঙ্গেল নিয়ে স্ট্রাইক পরিবর্তন করা ও উইকেটে দীর্ঘ সময় থাকার দায়িত্ব ছিল তাদের। ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে আমি খেলতাম আক্রমণাত্মক। কিন্তু ইউসুফ বাইরে চলে যাওয়ার পর বড় একটা শূন্যতা পূরণের প্রয়োজন পড়ে, দায়িত্বটা বর্তায় আমার ওপর। স্পট ফিক্সিং কেলেঙ্কারির পরে নেতৃত্ব পাওয়ার পর আমাকে দায়িত্ব দেওয়া হয় শেষ পর্যন্ত উইকেটে থাকার। এ কারণেই শট খেলা কমিয়ে দিই, নিজের শক্তির জায়গাটা ব্যবহার করিনি। তবে এখন ব্যাটিংয়ের ধরন নিয়ে আবার ভেবেছি এবং ঠিক করেছি সহজাত খেলায় ফিরব।  ব্যাটিংয়ের ধরনের কারণে লোকের অনেক সমালোচনা সহ্য করতে হয় আপনাকে। এত কাটাছেঁড়ায় কি এক ধরনের নিরাপত্তার অভাব কাজ করে মনে?মিসবাহ: আমি বুঝি, পাকিস্তানে ক্রিকেট তারকাদের নিয়ে লোকে অনেক বেশি ভাবে। ইদানীং তো ক্রিকেট বুঝুক আর না বুঝুক, সবাই ক্রিকেট নিয়ে আলোচনা করে, ক্রিকেটারদের নিয়ে গবেষণা করে। জাতীয় ক্রিকেটার হিসেবে আমরা এটার সঙ্গে মানিয়ে নিতে শিখেছি। সমালোচনাকে আমি গুরুত্ব দিই, সঙ্গে এটাও খুঁজে দেখি, এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য আছে কিনা। যদি যৌক্তিক ও ন্যায্য প্রশ্ন থাকে, অবশ্যই আমি বিবেচনা করি ও মাঠে কাজে লাগানোর চেষ্টা করি।  কিছু সমালোচনাকে যৌক্তিক মনে হয়েছিল বলেই কি টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন?মিসবাহ: সরল একটা কারণেই আমি সরে দাঁড়িয়েছি, চেয়েছি নতুন একজনকে সুযোগ করে দিতে। টি-টোয়েন্টি এমন একটা সংস্করণ যেখানে তরুণদের খুব সহজেই বাজিয়ে দেখা যায়। কারও মাঝে সম্ভাবনা দেখা গেলে টি-টোয়েন্টিতে বাজিয়ে দেখা যায়। এরপর টেস্ট বা ওয়ানডেতে নেওয়ার সিদ্ধান্ত সহজ হয়ে যায়। আপনার কি মনে হয়, লোকে আপনাকে ক্যারিশম্যাটিক একজন হিসেবে দেখত চায়? শহীদ আফ্রিদির মতো...মিসবাহ: সব খেলোয়াড়ের আলাদা ধরন আছে। ১১ জনের দলে সবার নিজস্ব ভূমিকা আছে। সবাই তো আর ১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবে না। আফ্রিদির যেমন নিজের শক্তির জায়গা আছে, তেমনি নেতিবাচক দিকও আছে। সব খেলোয়াড়ের ক্ষেত্রেই এটা সত্যি, আমারও। নিজের খেলা বোঝাটা জরুরি। নিজের দায়িত্বের সীমা ছাড়িয়ে গেলে আখেরে তা নিজের বা দলের জন্য ভালো কিছু করা হয় না। আক্রমণাত্মক হয়ে সব সময় জেতা যায় না। একটা ভাবমূর্তি গড়ে উঠেছে যে আপনি রক্ষণাত্মক অধিনায়ক...মিসবাহ: সমন্বয় করাটা খুব জরুরি। দলের প্রয়োজন বোঝার মতো বোধসম্পন্ন হতে হবে। অযথা আগ্রাসন দেখানোর মানে হয় না। পরিস্থিতি যা দাবি করে, সেটাই করতে হয়। দিন শেষে ফলাফলটাই মুখ্য। অধিনায়ক হিসেবে আপনার উত্তরসূরি মনে করেন কাকে?মিসবাহ: এ মুহূর্তে আমার মনে হয় কেউ প্রস্তুত নয়। পাকিস্তানকে নেতৃত্ব দিতে অভিজ্ঞতার প্রয়োজন। কোনো একজনকে দায়িত্ব দেওয়ার আগে তার মাঝে নেতৃত্বগুণ গড়ে তোলা প্রয়োজন। মোহাম্মদ হাফিজের জোর সম্ভাবনা আছে, কারণ ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে ওর। অধিনায়ক হিসেবে আসিফ-আমির-বাটের অভাব অনুভব করেন না? মিসবাহ: ওদের হারানো বড় একটা আঘাত। আমির আর আসিফ দাপটে খেলছিল, আরও পরিণত হয়ে উঠছিল সালমান বাট। এ ধরনের ক্রিকেটারদের জায়গা পূরণ করতে সময় লাগে। কিন্তু যাদের পাচ্ছি, ওদের ওপরই আমাদের আস্থা রাখতে হবে এবং ওরা নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে, এই ভরসায় ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। হতাশার এই সময়টায় যারা মাথা তুলে দাঁড়িয়েছে, ওদের প্রাপ্য কৃতিত্ব দেওয়া উচিত।  একটা ধারণা প্রচলিত, আপনি ব্যক্তিত্বের সংঘাত এড়িয়ে চলেন। অধিনায়ক হিসেবে সাফল্যের কারণ কি এটাই?মিসবাহ: আমি সব সময়ই সংঘাত এড়িয়ে চলার চেষ্টা করেছি। স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর প্রয়োজন ছিল দলে স্থিতিশীলতা ও বিরোধ এড়িয়ে চলা। অবশ্যই সব ক্রিকেটারের মানসিকতা আলাদা, অধিনায়ককে সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়।  আর কত দিন খেলতে চান?মিসবাহ: চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি। নিজের ফিটনেস, ফর্ম, বিশেষ করে খেলার প্রতি আবেগটা নিয়ে আমি এখনো খুশি। মনের চাহিদায় সায় দিচ্ছে শরীরও। সারা জীবন তো আর দলে থাকতে পারব না। তবে দূর ভবিষ্যৎ নিয়ে এখনো ভাবিনি। যখন মনে হবে ক্রিকেটে আগ্রহ হারিয়ে ফেলছি, তখনই সরে দাঁড়াব।