‘আগে কাজ, পরে জবাবদিহি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা কাল আবারও বললেন আকরাম খান। দল নির্বাচনে কারও চাপের কাছে নতি স্বীকার করেনি তাঁর নির্বাচক কমিটি। টেকনিক্যাল কমিটির কোনো সদস্যও তাঁদের কাজে হস্তক্ষেপ করেননি। তবে বর্তমান নির্বাচন-প্রক্রিয়ায় টেকনিক্যাল কমিটির ভূমিকা যে বিতর্কের সুযোগ করে দিচ্ছে, সেটা ভালোই বুঝতে পারছেন। প্রধান নির্বাচক তাই দাবি তুলেছেন, দল নির্বাচন-প্রক্রিয়ায় টেকনিক্যাল কমিটির ভূমিকা পরিবর্তনের।বর্তমানে দল নির্বাচনের আগেই টেকনিক্যাল কমিটির কাছে নিজেদের চিন্তাভাবনা ব্যাখ্যা করতে হয় নির্বাচক কমিটিকে। নতুন নির্বাচকদের চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন না হলেও চুক্তিপত্রে এ রকমই শর্ত দেওয়া আছে। প্রথম দল দিতে গিয়েই বিতর্কের মধ্যে পড়ার পর আকরামের উপলব্ধি, ‘টেকনিক্যাল কমিটি আমাদের সঙ্গে আলোচনাটা দল নির্বাচন দেখার পর করলে ভালো হয়। নইলে পরিস্থিতি খারাপের দিকে চলে যায়। আমরা চাপে পড়ে যাচ্ছি, বিতর্কে পড়ে যাচ্ছি। ওটা (দল দেওয়ার আগে টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা) না হলে এখনকার বিতর্কটা হতো না।’রফিকুল আলমের গত নির্বাচক কমিটিরও সদস্য আকরাম এত দিনে স্বীকার করেছেন, ওই সময় দল নির্বাচনে কখনো কখনো বোর্ড বা টেকনিক্যাল কমিটির হস্তক্ষেপ ছিল। যদিও কথাটা বলেছেন একটু অন্যভাবে, ‘শেষ দিকে দু-একবার ছাড়া ওভাবে কোনো প্রভাব বিস্তার করা হয়নি।’ অতীত এবং বর্তমান অভিজ্ঞতা থেকে দাবি তুলেছেন, ‘জবাবদিহিটা যদি দল নির্বাচনের পরে থাকত, তাহলে অনেক সুবিধা হতো। একজন খেলোয়াড়কে আমরা কেন নিচ্ছি, সেটা টেকনিক্যাল কমিটির কাছে ব্যাখ্যা করতে হচ্ছে। অথচ খেলোয়াড়েরা পারফর্ম করতে না পারলে চাপ আমাদের ওপর এমনিই আসে।’ এই রীতি পরিবর্তনের জন্য সরাসরি বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবেন বলেও জানালেন, ‘গত দেড়-দুই মাসে ওনার (বিসিবি সভাপতি) কাছ থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। এই বিষয়টাও ওনার সঙ্গে আলাপ করব। আমি নিশ্চিত, তাঁকে বিষয়টা বোঝাতে পারব।’নির্বাচকদের কাছ থেকে পরশু রাতেই জিম্বাবুয়ে সিরিজের দল হাতে পেয়েছেন বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল। কাল দিনভর সম্ভাবনা জেগে থাকল সেই দল ঘোষণা হওয়ার, কিন্তু হলো না। রাতে টেলিফোনে সভাপতি প্রথম আলোকে জানিয়েছেন, ‘সিলেটে কাল (আজ) বোর্ড সভার পরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল জানানো হবে।’আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে দল নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আকরাম খান। যদিও তাঁর কথায় স্পষ্ট, প্রথম আলোয় কাল ছাপা হওয়া দলটাই তাঁরা জমা দিয়েছেন বোর্ডে, ‘দল দেখে নির্বাচক হিসেবে আমি অবাক হয়েছি। এ রকম হওয়া উচিত না। বাংলাদেশে পেপার তো একটা না, বাংলাদেশে আরও অনেক পেপার আছে। আমার কাছে সব পেপারই সমান। কেউ বঞ্চিত হোক আর কেউ লাভবান হোক সেটা আমরা চাই না।’ প্রথম দল ঘোষণা করতে গিয়েই এই ঘটনায় নির্বাচক কমিটি ভীষণই বিব্রত বলে জানালেন তিনি, ‘আমাদের খারাপ লাগছে। আমরা কেউই আমাদের ক্যারিয়ারে এ ধরনের কিছু করিনি। করবও না ইনশাআল্লাহ।’আকরাম দাবি করলেন, বোর্ড সভাপতির কাছে জমা দেওয়া দলটা নির্বাচকদেরই দল। বাইরের কোনো প্রভাব তাতে ছিল না, ‘অভিযোগটা এক শ ভাগ ভুল। যদি কোনো বোর্ড পরিচালকও এটা বলে থাকেন, খুশি হব উনি যদি সামনাসামনি সেটা বলেন।’