
চার ফেডারেশনের ২৬ জন খেলোয়াড়কে নিয়ে ঢাকা সেনানিবাসে কাল শুরু হয়েছে নিবিড় অনুশীলন। এশিয়ান ও কমনওয়েলথ গেমসের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন পরিচালিত দীর্ঘমেয়াদি এই ক্যাম্পে সুযোগ পেয়েছেন তিরন্দাজ ইমদাদুল হক মিলন। ক্যাম্পের পরিবেশ, সুযোগ-সুবিধা ও অনুশীলনের মান নিয়ে খুশি আনসারের তিরন্দাজ
বিওএর ট্রেনিং ক্যাম্পে রিপোর্ট তো করেছেন?
ইমদাদুল হক মিলন: হ্যাঁ। আজ (গতকাল) সকাল নয়টায় রিপোর্ট করেছি। কাল থেকে শুরু হবে আমাদের মূল অনুশীলন। এমন অনুশীলন আগেও করেছি। বিকেএসপিতে আমি এর আগে দীর্ঘ মেয়াদে অনুশীলন ক্যাম্পে থেকেছি। মনে হচ্ছে আগের তুলনায় এই ক্যাম্পটা ভালোই হবে।
কেন মনে হচ্ছে ভালো হবে?
ইমদাদুল: এর আগে এমন পরিবেশে অনুশীলনের সুযোগ পাইনি। বিকেএসপিতে খাওয়া-দাওয়া হয়তো ঠিক ছিল। কিন্তু এমন নিবিড় অনুশীলনের সুযোগ তেমন ছিল না।
আপনাদের আবাসনব্যবস্থা করা হয়েছে কোথায়?
ইমদাদুল: আর্মি স্টেডিয়ামের গ্যালারির নিচে একটা কক্ষে ছেলেরা থাকছি।
এক কক্ষে কীভাবে থাকছেন!
ইমদাদুল: কক্ষ একটা হলেও অনেক বড়। এর মধ্যে পার্টিকেলের বোর্ড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। করপোরেট অফিসগুলোয় যেমনভাবে সাজানো হয়, সেভাবে সুন্দর করে সাজানো হয়েছে। ফ্যান আছে, এসি দেওয়া আছে। প্রত্যেকের একটা করে আলমারি। পরিবেশ দেখে খুব খুশি লাগছে। এখন মনে হচ্ছে আমরা সত্যিকারের জাতীয় দলের খেলোয়াড়ের মর্যাদা পাচ্ছি।
কত ঘণ্টা ট্রেনিং হবে প্রতিদিন। একঘেয়েমি কাটানোর কোনো ব্যবস্থা থাকছে?
ইমদাদুল: কোচরাই ঠিক করে দেবেন কীভাবে, কখন, কত সময় ট্রেনিং হবে। আর বিনোদনেরও ব্যবস্থা করা হয়েছে, একটা টিভি রুম আছে। এ ছাড়া সপ্তাহে বা মাসে একবার করে বেড়াতে নিয়ে যাওয়া হবে।
কমনওয়েলথ গেমসে তো আর্চারি নেই। এটা তো আপনার জন্য ভালো হলো না।
ইমদাদুল: কমনওয়েলথ গেমসে আর্চারি নেই শুনে খারাপ লেগেছে। আমি এশিয়ান গেমসের জন্যই অনুশীলন করব। তবে এই সময়ের মধ্যে বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা নিশ্চিত করতে হবে। তাহলে মানসিক ও শারীরিকভাবে এগিয়ে যাব।
আপনাদের জন্য মাসিক ভাতা দেবে বিওএ। এটাকে কীভাবে দেখছেন?
ইমদাদুল: নিঃসন্দেহে ভালো উদ্যোগ। শুধু আমার একার জন্য নয়, সব খেলোয়াড়ই উৎসাহিত হবে। আমরা যারা এখানে খেলতে আসি বেশির ভাগই গরিব ঘরের ছেলেমেয়ে। অনেকে স্বচ্ছন্দে চলতে পারে না। এই টাকাটা আমাদের অনেক কাজে দেবে। কোনো পিছুটান থাকবে না আমাদের। শুধুই ট্রেনিং নিয়ে ভাবব।
আপনি তো এখনো ছাত্র। আপনাদের মতো ছাত্ররা কি পরীক্ষার ব্যাপারে কোনো ছাড় পাবেন?
ইমদাদুল: হ্যাঁ। এখানে সেনাবাহিনীর নিয়মকানুন অনুসরণ করা হবে। যেহেতু ক্যান্টনমেন্টে থাকছি, তাদের ডিসিপ্লিন মেনে চলতে হবে। স্যাররা আমাদের বলেছেন, পরীক্ষার সময় ছুটি চাইলে সেই ব্যবস্থা করে দেবেন।
বাড়ি থেকে আসার সময় পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল?
ইমদাদুল: আসার সময় মা অনেক কান্নাকাটি করেছেন। আমিও কাঁদছিলাম। আসার আগে মাকে সালাম করে এসেছি। বলেছি চোখের জল ফেলো না মা, আমি পদক জয়ের জন্যই ক্যাম্পে যোগ দিচ্ছি।
এই অনুশীলনে শুধু চারটি ফেডারেশনের খেলোয়াড়েরা সুযোগ পেয়েছেন। বাদ দেওয়া হয়েছে অ্যাথলেটিকস-সাঁতারের মতো প্রধান দুটি খেলা।
ইমদাদুল: আমার মতে এখানে সবাইকে ডাকা উচিত ছিল। কারণ কার ভেতরে কী আছে কে বলতে পারে? কে বলতে পরে কখন কোন খেলোয়াড় সোনা জিতবেন? তাই সবাইকে এখানে একত্র করা উচিত ছিল। তাহলে ক্যাম্পটা আরও ভালো হতো।