‘আত্মতুষ্টির অবকাশ নেই’
মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান বেন হিলফেনহস আউট হওয়ার পরপরই আনন্দে নেচে উঠেছিল ইংলিশ খেলোয়াড়েরা। অ্যাশেজ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ড নিজেদের কাছে ‘অ্যাশেজ’ রেখে দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। দীর্ঘ ২৪ বছর পর হোম সিরিজে জেতা অ্যাশেজ অ্যাওয়ে সিরিজেও রেখে দিতে পারল ইংলিশরা। এর পাশাপাশি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেও প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়াকে হারাতে পারল তারা। সময় তো এখন ইংল্যান্ডেরই। আনন্দের সাগরে অবগাহনেও তো কোনো বাধা থাকার কথা নয়। তবে, এত সাফল্যের পরেও পা মাটিতেই রাখছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। ইংলিশ ক্রিকেটের এ নতুন অধ্যায়ে দাঁড়িয়ে আত্মতুষ্টির কোনো অবকাশ নেই বলে জানিয়েছেন এ সাবেক জিম্বাবুইয়ান টেস্ট ক্রিকেটার।বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘গতকাল দুপুরে আমাদের ড্রেসিং রুমের পরিবেশটা সত্যিই ছিল আনন্দময়। সময়টা ছিল সত্যিই উৎসবে মেতে ওঠার। চমৎকার খেলেই আমরা মেলবোর্ন টেস্টে জিতেছি। বিজয়টা উদযাপন করেছি খুব ভালোভাবেই। কিন্তু এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। তবে, আত্মতুষ্টির সুযোগ আসলেই খুব সীমিত।’আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের অবস্থান তৃতীয় স্থানে। আর অ্যান্ডি ফ্লাওয়ার জানিয়েছেন, টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত তিনি কিছুতেই সন্তুষ্ট হবেন না। তিনি বলেছেন, ‘র্যাঙ্কিংয়ে আমাদের আরও ওপরে উঠতে হবে। আমি এটা আগেও বলেছি। এখন আমরা আছি তিন নম্বরে। সুতরাং আমাদের সামনে ওই লক্ষ্যটাই থাকা উচিত।’মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়াকে মাত্র ৯৮ রানেই গুটিয়ে দিয়ে জয়ের ভিত্তিটা গড়ে দেওয়ার জন্য বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন ফ্লাওয়ার। এই সিরিজে এখন পর্যন্ত পেসারদেরই আধিপত্য ছিল। কিন্তু তার মধ্যেও অফ স্পিনার গ্রায়েম সওয়ান যেভাবে বল করেছেন, তাতে মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেছেন, ‘সওয়ান তেমন একটা উইকেট পায়নি, এটা ঠিক। কিন্তু সে যেভাবে ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করেছে, সেটা এককথায় অসাধারণ।’ রয়টার্স।