ম্যাচকে ঘিরে উত্তেজনা যতই থাকুক, আজ মাঠের লড়াই যতই ছড়াক বারুদ, কাল সংবাদ সম্মেলনে দুই অধিনায়কের কণ্ঠে মোটেই ঝাঁজ খুঁজে পাওয়া গেল না। ‘জিতবই’ কথাটি জোর দিয়ে বলতে পারেননি কেউ। প্রথাগত কথার সেই সংবাদ সম্মেলনের চুম্বক অংশ তুলে দেওয়া হলো এখানে—

মাঠের বাইরে ধোনিকে ঘিরে যা কিছু হচ্ছে—
মহেন্দ্র সিং ধোনি: (দুপাশে তাকিয়ে) কোথায়? কী হচ্ছে আমাকে ঘিরে! (হাসি)! আসলে ভারতীয় দলের অংশ হওয়া মানেই চারপাশে অনেক কিছু হতে থাকে। সেটা দল ভালো করুক কিংবা না করুক। বাইরের আলোচনা ভারতীয় ক্রিকেটে সব সময়ই চলে। এসব সামলেই মাঠের ক্রিকেটে মন দিতে হয়। আমাদের সব ক্রিকেটারই এসবে অভ্যস্ত।
এশিয়া কাপে আফ্রিদির সেই দুই ছক্কা—
ধোনি: আমি সেদিন বাড়িতে বসে টিভিতে খেলা দেখেছি। সত্যি বলতে, শেষ ছয়টি আমি ভেবেছিলাম ফিল্ডারের হাতে যাবে। কিন্তু ছক্কা হয়ে গেল। দারুণ রোমাঞ্চকর একটা ম্যাচ ছিল।
এই ম্যাচে ওই ম্যাচের প্রভাব থাকবে কি না—
ধোনি: নো...(হাসি)।
বিশ্বকাপে পাকিস্তানের কাছে কখনো না হারা—
ধোনি: লোকে এ কথা অনেক বলে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো, নির্দিষ্ট দিনটিতে কোন দল কেমন খেলছে। আগের রেকর্ড আমাকে ম্যাচ জেতাবে না। শুধু পাকিস্তান নয়, এই টুর্নামেন্টে প্রতিটি দলই দুর্দান্ত। আর এই সংস্করণে ‘সবচেয়ে ভালো’ আর ‘খুব ভালো না’ দলের ব্যবধানও খুব কম। যেকোনো দল যে কাউকে হারাতে পারে।
ভারতের বিপক্ষে সব সময়ই দুর্দান্ত গুল
ধোনি: গুল অনেক দিন ধরেই পাকিস্তানের জন্য দারুণ এক বোলার। ২০০৭ বিশ্বকাপের কথা মনে আছে আমার, গুল ১১-১২ ওভার থেকে বোলিং শুরু করত, টানা শেষ পর্যন্ত করত। অনেক দিন ধরেই ধারাবাহিক পারফর্ম করে আসছে। তবে শুধু গুলই নয়, ওদের আরও বেশ কজন বিপজ্জনক বোলার আছে। ব্যাটিং লাইনআপেও আছে দারুণ সব স্ট্রোকমেকার। তাই শুধু একজনকে নিয়ে নয়, পুরো দলকে নিয়েই পরিকল্পনা সাজাব আমরা।
প্রস্তুতি ম্যাচের পর দলে ভাবনার জায়গা—
ধোনি: বোলিংটা নিয়ে এখনো খানিকটা ভাবনা আছে। ব্যাটিংয়েও শুরুটা ভালো হচ্ছে না। শুরুতে হাতে উইকেট রাখলে পরে ওভারপ্রতি ১০-১৫ করে করা যায়। ফিল্ডিং ভালোই হচ্ছে। সব মিলিয়ে যদি শেষের ওভারগুলোয় বোলিংটা ভালো করতে পারি আর ব্যাটিংয়ে উইকেট হাতে রাখতে পারি, আমাদের খুব ভালো সম্ভাবনা থাকবে।
ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা কমেছে কি না—
ধোনি: ভারত-পাকিস্তান ম্যাচে দু দলই সব সময় রোমাঞ্চিত থাকে। তবে ঝাঁজ আগের তুলনায় খানিকটা কমেছে, সেটার কারণ যা-ই হোক। তবে প্রতিদ্বন্দ্বিতা এখনো আছে।
অলরাউন্ডারে ভরপুর পাকিস্তান দল—
ধোনি: কোনো দলে যত বেশি অলরাউন্ডার, প্রতিপক্ষের জন্য ততই কঠিন। দেখা যায় যে ব্যাটিং গভীরতা অনেক, বোলারও পাঁচজনের বেশি। বাড়তি সুবিধা তো তারা পাবেই।
আজমল-বাধা—
ধোনি: সাঈদ আজমল দুর্দান্ত বোলার। শুধু আমাদের বিপক্ষে নয়, সবার বিপক্ষেই সে ভয়ংকর। ওর বিপক্ষে রান করা কঠিন। আর পাকিস্তান ওকে ব্যবহারও করে খুব চতুরভাবে। শুরুতে হয়তো একটি ওভার করিয়ে নেয়, পরে শেষের দিকে যখন আনে, ওকে মারতে গেলেই উইকেট হারাতে হয়। ওকে সামলানো গুরুত্বপূর্ণ হবে সন্দেহ নেই।