'আগে ক্রিকেট বুঝতাম না '

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

l আট বছরের প্রেম এখন চূড়ান্ত পরিণতির অপেক্ষায়। কেমন লাগছে?

আয়েশা সিদ্দিকা: এক্সাইটেড, নার্ভাস সবকিছু মিলিয়েই একটা অনুভূতি আসলে। চিন্তাও করিনি, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে। আট বছর কীভাবে কেটে গেল, মনে হচ্ছে এই সেদিনই তো সম্পর্কটার শুরু!

l আপনি নাকি ক্রিকেট খুব একটা পছন্দ করেন না বা তেমন খোঁজখবরও রাখেন না...

আয়েশা: আগে তো বুঝতাম না। যখন ওর কথা প্রথম শুনলাম, আমি চিনতেও পারিনি কার কথা বলছে। ওর ভাইয়ার (নাফিস ইকবাল) নাম শুনেছি. কিন্তু ক্রিকেট আসলেই বুঝতাম না। ওর সঙ্গে পরিচয়ের তিন-চার বছর পর ক্রিকেট বোঝা শুরু করি। এখন মোটামুটি বুঝি, পছন্দও করি। বলতে পারেন, খুবই পছন্দ করি।

l তামিম তো খুব ভালো ব্যাটসম্যান। কেমন লাগে তাঁর ব্যাটিং?

আয়েশা: আমার মনে হয় অনেক ভালো, অনেক দূর যাবে ইনশাল্লাহ। ওর ওপর আমার আস্থা আছে। অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে তামিমের।

l আপনার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে অনেক কষ্ট করতে হয়েছে তামিমকে। লুকিয়ে দেখা-সাক্ষাৎ করতে গিয়ে নাকি মাঝেমধ্যে কিছু ঝুঁকিও নিতেন...

আয়েশা: মাঝেমধ্যে! ও অনেক কষ্ট করেছে। এটা অবিশ্বাস্য। পরিচিত মহলে আমি অনেককেই চিনি, যাঁদের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু তামিম ব্যতিক্রম। সম্পর্ক ধরে রাখার জন্য একটা ছেলে হিসেবে সে অনেক কিছু করেছে। সত্যি বলতে কি, ও এমন না হলে এত দূর হয়তো আসতেও পারতাম না। নিজে ধৈর্য ধরেছে, আমাকে বুঝিয়েছে। এ কারণেই আমরা এত দিন ধরে সম্পর্কটা ধরে রাখতে পেরেছি।

l তামিম একবার বলেছিলেন, তাঁর প্রিয় বাহন নাকি মালয়েশিয়ান এয়ারলাইনস। মালয়েশিয়ায় প্রায়ই আপনার সঙ্গে দেখা করতে গিয়েও অনেক ঝুঁকি নিতেন তামিম। দু-একবার তো সময়মতো অনুশীলনেও যোগ দেওয়া হয়নি। আপনি কিছু বলতেন না?

আয়েশা: আমার সঙ্গে দেখা করতে মালয়েশিয়ায় আসাটা যে কখনো খেলার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, ও এটা আমাকে বুঝতে দেয়নি। আমি একটু কান্না করে বা আবেগাপ্লুত হয়ে যদি বলতাম, ‘আসবা না...?’, ও চলে আসত (হাসি)। সমস্যার কথা ও কখনোই বুঝতে দেয় না আমাকে। আমার যেটা পছন্দ, যেটা ভালো লাগে, ও সেভাবেই মানিয়ে চলে।